আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়ে আর ফিরে না আসা ব্যক্তিদের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বুধবার (১১ নভেম্বর) নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এদিন গুমের বিচার কার্যক্রমের অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
তদন্তের অগ্রগতি তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের প্রায় ২৫০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিটি পরিবারকে আলাদাভাবে বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তা যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
এ সময় মানবাধিকার সংগঠন মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, গুমের ঘটনাগুলোর বিচার সম্পন্ন করতে বর্তমানে দুটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। এ জন্য আরও ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন।
তিনি গুমের শিকার ব্যক্তিদের প্রকৃত ঘটনা উদঘাটন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা এবং ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে গত ২৫ আগস্ট সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে ভুক্তভোগী পরিবারের কয়েকজন সদস্য চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় গুমের অভিযোগগুলোর তদন্ত ও বিচার যেন কোনো ধরনের রাজনৈতিক বিবেচনায় পরিচালিত না হয়, সে বিষয়ে অনুরোধ জানিয়েছিলেন মায়ের ডাকের এই সমন্বয়ক।

