মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর তার ঢাকা সফরের কথা থাকলেও অনিবার্য কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। একই কারণে তার থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে।
চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরের ফিরতি কর্মসূচি হিসেবে আনোয়ার ইব্রাহিমের ৭ ও ৮ ডিসেম্বর ঢাকা আসার কথা ছিল। এ সফরকে কেন্দ্র করে ঢাকা ও কুয়ালালামপুরের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও চলছিল।
সফরের দ্বিতীয় দিন ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। বৈঠক শেষে ঢাকা থেকে তার ব্যাংকক যাওয়ার পরিকল্পনাও ছিল।
এর আগে সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ সফর করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বিএইচ





