অপহরণের পর মোবাইল ফোনে টাকা দাবির অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সারোয়ার কবীর সোহাগকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২১ সালে দিনাজপুরের চিরিরবন্দর এলাকায় এক ব্যক্তির বাড়িতে গিয়ে তার স্ত্রী ও ছেলেকে তুলে নিয়ে আটকে রাখার চাঞ্চল্যকর ঘটনায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রংপুর জেলায় সিআইডির সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকাকালে সারোয়ার কবীর যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলের বাইরে দিনাজপুরে যান। এ সময় ছুটিতে থাকা এএসআই মো. হাসিনুর রহমান ও কনস্টেবল মো. আহসান-উল-ফারুককে সঙ্গে নিয়ে নিয়ম ও এখতিয়ারবহির্ভূতভাবে একটি অভিযোগ অনুসন্ধানের নামে অভিযান চালান।
২০২১ সালের ২৩ আগস্ট ঘটিত ওই ঘটনায় চিরিরবন্দর থানার লুৎফর রহমানের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার স্ত্রী জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। পরে ২৩ ও ২৪ আগস্ট দিনাজপুরের বিভিন্ন এলাকায় ঘোরানোর পর তাদের কোতোয়ালি থানা এলাকায় মো. ফসিহ উল আলম পলাশের এক পরিচিত ব্যক্তির বাড়িতে আটকে রেখে মোবাইল ফোনের মাধ্যমে টাকা দাবি করা হয়।
তদন্ত প্রতিবেদন ও প্রশাসনিক প্রক্রিয়া সূত্রে জানা যায়, ওই সময় চিরিরবন্দর থানা-পুলিশ সারোয়ার কবীর সোহাগসহ অন্যদের আটক করে এবং ২৫ আগস্ট তাদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, চুরি ও অনধিকার প্রবেশের অভিযোগে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করে। এ ঘটনায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
পরবর্তীতে ব্যক্তিগত শুনানি, তদন্ত কর্মকর্তা নিয়োগ এবং পিএসসির পরামর্শের পর গত ৫ নভেম্বর রাষ্ট্রপতি বরখাস্তের প্রস্তাবে অনুমোদন দেন। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী গুরুদণ্ড হিসেবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। অবিলম্বে এই আদেশ কার্যকর করা হয়েছে।
ডিআর

