পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্টেরা বারবার লাশের রাজনীতি করছে। তাদের রাজনীতি করতে হলে আইনের মাধ্যমে বৈধতা নিয়ে রাজনীতি করতে হবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিগত সরকার তাদের নিষিদ্ধ করেছে, তাদের নাশকতার আচরণের কারণে।
শনিবার দুপুরে মোংলায় পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, ৫ আগস্টের পর থেকে এই পর্যন্ত রামপাল-মোংলাসহ দক্ষিণাঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করছিল। কিন্তু অতি উৎসাহী কিছু মানুষ (আওয়ামী লীগ) তারা নাশকতার পথ বেছে নিয়েছে।
ফরিদুল ইসলাম বলেন, অনেক বিএনপি নেতা ফ্যাসিস্টদের সাথে আঁতাত করে রাজনীতি করেছে। সেই সুযোগ আর নতুন করে দেওয়া হবে না। সুবিধাবাদীর রাজনীতি শেষ। দলের যে দালাল, ধান্ধাবাজ ও বাটপার তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে না।
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে প্রতিমন্ত্রীর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি পুরো পৌর শহর প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বিএনপির কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে প্রতিমন্ত্রীসহ বিএনপির হাজার হাজার নারী-পুরুষ বৃষ্টি ভিজে এই মিছিল ও সমাবেশে সমবেত হন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।
ডিআর




