দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।
গত ৮ নভেম্বর রাজারবাগ পুলিশ লাইনসে এ প্রতিযোগিতা শুরু হয়।
পুলিশ সদস্যদের দৃঢ় প্রত্যয় ও মনোবল নিয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আইজিপি বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শনের জন্য নিয়মিত অনুশীলনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
চূড়ান্ত প্রতিযোগিতায় জুডোতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), রানারআপ চট্টগ্রাম রেঞ্জ। তায়কোয়ানডোতে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), রানারআপ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। উশুতে চ্যাম্পিয়ন ডিএমপি এবং রানারআপ চট্টগ্রাম রেঞ্জ। কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম রেঞ্জ, রানারআপ সিএমপি।
অনুষ্ঠানে শিশুরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। পরে আইজিপি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অ্যাডিশনাল আইজি গ্রেড-১ (ফিন্যান্স) ও বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু ক্লাবের সভাপতি মো. আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাডিশনাল আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ অন্যান্য অতিরিক্ত আইজি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। চূড়ান্ত প্রতিযোগিতার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) ও ক্লাবের সম্পাদক এ. এন. এম. মারুফ আব্দুল্লাহ।





