ফান্টার ভাঙা বোতল দিয়ে প্রতিপক্ষের ওপর হামলার মধ্য দিয়ে অপরাধজগতে উত্থান। এরপর একে-৪৭সহ অত্যাধুনিক অস্ত্রের দাপটে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডে আধিপত্য বিস্তার। বলছি শীর্ষ সন্ত্রাসী শেখ আসলামের কথা, যিনি সুইডেন আসলাম নামেই পরিচিত। আশির দশকের মাঝামাঝি থেকে নব্বইয়ের দশক পর্যন্ত ঢাকার অপরাধজগতের অন্যতম প্রভাবশালী নাম ছিলেন তিনি।
১৯৮৫ সালের মাঝামাঝি সময়। রাজধানীর ফার্মগেটের নিউ স্টার হোটেল থেকে বাপ্পি নামে এক যুবককে জোর করে তুলে নিয়ে যান আসলাম ও তার সহযোগীরা। একটি মাইক্রোবাসে নিয়ে বাপ্পির ওপর চালানো হয় নির্যাতন। একপর্যায়ে কোমল পানীয় ফান্টার বোতল ভেঙে তার শরীরে আঘাত করেন আসলাম। পরে রক্তাক্ত অবস্থায় তাকে মিরপুরের দিকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই অপরাধজগতে আসলামের উত্থান শুরু হয় বলে বিভিন্ন সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এরপর ধীরে ধীরে নিজের অপরাধী বাহিনী গড়ে তোলেন তিনি। একসময় একে-৪৭সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার করেন। তার নেতৃত্বাধীন ‘সেভেন স্টার’ গ্রুপে যুক্ত ছিলেন সুব্রত বাইন, টোকাই সাগর, পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, টিক্কা ও পিয়ালের মতো পরিচিত অপরাধীরা। পুরান ঢাকা থেকে সাভার পর্যন্ত বিভিন্ন এলাকায় এই গ্রুপের প্রভাব ছিল।
যেভাবে উত্থান
আসলামের পুরো নাম শেখ আসলাম। তার গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জের দোহারে। বাবা শেখ জিন্নাত আলী। ফার্মগেটে তাদের বাসা ছিল। সাত ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয় এবং ভাইদের মধ্যে বড়। তেজগাঁও পলিটেকনিক স্কুল (বর্তমানে তেজগাঁও সরকারি স্কুল) থেকে এসএসসি এবং তেজগাঁও কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি।
স্কুলজীবনে ফুটবলে ভালো ছিলেন আসলাম। আন্তজেলা স্কুল ফুটবল প্রতিযোগিতায়ও অংশ নিয়েছিলেন। সুইডেন প্রবাসী ইতি নামে এক নারীকে বিয়ের পর তিনি সুইডেনের নাগরিকত্ব পান। এরপর থেকেই পরিচিতি পান সুইডেন আসলাম নামে। পরে ইতির সঙ্গে বিচ্ছেদ হলে চাচাতো বোন সিমিকে বিয়ে করেন।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, আশির দশকের শুরুতে ফার্মগেট এলাকায় আজাদ ও বাপ্পি নামে দুই ভাইয়ের প্রভাব ছিল। ১৯৮৫ সালে বাপ্পির ওপর হামলার ঘটনার পর থেকেই আসলামের উত্থান দ্রুত হতে থাকে। সোনা চোরাচালান, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও হত্যাকাণ্ডসহ নানা অপরাধে তার নাম জড়িয়ে পড়ে। নব্বইয়ের দশকের শুরুতেই তিনি ঢাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিতি পান।
সুইডেন থেকে দেশে ফিরলেই আতঙ্ক
আসলামের অপরাধজগতের কর্মকাণ্ডের একটি বিশেষ দিক ছিল তার বিদেশে অবস্থান। হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের পর তিনি সুইডেনে চলে যেতেন। আবার কোনো বিরোধ মেটানো কিংবা প্রতিপক্ষকে হত্যার প্রয়োজন হলে দেশে ফিরতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার দেশে ফেরাকে কেন্দ্র করে আন্ডারওয়ার্ল্ডে নতুন করে অস্থিরতা তৈরি হতো।
১৯৯৭ সালের ২৬ মে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত রাজধানীর অপরাধজগতে তার প্রভাব ছিল ব্যাপক। তাকে গ্রেপ্তারে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল সরকার। ফার্মগেট এলাকা থেকে গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে তার সহযোগীদের বন্দুকযুদ্ধের ঘটনাও ঘটে। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন সহকারী কমিশনার আকরাম তাকে গ্রেপ্তার করে রাষ্ট্রপতি পদক পান।
আলোচিত হত্যাকাণ্ড
১৯৮৭ সালের মাঝামাঝি রাজধানীর পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলে শাকিল নামে এক যুবককে নৃশংসভাবে হত্যার অভিযোগ ওঠে আসলামের বিরুদ্ধে। প্রতিবেদনে বর্ণিত হয়েছে, স্কুলের ভেতরে শাকিলকে হত্যার সময় তার মা বাইরে দাঁড়িয়ে ছেলেকে বাঁচানোর আকুতি জানাচ্ছিলেন। হত্যার পর রক্তমাখা অস্ত্র হাতে স্কুল থেকে বেরিয়ে আসেন আসলাম।
এরপর পুরান ঢাকার আগামাসি লেনে মামুন, গোপাল কর ও নুরুল ইসলাম নামে তিনজনকে হত্যার ঘটনায়ও তার সহযোগীদের সংশ্লিষ্টতার কথা উঠে আসে। স্ত্রী ইতির সঙ্গে সম্পর্কের অবনতির পর তার ঘনিষ্ঠ সহযোগী মামুনকে হত্যার পরিকল্পনা করেন আসলাম বলে বিভিন্ন সূত্রের দাবি। সমঝোতার কথা বলে ডেকে নিয়ে মামুনসহ তার দুই সহযোগীকে গুলি করে হত্যা করা হয়।
এ ছাড়া আসলামের ঘনিষ্ঠ সহযোগী বিপুলকে পশ্চিম তেজতুরী বাজারের একটি মাঠে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে দুই হাত বিচ্ছিন্ন করে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে কলাবাগানে কিসলু নামে আরেকজনও হত্যার শিকার হন।
১৯৯৭ সালের ২৬ মার্চ তেজকুনিপাড়ায় যুবলীগ নেতা মাহমুদুল হক খান গালিব হত্যাকাণ্ডের পর শীর্ষ সন্ত্রাসী হিসেবে আসলামের নাম ঘোষণা করে সরকার। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও ডাকাতিসহ মোট ১৯টি মামলা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফান্টার ভাঙা বোতল দিয়ে অপরাধজগতে আলোচনায় আসা সেই আসলাম একসময় অত্যাধুনিক অস্ত্রের দাপটে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নিজের অবস্থান তৈরি করেন। আশির দশক থেকে নব্বইয়ের দশকের শেষভাগ পর্যন্ত তার কর্মকাণ্ড রাজধানীর অপরাধজগতের চিত্র ও গতিপথে বড় ধরনের পরিবর্তন এনেছিল।
বিএইচ




