কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর শিক্ষার এক নতুন প্রজন্ম গড়ে উঠছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দেশের শ্রেণিকক্ষগুলোকে মাল্টিমিডিয়া ও তথ্যপ্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করছে সরকার।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমিনার ও বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে দেশ-বিদেশের শিক্ষাবিদদের অংশগ্রহণের প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, এই আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হবে এবং দেশের শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনার কথা তুলে ধরে আ ন ম এহছানুল হক মিলন বলেন, পূর্ববর্তী বাজেটের তুলনায় চলতি বছরের বাজেটে শিক্ষা খাতের জন্য জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। আগামীতে এই বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে। পাশাপাশি বাংলাদেশ এআই খাতে বড় ধরনের বিনিয়োগের অপেক্ষায় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তরুণ প্রজন্মকে দেশের প্রধান চালিকাশক্তি ও সম্পদ হিসেবে অভিহিত করে শিক্ষামন্ত্রী বলেন, দেশে প্রচুর মানবসম্পদ রয়েছে, তবে তা এখনো অদৃশ্য বা অস্পর্শনীয় পর্যায়ে আছে। সুশিক্ষা ও প্রযুক্তির সমন্বয়ে এই অদৃশ্য সম্পদকে দৃশ্যমান সম্পদে রূপান্তরিত করতে হবে।
উচ্চশিক্ষার বৈশ্বিক গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, বিশ্বব্যাপী উচ্চশিক্ষার প্রেক্ষাপট বিচার করলে বাংলাদেশের এই বিশাল তরুণ জনগোষ্ঠী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিবেচনায় আমাদের দেশে শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে বিবেচিত হয়। সেমিনারে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতারা এমন যোগ্য শিক্ষার্থী গড়ে তুলছেন, যারা ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দেবে। তাই দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে শিক্ষার বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক ও মনোযোগী হয়ে কাজ করছে।
ডিআর




