কুমিল্লার মুরাদনগরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাকিব হাসান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ধর্মমন্ত্রী ও কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের অংশ নেওয়ার কথা থাকলেও রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে অবস্থান করায় তিনি উপস্থিত থাকতে পারেননি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান, বাঙ্গরা বাজার থানার উপপরিদর্শক (এসআই) রবিউল, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান এবং মুরাদনগর শিক্ষক সমিতির সভাপতি জামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও নজরুল ইসলাম, বিএনপি নেতা ওমর ফারুক সোহাগ ও আলাউদ্দিন, যুবদল নেতা মাসুম মুন্সিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

