ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, “মিডিয়াতে যাই আসুক, সন্ত্রাসীদের ব্যাপারে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।”
এ সময় দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিষয়েও তাঁকে প্রশ্ন করা হয়। জবাবে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, “পিটার হাস বাংলাদেশের পুরোনো বন্ধু। এটি একটি অনানুষ্ঠানিক এবং ব্যবসায়িক বৈঠক।”
এদিকে, একই দিন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো শর্তের কথা বলা হয়নি। তিনি বলেন, “উভয় দেশের সম্মতিতে কনস্যুলার সংলাপ করা হবে।”
শামা ওবায়েদ আরও বলেন, “শেখ হাসিনাকে দেশে ফিরে এসে সাজা ভোগ করতে হবে। তবে শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ।”
গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত দেওয়া হলে সরকার তা বিবেচনা করবে। তবে গণমাধ্যমে এ বিষয়ে কী প্রকাশিত হয়েছে, সেটিকে গুরুত্ব দেওয়ার কিছু নেই।”
ভারতের রাজনৈতিক সদিচ্ছার বিষয়ে তিনি উল্লেখ করেন, “শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা রয়েছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি।”
ডিআর




