প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার ২০১৪-১৫ অর্থবছর থেকে প্রতিবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি দশমিক ৭ থেকে গড়ে ১ দশমিক ৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখাত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে তিনি অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ, গণমাধ্যম নীতিমালা, গঙ্গা পানি চুক্তি, দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
স্বৈরাচারী সরকারের আমলে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ে তথ্য বিকৃতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের সামনে সঠিক ও নির্মোহ তথ্য-উপাত্ত তুলে ধরার বিষয়ে কাজ শুরু করেছে। কারণ, বিগত স্বৈরাচারী আমলে জিডিপি প্রবৃদ্ধির তথ্যে ব্যাপক কারচুপি করা হয়েছিল।
তিনি বলেন, স্বৈরাচারী সরকার দেশে গণতন্ত্র না থাকলেও ব্যাপক উন্নয়ন হচ্ছে— তা দেখানোর জন্য কৃত্রিমভাবে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখাত। একই সঙ্গে মাথাপিছু আয় বেশি দেখানোর উদ্দেশ্যে দেশের মোট জনসংখ্যাও কমিয়ে দেখানোর প্রবণতা ছিল। ফলে প্রকৃত অর্থনৈতিক চিত্র আড়াল করে একটি ভ্রান্ত উন্নয়নের ধারণা তৈরি করা হয়েছিল।
উপদেষ্টা আরও বলেন, বর্তমানে প্রকৃত তথ্য প্রকাশের ফলে অতীতের সেই বানোয়াট পরিসংখ্যানের সঙ্গে বর্তমান প্রবৃদ্ধির তুলনা করার একটি প্রবণতা দেখা যেতে পারে। তাই জনগণের সামনে প্রকৃত সত্য তুলে ধরতেই সরকার সঠিক পরিসংখ্যান প্রণয়নে গুরুত্ব দিচ্ছে।
অনিবন্ধিত অনলাইন পোর্টালের মাধ্যমে অপতথ্য ও বিকৃত সংবাদ প্রচারের বিষয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, কপি-পেস্টের মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার কোনোভাবেই চলতে পারে না। ঢাকাসহ সারা দেশে অনিবন্ধিত পোর্টালগুলোর বিরুদ্ধে ধাপে ধাপে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আবেদন করা যোগ্য প্রতিষ্ঠানগুলো দ্রুতই নিবন্ধন পেয়ে যাবে।
এছাড়া অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে খুব শিগগিরই একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে এই মুহূর্তে যে কোনো ধরনের সভা, সমাবেশ বা মিছিল সম্পূর্ণ বেআইনি। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার মতো সহিংস কর্মকাণ্ড সরকার কোনোভাবেই সহ্য করবে না। তবে, পুলিশকে সবচেয়ে কম এবং অনুপাতসম্মত বল প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। স্বৈরাচারী সরকারের আমলে এই বল প্রয়োগ ছিল মাত্রাতিরিক্ত।
তিনি বলেন, বিদেশে পলাতক নেতাদের নির্দেশে দেশে থাকা ‘নন-পলাতক’ আওয়ামী লীগ কর্মীরা যেসব কর্মকাণ্ড করছেন, তা ফৌজদারি অপরাধ। এ ধরনের অপরাধে জড়ালে তার চরম মাশুল তাদেরই দিতে হবে। জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।




