গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা ও আঞ্চলিক কার্যালয়ে ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১৭ ও ১৮ নভেম্বর-এই দুই দিনে দেশের ১৬টি শাখা ও কার্যালয়ে আগুন ও নাশকতা চালিয়েছে দুর্বৃত্তরা। সব মিলিয়ে গত ১০ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ব্যাংকটির ৩৭টি শাখা ও কার্যালয় হামলার শিকার হয়েছে।
গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন স্থানে পেট্রোল, পেট্রোল বোমা ও কেরোসিন ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে। এসব হামলায় শাখার সাইনবোর্ড, গুরুত্বপূর্ণ নথিপত্র, কালেকশন শিট, সদস্যদের পাসবুক, আসবাবপত্র ও সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত এসব ঘটনায় ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারী হতাহত হননি।
প্রতিবেদনে হামলার ধরন সম্পর্কে বলা হয়েছে, কোথাও শাখার প্রধান ফটক ও দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। আবার কোনো কোনো স্থানে বোতলে পেট্রোল ভরে তৈরি করা বোমা অফিসের দেয়াল ও দরজার সামনে নিক্ষেপ করা হয়েছে। কোথাও লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে তাতে কেরোসিন বা পেট্রোল ঢেলে সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে। আবার কোনো স্থানে টায়ারে পেট্রোল ঢেলেও অগ্নিসংযোগ করা হয়েছে।
গত ১০ নভেম্বর থেকে শুরু হওয়া এসব হামলা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। আক্রান্ত শাখা ও কার্যালয়গুলোর মধ্যে রয়েছে শেরপুর, কক্সবাজার, মাদারীপুরের পাটগাতি-টুঙ্গিপাড়া, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, রংপুর, রাজশাহী, টাঙ্গাইল, পাবনা, পিরোজপুর, হবিগঞ্জ ও ফরিদপুরের বিভিন্ন এলাকার কার্যালয়।
বিশেষ করে ১৭ ও ১৮ নভেম্বর হামলার ঘটনা বেড়ে যায়। এই দুই দিনেই ১৬টি শাখা ও কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা ওই সময়ের মধ্যে সর্বোচ্চ।
বিএইচ




