সাবেক অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের চলন্ত গাড়ির খোলা জানালা দিয়ে ফোন ছোঁ মেরে নিয়ে গেছে এক ছিনতাইকারী। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর ধানমন্ডি সংলগ্ন শুক্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
অধ্যাপক আসিফ নজরুল জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। যানজটের কারণে গাড়ি ধীরগতিতে চলায় এবং গরম লাগায় তিনি জানালার কাচ নামিয়ে ভেতরে বসে ফোনে খুদে বার্তা (মেসেজ) দেখছিলেন। গাড়িটি শুক্রাবাদের পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছে পৌঁছালে নীল রঙের টি-শার্ট পরিহিত এক তরুণ দ্রুত জানালা দিয়ে তার হাত থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তিনি গাড়ি থেকে নেমে ধাওয়া করার চেষ্টা করলেও ভিড়ের মধ্যে ছিনতাইকারী দ্রুত অদৃশ্য হয়ে যায়।
ঘটনার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন আসিফ নজরুল। পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের সতর্ক করে তিনি লেখেন, ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। এর মধ্যে তার নম্বর থেকে বা অন্য কোনোভাবে মেসেজ পাঠিয়ে কেউ যদি টাকা চায়, হুমকি দেয় বা সন্দেহজনক কিছু লেখে, তবে তা যেন এড়িয়ে যাওয়া হয়।
ঘটনার পরপরই বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল ফোনটি ট্র্যাক করে উদ্ধার করা এবং অভিযুক্ত ছিনতাইকারীকে গ্রেপ্তারে জোরালো তৎপরতা চালাচ্ছে। খুব দ্রুতই ফোনটি উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

