রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তির নাম ইফাত বিন আল দিহানী প্রিয়ম (৩২)।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে রাজধানীর শ্যামপুর থানাধীন ফরিদাবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ইনভেস্টিগেশন বিভাগ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইফাত বিন আল দিহানী প্রিয়ম মালিবাগের সিআইডি কার্যালয়ের সামনে এবং শান্তিনগর মোড়সহ রাজধানীর বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরক সংগ্রহ, সরবরাহ ও ককটেল নিক্ষেপে সহায়তার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ডিআর




