লাইসেন্সবিহীন ও অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন এবং সড়কের অব্যবস্থাপনা নিরসনের দাবিতে লক্ষ্মীপুরে আয়োজিত এক শান্তিপূর্ণ মানববন্ধনে বাধা প্রদান, স্বেচ্ছাসেবীদের হুমকি ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। জেলা শ্রমিকদলের নেতা পরিচয়ে ‘আক্তার হোসেন মেম্বার’ নামের এক ব্যক্তি এই বিশৃঙ্খলা সৃষ্টি করেন বলে জানিয়েছে আয়োজকরা।
লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘নিরাপদ সড়ক আন্দোলন’ (লক্ষ্মীপুর জেলা শাখা) এবং ‘Conscious Consumers Society’-এর যৌথ উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে আক্তার হোসেন মেম্বার সেখানে গিয়ে বাধা প্রদান করেন, অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের হুমকি দেন এবং উপস্থিত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘নিরাপদ সড়ক আন্দোলন’-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি আব্দুল্লাহ মেহেদি দীপ্ত ও সাধারণ সম্পাদক ইনজামুল হক বেশ কিছু দাবি ও বক্তব্য তুলে ধরেন:
সাংগঠনিক ও আইনি ব্যবস্থা: বাধা প্রদানকারী ব্যক্তি যে দল বা সংগঠনেরই হোন না কেন, তাঁর ব্যক্তিগত অপকর্মের দায় সংশ্লিষ্ট সংগঠন এড়িয়ে যেতে পারে না। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।
প্রশাসনের প্রতি আহ্বান: জনস্বার্থে আয়োজিত কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, নিরাপদ সড়কের দাবি কোনো অপরাধ নয়, এটি নাগরিকদের মৌলিক অধিকার। কোনো বাধা, ভয়ভীতি বা হুমকির মুখে এই আন্দোলন থামবে না।

