ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন ৪ লাখ ৩৫ হাজার ৩৫৪ জন প্রবাসী বাংলাদেশি। ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে এই বিপুলসংখ্যক প্রবাসী ভোটার প্রথমবারের মতো সরাসরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
বুধবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা গেছে—‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে প্রবাসী ভোটারদের ঠিকানায় পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৯৯ হাজার ৩২৮ জন ভোটার সরাসরি ব্যালট গ্রহণ করেছেন।
নিবন্ধনকারীদের মধ্যে এখন পর্যন্ত ৪ লাখ ৩৫ হাজার ৩৫৪ জন প্রবাসী ভোটার তাঁদের ভোট প্রদান সম্পন্ন করেছেন। ভোটারদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯টি ব্যালট। এর মধ্যে ইতোমধ্যে ২৯ হাজার ৭২৮টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।
প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী কয়েক দিনের মধ্যেই আরও বিপুলসংখ্যক ব্যালট ডাকযোগে দেশে পৌঁছাবে।
তারা আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছিলেন।
প্রবাসী ভোটারদের এই ব্যাপক অংশগ্রহণ বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক নতুন অধ্যায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে অবস্থান করেও দেশের ভবিষ্যৎ নির্ধারণে প্রবাসীদের সক্রিয় ভূমিকা এবারের নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই

