বাংলাদেশের জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে স্বজন হারানো পরিবারগুলোর কাছে শেখ হাসিনার ভারতে অবস্থান কেবল রাজনৈতিক আশ্রয়ের বিষয় নয়; এটি ন্যায়বিচারের প্রশ্নও। কেউ আহত স্বজনের চিকিৎসা ও পরিচর্যা করছেন, আবার কেউ প্রিয়জন হারিয়ে শোকে বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে ভারত থেকে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতি নিয়ে বক্তব্য দেওয়ার বিষয়টি নতুন করে প্রশ্ন তুলছে—গণতন্ত্রের জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের পরিবার কেন বিদেশে অবস্থানরত সেই ব্যক্তির রাজনৈতিক হস্তক্ষেপ দেখতে বাধ্য হবে, যাঁকে তারা নিজেদের দুর্ভোগের জন্য দায়ী মনে করেন?
২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর জানায়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। আহত হন আরও কয়েক হাজার। প্রতিবেদনে তৎকালীন সরকারের পাশাপাশি নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সহিংস কর্মীদের পদ্ধতিগত দমন-পীড়নের কথা উঠে আসে। এতে বলা হয়, বিক্ষোভ দমনে সহিংসতার সরকারি নীতি ছিল, যা মানবতাবিরোধী অপরাধের সম্ভাব্য অভিযোগে আরও তদন্তের দাবি রাখে। তবে এগুলো ছিল আন্তর্জাতিক পর্যায়ের অনুসন্ধান ও মূল্যায়ন, কোনো ফৌজদারি আদালতের রায় নয়।
পরবর্তী সময়ে ব্যক্তিগত দায় নির্ধারণে দেশের বিচারিক প্রক্রিয়া এগিয়েছে। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেন। বিক্ষোভকারীদের ওপর নৃশংসতা উসকে দেওয়া, তাতে সহযোগিতা এবং প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে দোষী করা হয়। ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের নীতিতেও তাঁকে দায়ী করা হয় এবং অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। শেখ হাসিনা এ বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তবে তাঁর এ দাবি ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার অধিকারকে খর্ব করে না। বাংলাদেশ তাঁর প্রত্যর্পণ চেয়ে ভারতের কাছে আবেদন জানিয়েছে। কিন্তু তিনি এখনো দেশটিতে অবস্থান করছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক সংস্কৃতি পুনর্গঠনের চেষ্টা করছে। তবে বিদেশে অবস্থানরত শেখ হাসিনার সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রচার করে চলেছেন। এতে গণতান্ত্রিক উত্তরণের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, বিশেষ করে যেসব পরিবার এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে, তাদের মধ্যে।
নির্বাচিত সরকার এবং গণতান্ত্রিক উত্তরণে প্রতিশ্রুতিবদ্ধ সব রাজনৈতিক সংগঠনের দায়িত্ব এই প্রক্রিয়া সুরক্ষিত রাখা। অস্থিতিশীলতা তৈরির যেকোনো প্রচেষ্টার জবাব দিতে হবে তথ্যভিত্তিক বক্তব্য ও আইনি পদক্ষেপের মাধ্যমে। এ ক্ষেত্রে ভুক্তভোগীদের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। তবে শেখ হাসিনা ভারতে অবস্থান করলে বাংলাদেশ একা এসব উদ্বেগের সমাধান করতে পারবে না।
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী সি ক্রিস্টিন ফেয়ার প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনা ভারতের জন্য গুরুত্বপূর্ণ ছিলেন এবং নয়াদিল্লি তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে না। তবে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের একটি সিদ্ধান্ত; আর ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তাঁকে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেওয়ার বিষয়টি ভিন্ন।
