গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়ন, নদীভাঙন রোধ, খাল-নদী খনন এবং সড়ক অবকাঠামো সম্প্রসারণে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের ১৬টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুমোদিত ১৬টি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকেই ব্যয় করা হবে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা। আজকের সভায় অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প রয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে অবকাঠামো ও গ্রামীণ উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: সর্বোচ্চ সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়: নদীভাঙন রোধ ও খাল-নদী খনন সংক্রান্ত চারটি প্রকল্প তালিকায় স্থান পেয়েছে।
এ ছাড়া সড়ক অবকাঠামো সম্প্রসারণসহ অন্যান্য সংশ্লিষ্ট খাতের বাকি প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের গ্রামীণ অর্থনীতি আরও সচল হবে, নদীভাঙন কবলিত এলাকার মানুষের জানমাল রক্ষা পাবে এবং আঞ্চলিক সড়ক যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক গতি আসবে।
ডিআর




