বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও ওপরের দিকে রয়েছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণে ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। এদিন শহরটির বায়ুর মানের স্কোর ১৫৮, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহর পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক ৩৪৪, যা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে।
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটির বায়ুমান স্কোর ২৮৪, যা ‘খুবই অস্বাস্থ্যকর’। ১৬৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর।
এ ছাড়া ১৬৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স এবং ১৬৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে চীনের বেইজিং।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক (একিউআই) শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর ধরা হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
বাংলাদেশে বায়ুমান নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। এগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।
পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের ২০১৯ সালের মার্চ মাসের এক প্রতিবেদনে বলা হয়, ঢাকার বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলাবালি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ে। এসব কারণে বিশ্বে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।
বিএইচ

