জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামছে। টানা সাত দিন, অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা নির্বাচনি দায়িত্ব পালন করবে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সেনাবাহিনী আগে থেকেই মাঠে রয়েছে। আজ থেকে তাদের সঙ্গে যোগ দিচ্ছে পুলিশ, বিজিবি, আনসারসহ অন্যান্য বাহিনী। একইসঙ্গে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্বে থাকবেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় সমন্বয় সেল সার্বক্ষণিক সক্রিয় থাকবে এবং ‘সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে।
নির্বাচন কমিশনারের দাবি, ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমানে নির্বাচনের পরিবেশ ভালো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জেলার রিটার্নিং কর্মকর্তারা ইতোমধ্যে ব্যালট বাক্স গ্রহণ করেছেন এবং ভোটের শেষ প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।
স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে রহমানেল মাছউদ বলেন, এবার কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হবে না। নির্বাচন সংশ্লিষ্ট প্রায় ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী ও সব বাহিনী একসঙ্গে এ লক্ষ্যে কাজ করছে।
এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে সরকার সন্তুষ্ট। তিনি বলেন, লক্ষ্য এখন শান্তিপূর্ণ ও নির্ভুলভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা, যাতে এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে।
আসন্ন নির্বাচনে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ও ভিডিপির সাড়ে ৫ লাখ, পুলিশের দেড় লাখ, সশস্ত্র বাহিনীর ১ লাখ এবং বিজিবির ৩৭ হাজারের বেশি সদস্য থাকবেন। ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ২৫ হাজার ৭০০ কেন্দ্রে থাকবে বডি-ওর্ন ক্যামেরা।
এবারের নির্বাচনে প্রায় ৪০০ জন বিদেশি ও ৫০ হাজার দেশীয় পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করবেন। বিদেশি সাংবাদিকরাও নির্বাচন কভার করবেন।
উল্লেখ্য, এবারের সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি। ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৯ জন প্রার্থী, যাদের মধ্যে আড়াই শতাধিক স্বতন্ত্র এবং বাকিরা ৫১টি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন।
মানবকণ্ঠ/আরআই

