লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা বাংলাদেশে দূতাবাস খোলার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। অন্যদিকে আর্জেন্টিনাতেও দূতাবাস খোলার চিন্তাভাবনা করছে ঢাকা। বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু করতে আজ সোমবার সকালে দুই দিনের সফরে ঢাকায় আসার কথা রয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। সফর শেষে তিনি আগামী এক মার্চ সকালে ঢাকা ছেড়ে যাবেন। এর আগেই ঢাকায় দূতাবাস খোলার ঘোষণা দেবেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, ‘তিনি এখানে (আর্জেন্টিনা) মিশন খুললে, এটি হবে প্লাস পয়েন্ট। আমি ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম আর্জেন্টিনার বিশ^^কাপে জয়লাভের পরে। আমি বলেছিলাম আপনি আসেন এবং সঙ্গে মেসিকে নিয়ে আসেন। আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো। আমাদের পরিকল্পনা ছিল ওখানে একটি মিশন খুলব। আমরা মিশন খুলতে কয়েকটি বিষয় বিবেচনা করি। আর্থিক বিষয়, ওইখানে কেমন বাংলাদেশি আছে, রেমিট্যান্স প্রবাহ কেমন, তাদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা কতটা গুরুত্বপূর্ণ ইত্যাদি বিবেচনা করে আর্জেন্টিনায় দূতাবাস খোলা হবে।’
কূটনৈতিক সূত্রগুলো বলছে, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী এই সফরে দেশটির সঙ্গে কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তি, দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক এবং ফুটবল সংক্রান্ত বিষয়ে সমঝোতা স্মারক সই করা হবে। এ ছাড়া কৃষি খাতে সহযোগিতার সমঝোতা স্মারক এবং আর্জেন্টিনা থেকে সয়াবিন তেল আমদানি ইস্যুতে সমাঝোতা স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করবেন তিনি। এ ছাড়া ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ফুটবল ফেডারেশনের সঙ্গে সান্তিয়াগো ক্যাফিয়েরোর বৈঠক হওয়ার কথা রয়েছে।

