খুলনার রূপসা উপজেলায় শেখ জাকির হোসেন (৪৩) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামের একটি দোকানে বসে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জাকির হোসেন রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের আবদুল জলিল শেখের ছেলে। তিনি টিএসবি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার ভাই আবু সাঈদ রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।
এদিকে জাকির হোসেনকে হত্যার সময় খুলনা সার্কিট হাউস মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা চলছিল। রাত ১০টা ৫০ মিনিটে শেষ হওয়া ওই সভায় চলমান সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত হয়।

