বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবময় দিন আজ। একাত্তরের এই দিনটি জাতীয় জীবনে এক নতুন প্রত্যাশার দিগন্ত উন্মোচন করেছে। বাঙালি তাদের চিরকালীন দাসত্ব ঘুচিয়ে স্বাধীনতার অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয়ে শিরদাঁড়া টান করে দাঁড়িয়েছিল আজকের এই দিনে। লাখো প্রাণের বিনিময়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সূর্যটাকে।
সাধারণত এ দিনটি প্রতিবছর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক উৎসব, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ আলোর মিছিল করে যেভাবে উদযাপন করে ও শহীদদের শ্রদ্ধা জানায় এবারেও ব্যত্যয় ঘটবে না। শহীদদের আত্মদানকে স্মরণ করে সামাজিক মাধ্যমে বিভিন্ন লেখা-আঁকার মধ্য দিয়ে শুরু হয়েছে হানাদার পাকিস্তানিদের বর্বরতার বিরুদ্ধে ঘৃণা প্রকাশ।
১৯৭০ সালের নির্বাচনে বাঙালির প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা সেদিন সংখ্যাগরিষ্ঠের মতামত উপেক্ষা করেছিল, ক্ষমতার বদলে দিয়েছিল বুলেট আর কামানের গোলা। ২৫ মার্চের কালরাতে ঘুমিয়ে থাকা নিরীহ, নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনী ট্যাঙ্ক, কামান নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। ঢাকা শহরে বয়েছিল রক্তের বন্যা।
বাধ্য হয়ে ২৬ মার্চের প্রথম প্রহরেই স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার আগে ৭ মার্চের বিশাল জনসভায়ও বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ এরপর দীর্ঘ ৯ মাস ধরে চলে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। নয় মাসের সেই আতঙ্কিত প্রহরগুলো আজও ভোলেনি কেউ।
মুক্তিযুদ্ধের সেই দুর্জেয় প্রহরগুলোতে জীবনবাজি নিয়ে যেমন মুক্তিযোদ্ধারা লড়েছিল তেমনি বর্বর পাকিস্তানি বাহিনীকে পথ দেখাতে তখন এ দেশেরই কিছু কুসন্তান হাত মিলিয়ে ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে। গড়ে তুলেছিল রাজাকার-আলবদর-আলশামসসহ বিভিন্ন নামের বাহিনী, যাদের অত্যাচার-নির্যাতন পৃথিবীর ইতিহাসের সব বর্বরতাকে হার মানিয়ে দিয়েছিল। তা সত্ত্বেও ৩০ লাখ শহীদের রক্ত ও আরো বহু ত্যাগের বিনিময়ে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছি।
দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার পরও স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র থেমে থাকেনি। সেই ষড়যন্ত্রেরই অংশ হিসেবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার প্রাণপুরুষ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় এবং দেশ চলে যায় স্বাধীনতাবিরোধীদের কব্জায়। রাজাকার-আলবদরসহ ঘাতকরা ফিরে আসে রাষ্ট্রক্ষমতায়। চলতে থাকে দেশকে পুনরায় পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেয়ার অপচেষ্টা।
সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মুক্তিযুদ্ধে স্বপ্নের কাঠামো বিনির্মাণে আমাদের অর্থনীতি এগিয়ে চলেছে। আমরা আজ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশের অগ্রযাত্রা এখন পুরো বিশ্বের জন্য দৃষ্টান্ত। এর নাম অদম্য বাংলাদেশ। অর্থনৈতিক অগ্রগতি ও আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশ ছাড়িয়ে গেছে দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশকে।
বঙ্গবন্ধু দেখেছিলেন সোনার বাংলার স্বপ্ন, চেয়েছিলেন মানুষের অর্থনৈতিক মুক্তি; গড়তে চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ। বর্তমান সরকার সেই স্বপ্নপূরণের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। উন্নতির এই ধারা অব্যাহত রাখা সম্ভব হলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ অর্জন করতে পারে উন্নত দেশের মর্যাদা। আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি তাদের মুক্তিযুদ্ধের লাল সূর্যটা ছিনিয়ে আনতে যত তরুণ-অরুণ গেছে অস্তাচলে। অদম্য বাংলাদেশ সারা বিশ্বের রোল মডেল হবে- এমনটাই প্রত্যাশা সবার।
মানবকণ্ঠ/এফআই

