আজকের বর্তমান, আগামীতে ইতিহাস; ইতিহাস যুগ যুগ ধরে তথা অনন্তকাল ধরে মানুষ লালন করে থাকেন। কখনো কখনো কিছু স্মরণীয় দিন মানুষ মনে প্রাণে আগলে রাখে। আবার কখনো কখনো ইতিহাস দিবস হিসেবে পালন করে স্মরণে রাখে। কিছু কিছু দিবস সরকারিভাবে এবং বেসরকারি তথা বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে দিবসগুলো পালন হয়ে থাকে। আমরা জানি, মানুষ ইতিহাস থেকেই শিক্ষা নেয়, অনেক অভিজ্ঞতা অর্জন করে। আর দিবস থেকে মানুষ অনেক অভিজ্ঞতা অর্জন করে এবং প্রতিবছর দিবসের মাধ্যমে পূর্বের ইতিহাসকে স্মরণ করে। আমার এও জানি অনেক সময় না চাইতে পেয়ে যায়, আবার চাইলেও পাওয়া যায না। তেমনি একটি চাওয়া হলো ‘উপকূল দিবস’। একটি দিবসের জন্য আন্দোলন সংগ্রাম করেও আজও স্বীকৃতি পাওয়া যায়নি। ১২ নভেম্বরের ইতিহাস আজও উপকূলবাসী ভুলতে পারেনি। প্রতিনিয়তই উপকূলবাসী আতঙ্কে থাকে, প্রতি দুর্যোগই উপকূলবাসীর স্মরণীয় দিন, তবে ১২ নভেম্বর উপকূলবাসীর সবচেয়ে স্মরণীয় দিন।
উপকূলের প্রায় ৫ কোটি মানুষ প্রতিনিয়ত বহুমুখী দুর্যোগের সঙ্গে বসবাস করেন। কিন্তু স্বাভাবিক সময়েও তাদের জীবন যে কতটা অস্বাভাবিক, সে বিষয়ে খুব একটা খোঁজ রাখা হয় না। উপকূলের প্রান্তিকের তথ্য যেমন কেন্দ্রে পৌঁছায় না, ঠিক তেমনি কেন্দ্রের মাঠে পৌঁছাচ্ছে না বহুমুখী কারণে। উপকূলের ভয়াবহতা উপকূলবাসীরাই কেবল বুঝবে। ১২ নভেম্বরের ঘটনা উপকূলবাসী আজও ভুলেনি। এটাই উপকূলবাসীর কাছে সবচেয়ে বেশি স্মরণীয় দিন। কারণ, ’৭০ সালের এই দিনে উপকূলের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ক্ষতবিক্ষত হয়েছিল গোটা উপকূল। প্রাকৃতিক দুর্যোগও এ অঞ্চলের উপর দিয়ে বেশি বয়ে যায়। প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর, আইলাসহ নানা দুর্যোগের আঘাতে বিধ্বস্ত হয়েছে বেড়িবাঁধ। তার পরে নার্গিস, রেশমা, গিরি, রোয়ানুতো রয়েছেই। ২০০৭ সালের ১৫ নভেম্বর দক্ষিণাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়ায় এ যাবতকালে সবচেয়ে বেশি শক্তিশালী ঘূর্ণিঝড় সিডর এই জনপদের বিশাল বেড়িবাঁধের প্রায় আড়াই হাজার কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়।
বাংলাদেশের ইতিহাসের অন্যতম বিধ্বংসী ঘূর্ণিঝড় ১৯৮৮ সালে সংঘঠিত হয়। এই ঘূর্ণিঝড়ের ফলে দেশে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, তা বাংলাদেশের ইতিহাসে অন্যতম সর্বনাশা বন্যা হিসেবে পরিচিত। ২১ নভেম্বর মালাক্কা প্রণালীতে এই ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছিল। শুরুতে এটি পশ্চিমগামী ছিল, এরপর গভীর নিম্নচাপ থেকে ক্রমান্বয়ে আন্দামান সাগরে এসে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। নভেম্বর ২৬ তারিখে, এটি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নেয় এবং উত্তরদিকে ঘুরে যায়। ধীরে ধীরে, এর গতি তীব্রতর হয়ে ২৯ নভেম্বর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সীমান্তের স্থলভ‚মিতে আঘাত করে। এই গতি বাংলাদেশের অভ্যন্তরে শক্তিশালী অবস্থা ধরে রাখে এবং এটি ৩০ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চলে মাঝারি ঘূর্ণিঝড় হিসাবে সক্রিয় ছিল। ১৯৯১ সালের ২৯ এপ্রিল বাংলাদেশে দক্ষিণপূর্ব চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে প্রায় ২৫০কিমি/ঘণ্টা বেগে আঘাত করে।
