একটা প্রাসঙ্গিক বাস্তব গল্প বলি। আব্বাসীয় খেলাফতের সময়ে বাগদাদ নগরীতে শুরু হয়েছিল জ্ঞানের বিকাশ। শিক্ষা, চিকিৎসা, জ্ঞানে ও বিজ্ঞানে উন্নত ছিল বাগদাদ নগরী। নগরীর লাইব্রেরিগুলোতে ছিল বিখ্যাত বই ও অসংখ্য পান্ডুলিপি। সেখান থেকে জ্ঞানের দ্যুতি ছড়িয়ে পড়েছিল পুরো বিশ্বে। বর্তমানে আমরা যেমন পড়াশোনার জন্য অক্সফোর্ড কিংবা ক্যামব্রিজে যাচ্ছি, ওই সময়ে সারা বিশ্বের মানুষ বাগদাদ নগরী যেত জ্ঞান আহরণ করার জন্য। বিশ্বের জ্ঞানপিপাসু মানুষ দলে দলে সেখানে গিয়ে ভিড় করত। তখন বাগদাদের শাসকরা শিক্ষিত ক্ষুধার্তের জ্ঞানের মধু পান করানোর জন্য পৃষ্ঠপোষকের ভূমিকা পালন করেছিল। ফলে অল্প দিনের মধ্যে শিক্ষা, চিকিৎসা, জ্ঞানে ও বিজ্ঞানে ফুলে ফেঁপে উঠে বাগদাদ নগরী। ভালো কোনো কিছু বেশিদিন টিকে না। ইতিহাস তাই বলে। ইতিহাসে ঐশ্বর্যে টইটম্বুর বাগদাদ নগরীর এক সময় পতন হয়। সমর শক্তিতে শক্তিশালী না হওয়ায় ভেঙ্গে যায় তাদের গৌরব, ধূলিসাৎ হয়ে যায় তাদের অট্টালিকা।
অপরদিকে মঙ্গোলিয়রা ছিল ধূর্ত, যাযাবর ও আগ্রাসী জাতি। দেশ দখল করা যেন তাদের নেশা ও পেশা। নিজেদের ভূখণ্ডের সীমানা বাড়ানোর জন্য টই টই করে ঘুরে বেড়াতো এবং সুযোগ পেলেই আক্রমণ চালাতো। সমর শক্তিতে তারা এতোটাই উন্নত ছিল যে পরাজিতদের মাত্র একবার সতর্ক করে দিতো। যদি কথা না শুনত তাহলে দ্বিতীয়বার গণহত্যার পথ বেঁচে নিয়েছিল। মঙ্গোলীয়দের একজন সমর নায়কের নাম চেঙ্গিস খান। তার নাতি ছিলেন হালাকু খান। হালাকু খানের পরবর্তী টার্গেট ছিল বাগদাদ নগরীকে কবজা করা বা হাতের মুঠোয় নিয়ে আসা। যেই কথা সেই কাজ। কিছুদিনের মধ্যে পুরো বাগদাদ নগরীকে তারা মাটির সাথে মিশে দেয়। ধ্বংস করে দেয় বাগদাদের দীর্ঘদিনের স্বপ্ন ও ঐশ্বর্যকে। নগরীর বিভিন্ন লাইব্রেরির বিখ্যাত বই, পান্ডুলিপি টাইগ্রিস নদীতে ফেলে দেয়। ওই সময়ে একজন যোদ্ধা হালাকু খানকে জিজ্ঞেস করেছিল ‘জনাব, এতো এতো বিখ্যাত বই নদীতে ফেলে দিচ্ছেন কেন?’ জবাবে হালাকু খান বলেছিলেন, ‘যেই বই নগরীকে রক্ষা করতে পারে না, সেই বই দিয়ে কী করব! ’
ইতিহাসে বলা আছে, বাগদাদের লাইব্রেরিতে এতো এতো বই ছিল যার ফলে টাইগ্রিস নদীর গতিপথ পরিবর্তন হয়েছিল এবং আরও বলা হয়েছে নদীর পানির রং পর্যন্ত কালো হয়েছিল। ইতিহাস আমাদের এটাই শিক্ষা দেয় দেশকে রক্ষা করার জন্য লাইব্রেরির পাশাপাশি পেশি শক্তিরও প্রয়োজন আছে। আমি লাইব্রেরির গুরুত্বকে খাটো করে দেখছি না, দেখার বিন্দুমাত্র অবকাশ নেই। কোনো দেশের সামগ্রিক উন্নয়নের জন্য লাইব্রেরির প্রয়োজনীয়তা অবশ্যই ব্যাপক থেকে ব্যাপকতর। আমি এটা বুঝাতে চাচ্ছি, দেশকে শত্রুমুক্ত করার জন্য সামরিক শিক্ষা বা খাতকে শক্তিশালি ব্যতীত সম্ভব নয়। কেননা শিক্ষার বিভিন্ন দিক কিংবা মুখ রয়েছে। শিক্ষা হতে পারে নৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা, সামরিক শিক্ষা, রাজনৈতিক শিক্ষা ইত্যাদি। যেমন আপনি সব বিষয়ে জানেন কিন্তু নৈতিকতা নেই তাহলে আপনার মধ্যে অহমিকা দেখা দিবে । ফলে মানুষ আপনাকে অশিক্ষিত বলবে। আবার আপনার মধ্যে সব শিক্ষাই আছে কিন্তু সামরিক শিক্ষা নেই তাহলে নিজের দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন না। যেমনটি বাগদাদ ব্যর্থ হয়েছে।
