দেশের ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নাগরিকসেবা সহজ করতে ৬১ জেলায় ভূমির রেকর্ড ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রমের আওতায় প্রায় ৮ কোটি ৫২ লাখ হোল্ডিং ও খতিয়ানের তথ্য ডিজিটাল করা হবে। এ লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সঙ্গে চুক্তি করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো. পারভেজ হাসান বিপিএএ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, আধুনিক, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে নির্ভুল ডিজিটাল ভূমি রেকর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উদ্যোগ ভূমিসংক্রান্ত বিরোধ ও অনিয়ম কমানোর পাশাপাশি নাগরিকদের ভোগান্তি ছাড়াই নির্ভরযোগ্য সেবা পেতে সহায়তা করবে।
ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, নির্ভুল ভূমি রেকর্ডই দক্ষ ও নির্ভরযোগ্য ভূমিসেবার মূল ভিত্তি। রেকর্ডে ভুল থাকলে এর ওপর ভিত্তি করে দেওয়া সেবাও ত্রুটিপূর্ণ হবে। তাই সরকারের লক্ষ্য শতভাগ নির্ভুল ডিজিটাল রেকর্ড নিশ্চিত করা।
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, নির্ভুল ডিজিটাল ভূমি তথ্য ছাড়া আধুনিক ভূমিসেবা টেকসই করা সম্ভব নয়। রেকর্ডের নির্ভুলতা বাড়লে নাগরিকদের ভোগান্তি ও ভূমিসংক্রান্ত বিরোধ কমার পাশাপাশি রাজস্ব আদায়েও স্বচ্ছতা বাড়বে।
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস জানান, উন্নত ভূমি তথ্য ভূমি প্রশাসনকে শক্তিশালী করার পাশাপাশি নাগরিকদের সরকারি সেবা গ্রহণ সহজ করে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ উন্নত করতে সহায়তা করে। এ উদ্যোগে প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা দেবে ইউএনডিপি।
ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপির যৌথ উদ্যোগটির কার্যক্রম শুরু হয় ২০২৫ সালে প্রাক্-পাইলট প্রকল্পের মাধ্যমে। পরে আটটি জেলায় পাইলট কার্যক্রম পরিচালনা করা হয়। দ্বিতীয় পর্যায়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে কার্যক্রম সম্প্রসারণ করা হয়।
এ পর্যন্ত ১১টি জেলার ৩৩৪টি ইউনিয়ন ভূমি অফিসের প্রায় ১ কোটি ৩৩ লাখ হোল্ডিং ও খতিয়ানের রেকর্ড ডিজিটাল করা হয়েছে। নতুন চুক্তির আওতায় আরও ৬১টি জেলায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
প্রকল্পের আওতায় ভূমির রেকর্ড ডিজিটাল করার পাশাপাশি বিদ্যমান তথ্যের অসংগতিও শনাক্ত করা হবে। ভুল তথ্য সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। এ জন্য একাধিক ধাপে তথ্য যাচাই, মাঠপর্যায়ে পর্যবেক্ষণ এবং ডিজিটাল পদ্ধতিতে তথ্যের মান নিয়ন্ত্রণ করা হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ভূমির মালিকানা-সংক্রান্ত তথ্য পাওয়া আরও সহজ হবে। পাশাপাশি ভূমি উন্নয়ন কর পরিশোধ ও অনলাইনে ই-নামজারির আবেদন প্রক্রিয়াও সহজ হবে। এতে ভূমি অফিসে বারবার যাওয়ার প্রয়োজন কমার পাশাপাশি জালিয়াতি ও অনিয়মের সুযোগ কমবে বলে আশা করছে সরকার।
বিশেষ করে নারী, প্রতিবন্ধী ব্যক্তি, প্রবাসী ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য ভূমিসেবা আরও সহজলভ্য হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




