যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৭ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সফরকালে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টারে সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় কমিটির কার্যক্রম, সংসদ সদস্যদের ভূমিকা ও জবাবদিহি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন তিনি।
এ সময় যুক্তরাজ্যের হাউস অব কমন্স ও হাউস অব লর্ডসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন চিফ হুইপ। বৈঠকে সংসদীয় কার্যপ্রণালি, সংসদীয় নজরদারি, কমিটির কার্যকারিতা, সংসদীয় নৈতিকতা, বিশেষাধিকার ও আচরণবিধি নিয়ে আলোচনা হয়।
পাশাপাশি সংসদীয় প্রশ্ন, প্রস্তাব, জরুরি বক্তব্য, পয়েন্ট অব অর্ডার এবং আইন প্রণয়নের বিভিন্ন পর্যায়ে বিল যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া নিয়েও মতবিনিময় করেন তারা।
সফরকালে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব স্টিফেন টুইগের সঙ্গেও বৈঠক করেন নূরুল ইসলাম মনি। এ সময় বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে সিপিএর চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা, সংসদীয় সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের সম্পৃক্ততা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্টদের মতে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে সংসদীয় কার্যক্রমের কার্যকারিতা ও জবাবদিহি জোরদারেও এ সফর ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এসএ





