নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পেতে বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে। প্রশাসনিক প্রক্রিয়া ও সুনির্দিষ্ট গেজেট জারির দীর্ঘসূত্রতার কারণে চলতি নভেম্বর মাসের বেতন আগের স্কেলেই তুলতে হবে তাঁদের। তবে অর্থ বিভাগ থেকে খুব দ্রুত পৃথক গেজেট বা আদেশ জারি হলে আগামী ডিসেম্বর মাস থেকেই নতুন পে-স্কেলে বেতন পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এই তথ্য জানা গেছে।
মাউশি সূত্র জানায়, এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান করতে হলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে একটি পৃথক গেজেট বা প্রশাসনিক আদেশ জারি করা বাধ্যতামূলক। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এর আগেই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অর্থ বিভাগে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত গেজেট জারি না হওয়ায় চলতি নভেম্বর মাসের বেতন বিল পুরোনো স্কেলেই সাবমিট করতে হবে।
মাউশির একজন দায়িত্বশীল পরিচালক (অর্থ ও ক্রয়) গণমাধ্যমকে জানান, এমপিওভুক্ত জনবলের পে-স্কেলের পৃথক গেজেট এখনো হাতে না আসায় চলতি নভেম্বর মাসে পুরনো স্কেলেই বেতন বিল জমা দিতে হচ্ছে। তবে গেজেট জারি হওয়ার সঙ্গে সঙ্গে পে-ফিক্সেশন ও বকেয়া ভাতাসহ অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে এবং ডিসেম্বরের বেতন নতুন স্কেল অনুযায়ী তোলার পথ উন্মুক্ত হতে পারে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে, বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বেতন দেওয়ার জন্য ইতিমধ্যে অর্থ বিভাগে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এই খবরটিকে সম্পূর্ণ ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে।
বিভাগটির পক্ষ থেকে জানানো হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা প্রয়োজন মর্মে একটি হিসাব বিবরণী পাওয়া গেছে। তবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের জন্য ঠিক কত পরিমাণ অতিরিক্ত অর্থ প্রয়োজন, তার সুনির্দিষ্ট হিসাব এখনও পাওয়া যায়নি। কারিগরি অধিদপ্তর থেকে সেই হিসাব হাতে পাওয়ার পরই অর্থ বরাদ্দের জন্য অর্থ বিভাগে চূড়ান্ত চিঠি পাঠানো হবে। পুরো বিষয়টি দেখভাল করছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের রাজস্ব ও উন্নয়ন বাজেট শাখা।
এ বিষয়ে শাখাটির উপসচিব মোহাম্মদ মাহমুদুল হক জানান, মাদ্রাসা শিক্ষকদের নতুন পে-স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে এখনও অর্থ বিভাগে কোনো চিঠি পাঠানো হয়নি, তবে বিষয়টি নিয়ে কাজ চলমান রয়েছে। দুই অধিদপ্তরের হিসাব একসঙ্গে পাওয়ার পর সম্মিলিতভাবে অতিরিক্ত অর্থ বরাদ্দের জন্য চিঠি পাঠানো হবে বলেও জানান তিনি।
ডিআর