চলুন একটু ভেবে দেখি, মনে করেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বাগদাদ নগরী। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এক একটি বাগদাদ। বাগদাদে যেমন লাইব্রেরি ছিল আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও লাইব্রেরি আছে। ওখানকার লাইব্রেরিতে যেমন বিখ্যাত বই ছিল তেমনি আমাদের লাইব্রেরিতেও সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, ম্যাকিয়াভেলি, রবীন্দ্রনাথ, নজরুলের বই রয়েছে। রয়েছে দেশি বিদেশি আন্তর্জাতিক মানের জার্নালও। আর আত্মহত্যাকে মনে করছি মঙ্গোলীয় জাতির আগ্রাসন হিসেবে। মোঙ্গলীয়রা যেমন নিজেদের সীমানাকে বাড়ানোর চেষ্টা করত তেমনি আত্মহত্যা তরুণ শিক্ষার্থীদের উপর আক্রমণ চালাচ্ছে। আত্মহত্যার সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। আঁচল ফাউন্ডেশন বলছে, গত এক বছরে সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৫১৩ জন শিক্ষার্থীর আত্মহননের পথ বেছে নিয়েছে। শিক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা ও উদ্বেগ পেলেই আত্মাহত্যা সাপের মতো ছোবল মারছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আত্মহত্যা করছে! তবে আত্মাহত্যা রোধ করতে ব্যর্থ হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো। এখানে বিশ্ববিদ্যালয় বলতে পুরো সিস্টেমকেই (শিক্ষা পদ্ধতি, সহপাঠী এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক) বোঝানো হয়েছে। ফাইরুজ অবন্তিকার আত্মাহত্যা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রক্টর সেই ব্যর্থতার দায় অকপটে স্বীকার করেছেন।
বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা শিক্ষার আঁতুড়ঘর হিসেবে জানি ও মানি। শিক্ষাপ্রতিষ্ঠান একটি শিক্ষার্থীকে ‘ফুল’ হিসেবে গড়ে তোলার পবিত্র স্থান। যেই ফুলের সুবাস দেশের প্রত্যেকটি সেক্টরে প্রস্ফুটিত ও সুভোশিত হবে কিন্তু পাপড়ি ফোটার আগেই অগণিত প্রাণ অকালেই ঝরে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় আমাদের সাদা-কালো, ঠিক- বেঠিকের ব্যবধান জানায় ও শেখায়। কিন্তু বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্র অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এখানে রামদা নিয়ে মারপিটের চর্চা করা হচ্ছে, একশটি ধর্ষণ করে সেঞ্চুরির উদযাপন করা হচ্ছে, শিক্ষক কর্তৃক ছাত্রীদের হয়রানি ও নির্যাতন করা হচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, যে শিক্ষকরা এসব ঘৃণিত কাজ করছে তাদের কিছুই হচ্ছে না। বেশি জোর হলে ৬ মাস কিংবা ২ বছরের জন্য সাময়িক বহিষ্কার হচ্ছে। আমি এটাকে শাস্তি বলতে নারাজ। তবে আরাম দণ্ড বলা যেতে পারে। কেননা ৬ মাস কিংবা ২ বছর ছুটি কাটিয়ে আবার নিজের জায়গায় রাজার বেশে স্থলাভিষিক্ত হচ্ছে। এখানে শুধু শিক্ষকদের দোষ দিয়ে সমস্যা সমাধান হবে না। বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের সাথে চাকরির সিলেবাসের সম্পূর্ণ অমিল রয়েছে। চার কিংবা পাঁচ বছর পড়াশোনা করে চাকরির জন্য একদম নতুন করে শুরু করতে হচ্ছে। ফলে অনিশ্চিত ভবিষ্যৎ, অর্থনৈতিক কলহের জন্য হতাশায় ভুগতে হচ্ছে। আত্মহত্যা রোধ কিংবা সচেতনতা বৃদ্ধি করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সভা বা সেমিনার চোখে পড়ে না। বর্তমান পরিস্থিতিতে অন্তত দুই তিন মাসের মধ্যে একটি সেমিনার করা উচিত।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এসআরএস

