অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা এবং পাঠকের আগ্রহ ধরে রাখতে মানসম্মত সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, পোর্টালের সংবাদ ও কনটেন্টের মান ভালো না হলে পাঠক আগ্রহ নিয়ে সেখানে আসবে না, ফলে ভিউও বাড়বে না। তাই নিউজ পোর্টালের মান নিশ্চিত করতে দক্ষ ও যোগ্য সাংবাদিকদের সম্পৃক্ত করতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অনলাইন পোর্টালের বার্ষিক নবায়ন ফি বাতিলের প্রস্তাব প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এই ফি একটি টোকেন ফি, যা অতীতেও চালু ছিল। এর পরিমাণ পাঁচ হাজার টাকা, যা বড় কোনো অঙ্ক নয়। তবে এটিকে পাঁচ লাখ টাকা করার প্রস্তাবও কেউ কেউ দিয়েছেন বলে জানান তিনি।
ইয়াসের খান চৌধুরী বলেন, অনলাইন গণমাধ্যমের মালিকদের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব লিখিত আকারে দেওয়া হলে সেগুলো বিবেচনা করা সহজ হবে। এ বিষয়ে বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা চলছে। অনলাইন গণমাধ্যমের পাশাপাশি পর্যায়ক্রমে কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও বৈঠক করা হবে।
নীতিমালা প্রণয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বিএইচ