২০১৭ সাল থেকে উপকূল দিবসের দাবি তুলছেন উপকূল বাংলাদেশ ফাউন্ডেশন, কোস্টাল জার্নালিস্ট ফোরাম, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক আলোকযাত্রা, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন, নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটিা, নির্ঝর এন্টারপ্রাইজ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক খোলা কাগজ, অনলাইন মিডিয়া পার্টনার বিডিমিরর একাত্তর ডটকম, উপকূলীয় উপজেলার স্বেচছাসেবী সংগঠন ‘আস্থা’, পাথরঘাটা উপজেলা নাগরিক অধিকার ফোরামসহ ১০০টি সংগঠনের সমন্বয়ে “উপকূল দিবস বাস্তবায়ন কমিটি”। উপকূলে ‘৭০-এর ঘূর্ণিঝড়, ২০১৫ সালের সিডর, সিডর পরবর্তী আইলা, হারিকেন, নার্গিস, রোয়ানু, মোরা, বুলবুল, ফণি, ইয়াসসহ বিভিন্ন দুর্যোগের আঘাতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। শুধু ঘূর্ণিঝড় এলেই প্রচার মাধ্যমের ক্যামেরাটা উপকূলের দিকে ছুটে। কিন্তু স্বাভাবিক সময়ে উপকূলে জীবন- যাপন কতটা যে অস্বাভাবিক তা গণমাধ্যমের দৃষ্টিতে আসেনা। সরকারের রাজস্ব খাতে উপকূলবাসীর এতো অবদান থাকা সত্ত্বেও এবং উপকূলীয় এলাকায় দুর্যোগে প্রাণহানিসহ ক্ষয়ক্ষতি হওয়া সত্তে্বও মিডিয়ায় তেমন গুরুত্ব পাচ্ছে না। এজন্য বিভিন্ন ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণ, দুর্যোগ মোকাবিলায় মানুষদের সচেতন, উপকূলের সমস্যা আর সম্ভাবনাকে প্রকাশের আলোয় আনার জন্য ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ পালন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
দিবসটি যখন পালন হবে, তখন সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে উপকূল ফোকাস হবে এবং উপকূল সুরক্ষা নিশ্চিত হবে। আর দিবসটি শুধুমাত্র, উপকূলে বসাবসরত ৫ কোটি মানুষের উন্নয়নের স্বার্থে। ইতিমধ্যে দিবসের জন্য “উপকূল দিবস বাস্তবায়ন কমিটির” যে আন্দোলন আন্তর্জাতিক, জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সাড়া ফেলেছে এবং সামাজিকভাবে যে জনমত তৈরি হয়েছে, তা ইতিহাসে ব্যতিক্রম।
পরিশেষে বলতে চাই, বাংলাদেশ এখন আর ‘তলাবিহীন ঝুড়ি’ নয়, দেশের উন্নয়ন অগ্রগতির মধ্য দিয়েই সেটা স্পষ্ট। বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। তাই ৭১০ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় এলাকার জীবন-জীবিকার মানুষও দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে। গণতন্ত্র, অথর্নীতি ও দেশের উন্নয়ন অগ্রগতিকে আরও সামনের দিকে এগিয়ে নিতে উপকূলীয় অঞ্চলের খেটে খাওয়া মানুষদের ভূমিকা কম নয়। আর এসব খেটে খাওয়া মানুষদের নিরাপত্তা, সুযোগ-সুবিধা দিলে পরিপূর্ণভাবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। সে কারণে উপকূলের জন্য সরকারের এগিয়ে আসতে হবে, এনজিওসহ গণমাধ্যমেরও এগিয়ে আসা উচিত। আসুন আমরা সবাই উপকূলের জন্য একটি দিন একটি দিবস চাই যার নাম হবে ‘উপকূল দিবস’। পাশাপাশি উপকূলের দুঃখ-দুর্দশা, জীবন-জীবিকা নিয়ে গণমাধ্যম এবং সরকারের বিশেষ নজর দেয়া এখন সময় মাত্র।
লেখক: সাংবাদিক, কলামিস্ট ও গবেষক
মানবকণ্ঠ/এআই