২০২৬ সালের জানুয়ারিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছিল, নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়ে শেখ হাসিনা আসন্ন নির্বাচন বানচালের উদ্দেশ্যে সহিংসতায় উসকানি দিয়েছেন। ফেয়ার প্রশ্ন তুলেছেন, দালাই লামা ও অং সান সু চির মতো বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের সংযত থাকতে অতীতে ভারত যেখানে প্রভাব খাটিয়েছে, সেখানে শেখ হাসিনার ক্ষেত্রে নয়াদিল্লি কেন একই ধরনের পদক্ষেপ নিতে অনিচ্ছুক বলে মনে হচ্ছে। তাঁর মতে, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিই এ পার্থক্যের ব্যাখ্যা হতে পারে। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বিষয়টি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নয়াদিল্লি বাংলাদেশের উদ্বেগকে কতটা গুরুত্ব দিচ্ছে, সেই প্রশ্ন সামনে আনে।
নয়াদিল্লির অবস্থানের পেছনে যে রাজনৈতিক বিবেচনাই থাকুক না কেন, বাংলাদেশের প্রত্যর্পণের আবেদন আইনি ভিত্তিতে বিবেচনা করা উচিত। কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় তাঁকে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ থেকে অব্যাহতি দেয় না। ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদে হত্যা, হত্যায় উসকানি এবং এ ধরনের কয়েকটি অপরাধকে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রমের আওতার বাইরে রাখা হয়েছে। তবে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের অন্যান্য আইনি কারণ ও সুরক্ষাব্যবস্থাও চুক্তিতে রয়েছে।
বাংলাদেশ সরকারের উচিত ধারাবাহিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে ভারতকে জানানো, ঢাকা সার্বভৌম সমতার ভিত্তিতে গঠনমূলক সম্পর্ক চায় এবং প্রত্যর্পণের আবেদনের বিষয়ে গুরুতর ও যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করে। একই সঙ্গে ভারতের ভূখণ্ড যেন বাংলাদেশে সহিংসতায় উসকানি দেওয়া বা দেশটির জনগণকে হুমকি দেওয়ার কাজে ব্যবহৃত না হয়, সে বিষয়েও নয়াদিল্লির সহযোগিতা চাওয়া উচিত। এ ধরনের নির্দিষ্ট ঘটনা নথিভুক্ত করতে হবে এবং শান্তিপূর্ণ রাজনৈতিক মতপ্রকাশের সঙ্গে সহিংসতার আহ্বানের পার্থক্য স্পষ্ট রাখতে হবে।
ভারত যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তুলতে চায়, তাহলে দেশটির গণতান্ত্রিক রায়কে সম্মান জানাতে হবে এবং জনগণের দুর্ভোগের বিষয়টি স্বীকার করতে হবে। একজন সাবেক প্রধানমন্ত্রীর জবাবদিহি এড়ানোর সুযোগ করে দিলে দুই দেশের মধ্যে অবিশ্বাস আরও বাড়তে পারে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হবে, যাতে তাঁর সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় তাঁকে ব্যক্তিগতভাবে জবাবদিহি করতে হয় এবং পরবর্তী আইনসম্মত বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে পারেন। তাঁর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ভুক্তভোগীদের ন্যায়বিচার এবং বাংলাদেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হওয়া উচিত।
মতামত | লেখক পরিচিতি
মুশফিকুল ফজল আনসারী একজন বাংলাদেশি কূটনীতিক, রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সাংবাদিক। তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সাংবাদিকতা করেছেন। আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি ও বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি লেখালেখি ও বিশ্লেষণ করেন।
আলজাজিরায় প্রকাশিত মূল মতামত নিবন্ধটি সংক্ষেপিত ও অনুবাদ করেছেন দৈনিক মানবকণ্ঠের জ্যেষ্ঠ সহসম্পাদক নুর আলম সিদ্দিকী।
প্রবন্ধ, নিবন্ধ, সাক্ষাৎকার ও প্রতিক্রিয়ায় প্রকাশিত মতামত সংশ্লিষ্ট লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণের প্রতিফলন। এগুলো দৈনিক মানবকণ্ঠের সম্পাদকীয় নীতি বা অবস্থানের সঙ্গে সর্বদা মিল নাও থাকতে পারে। প্রকাশিত লেখায় উপস্থাপিত ব্যাখ্যা-বিশ্লেষণ, তথ্য-উপাত্ত এবং রাজনৈতিক, অর্থনৈতিক বা আইনগতসহ সংশ্লিষ্ট বিষয়গুলোর যথার্থতা ও মতামতের দায় লেখক ও মূল উৎসের। এ বিষয়ে দৈনিক মানবকণ্ঠ কর্তৃপক্ষের অবস্থান সম্পূর্ণ নিরপেক্ষ।

