বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে কৃচ্ছ্রসাধনের চিত্র ফুটে উঠেছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) এডিপি বাস্তবায়ন হয়েছে মোট বরাদ্দের ২৮ দশমিক ১৬ শতাংশ। যেখানে করোনার ২০২০-২১ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছিল ২৮ দশমিক ৪৫ শতাংশ। এমনকি চলতি অর্থবছরের বাস্তবায়ন হার গত পাঁচ অর্থবছরের তুলনায় সবথেকে কম।
একই সঙ্গে শুধু জানুয়ারি মাসের বাস্তবায়নও গত অর্থবছরের তুলনায় শূন্য ১ দশমিক ৫২ শতাংশ কম হয়েছে। চলতি অর্থবছরের জানুয়ারি মাস পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। সোমবার চলতি অর্থবছরের জানুয়ারি মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করেছে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।
হালনাগাদ তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে বাস্তবায়ন হয়েছে মোট বরাদ্দের ২৮ দশমিক ১৬ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে বাস্তবায়ন হয়েছিল ৩০ দশমিক ২১ শতাংশ। ২০২০-২১ অর্থবছরে ২৮ দশমিক ৪৫ শতাংশ, ২০১৯-২০ অর্থবছরে ৩২ দশমিক শূন্য ৭ শতাংশ এবং ২০১৮-১৯ অর্থবছরে ৩৪ দশমিক ৪৩ শতাংশ বাস্তবায়ন হয়েছিল।
আইএমইডির প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের শুধু জানুয়ারি মাসে বাস্তবায়ন হয়েছে ৪ দশমিক ৬৩ শতাংশ। যা ২০২১-২২ অর্থবছরে একই সময়ে বাস্তবায়ন হয়েছিল ৬ দশমিক ১৫ শতাংশ।
আইএমইডির হালনাগাদ তথ্য থেকে জানা গেছে, জানুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগ প্রকল্প বাস্তবায়নে খরচ করেছে ৭২ হাজার ৯০ কোটি টাকা। আর শুধু জানুয়ারি মাসে খরচ হয়েছে ১ হাজার ৮৪১ কোটি ৪৬ লাখ টাকা। যা গত অর্থবছরের জানুয়ারি মাসে ছিল ১৪ হাজার ৫৭০ কোটি ৫০ লাখ টাকা।
এডিপি বাস্তবায়নে সবথেকে এগিয়ে আছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিভাগটি এখন পর্যন্ত বাস্তবায়ন করেছে সর্বোচ্চ ৮৯ দশমিক ৭৩ শতাংশ। এ ছাড়া সেতু বিভাগ ৪৬ দশমিক ৪৪ শতাংশ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ৪৫ দশমিক ০৩ শতাংশ, বিদ্যুৎ বিভাগ ৪৪ দশমিক ৪৭ শতাংশ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ৪৩ দশমিক ০৮ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে।
আইএমইডির হালনাগাদ তথ্যে দেখা যায়, বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের এডিপি বাস্তবায়নের হার সন্তোষজনক হলেও কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের এডিপি বাস্তবায়ন কচ্ছপ গতিতে চলছে। প্রথম সাত মাসে ১০ শতাংশও বাস্তবায়ন করতে পারেনি ৯টি মন্ত্রণালয় ও বিভাগ। এ সময়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শূন্য দশমিক ৯৮ শতাংশ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৩ দশমিক ১৫ শতাংশ। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় ৮ দশমিক ৯৮ শতাংশ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ৮ দশমিক ৪৮ শতাংশ, ভূমি মন্ত্রণালয় ৭ দশমিক ৭১ শতাংশ, সুরক্ষা সেবা বিভাগ ১০ দশমিক ৩০ শতাংশ এবং স্বাস্থ্যসেবা বিভাগ বাস্তবায়ন করেছে ১১ দশমিক ৭১ শতাংশ।
এদিকে অর্থবছরের সাত মাস পেরিয়ে গেলেও বরাদ্দের এক টাকাও খরচ করতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। চলতি অর্থবছরের এডিপিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাত প্রকল্পের জন্য বরাদ্দ রয়েছে ১০১ কোটি ৪১ লাখ টাকা। চার মাসে একটি প্রকল্পের কাজও শুরু করতে পারেনি মন্ত্রণালয়টি।
এডিপির হালনাগাদ তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছর মোট ১ হাজার ৪৯৬টি প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত আছে। এ প্রকল্পগুলোর জন্য বরাদ্দ আছে ২ লাখ ৫৬ হাজার ৩ কোটি টাকা। যা বরাদ্দের দিক থেকে গত পাঁচ অর্থবছরের তুলনায় সর্বোচ্চ।

