পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে এসব হামলায় আহত হয়েছেন ৪৯০ জন।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির তাঁর প্রশ্নে পার্বত্য অঞ্চলে বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে সশস্ত্র গোষ্ঠীর হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার বিষয়ে সরকারের কাছে থাকা তথ্য জানতে চান। পাশাপাশি গত পাঁচ বছরে এ ধরনের ঘটনার সংখ্যা এবং হতাহত ব্যক্তিদের পরিসংখ্যান জানতে চান তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩০৮ জন বেসামরিক নাগরিক ও আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩৫ জন বেসামরিক নাগরিক এবং ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এ সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭টি সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, সশস্ত্র গোষ্ঠীগুলো গত পাঁচ বছরে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর ৮১ বার হামলা চালিয়েছে। এ ছাড়া ২৯৭টি অপহরণ, ৪৭১টি জোরপূর্বক চাঁদা আদায় এবং অবৈধ অস্ত্র ব্যবহারের ৩৭৭টি ঘটনা ঘটেছে।
পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাসী তৎপরতা দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা জোরদারের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করা হচ্ছে।
তিনি বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে অভিযুক্তদের আইনের আওতায় আনা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পার্বত্য অঞ্চলে বসবাসরত জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে। নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ ছাড়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করতে দুর্গম পাহাড়ি এলাকায় সমন্বিত বাহিনীর বিশেষ অভিযান চালানো হয়। প্রয়োজন অনুযায়ী বিমানবাহিনীর সহযোগিতা নিয়ে হেলিকপ্টারও ব্যবহার করা হয়ে থাকে বলে জানান তিনি।

