রেল দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। রেল সংশ্লিষ্টদের অবহেলা আর যাত্রীদের অসচেতনতায় এসব দুর্ঘটনা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। প্রতিটি দুর্ঘটনা ঘটার পরে তদন্ত কমিটি হয়, দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষ্য গ্রহণ চলে তদন্ত প্রতিবেদনও দাখিল হয়। দোষী রেল কর্মীদের হালকা শাস্তি প্রদানের মধ্যেই শেষ হয়ে যায় সবকিছু। কিন্তু তদন্ত প্রতিবেদনের দেয়া সুপারিশের আলোকে কোনো কিছুই করা হয় না, সমাধান হয় না ত্রুটি-বিচ্যুতির। ফলে ট্রেন দুর্ঘটনা বেড়েই চলে জ্যামিতিক হারে।
প্রতিটি রেল দুর্ঘটনার পর পরই তদন্ত কমিটি গঠিত হলেও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কোনো নজির নেই। বরং অধিকাংশ ক্ষেত্রেই দুর্ঘটনার জন্য দায়ীদের সাময়িক বরখাস্ত কিংবা তিরস্কারের মধ্যেই শাস্তি নিষ্পত্তি করা হয়েছে। এতে একদিকে যেমন রেল সংশ্লিষ্টদের অবহেলা বাড়তে থাকে, অন্যদিকে ঘটতে থাকে রেল দুর্ঘটনার পুনরাবৃত্তি।
অপরদিকে ট্রেন চালকসহ পরিবহন বিভাগের একাধিক কর্মকর্তা বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দুর্ঘটনা-পরবর্তী সময়ে বিভিন্ন তদন্ত কমিটি গঠন হলেও তাদের প্রতিবেদনে শুধু ট্রেনচালক, স্টেশন মাস্টার ও পরিবহন কাজ-সংশ্লিষ্টদের ওপর দোষ চাপিয়ে দেয়া হয়। লুপ, শাখা ও মেইন লাইনের ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটলেও দায় চাপানো হয় পরিবহন বিভাগের ওপর। লাইনের ত্রুটির জন্য ব্যবস্থা নেয়ার কথা সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরের বিরুদ্ধে।
এভাবেই পরিবহন ও প্রকৌশল বিভাগের একে অন্যের ওপর দোষ চাপানোর প্রতিযোগিতায় আড়াল হয়ে পড়ে প্রকৃত ঘটনা। ফলে একই লাইনে বারবার দুর্ঘটনা ঘটলেও পরবর্তীতে তা এড়ানোর কোনো পদক্ষেপ নেয়া হয় না।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, গত ৬ বছরে (২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ২৩ অক্টোবর পর্যন্ত) ১ হাজার ১১৬টি রেল দুর্ঘটনায় ১ হাজার ৩৪৫ জন নিহত ও ১ হাজার ৩০২ জন আহত হয়েছেন। আর ২০২৩ সালে রেলপথে ৫২০টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত ও ৪৭৫ জন আহত হয়েছেন। মোট দুর্ঘটনার মধ্যে অধিকাংশই ঘটেছে ট্রেন লাইনচ্যুত হয়ে। অঙ্কের হিসাবে এটা ৯০ শতাংশ।
এসব দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে যে বিষয়গুলো আলোচিত হয়ে আসছে, তার মধ্যে রয়েছে- ট্রেনের চালক কর্তৃক সিগন্যাল অমান্য করা, ঢাকার লোকোশেডে ইঞ্জিন ঘোরানোর যন্ত্র (টার্ন টেবিল) নষ্ট থাকায় উল্টো ইঞ্জিন চালানোর কারণে ইঞ্জিনের পেছন দিক থেকে সময়মতো সিগন্যাল দেখতে না পাওয়া, ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়া এবং স্টেশন মাস্টারের ভুল সিগন্যাল দেয়া ইত্যাদি।
সংশ্লিষ্টরা বলছেন, এসব কারণের সবই প্রতিরোধযোগ্য। মূল কারণ হলো নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে গাফিলতি। এগুলোর মধ্যে রয়েছে- ট্রেনের ইঞ্জিনে সিসি ক্যামেরা স্থাপন, ট্রেন পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়মিত প্রশিক্ষণ, চালকদের শূন্য পদ দ্রুত পূরণ করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সুপারিশগুলোর কোনোটিই বাস্তবায়িত হয়নি। যে কারণে ট্রেন দুর্ঘটনা ঘটছেই।
আমরা মনে করি রেলের দৃশ্যমান নতুন নতুন অবকাঠামো নির্মাণের পাশাপাশি রেলওয়ের বিদ্যমান অবকাঠামো, রেলপথ, সেতু, ইঞ্জিন ও বগির যথাযথ রক্ষণাবেক্ষণ, রেলওয়ের সিগন্যাল ও নিরাপত্তাব্যবস্থার আধুনিকায়ন করা না হলে এবং পর্যাপ্তসংখ্যক লোকবল ও প্রশিক্ষণের ব্যবস্থা করে যথাযথ তদারক করা হলে রেলপথে দুর্ঘটনা ও জীবনহানি বন্ধ করা যাবে। এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ জরুরি।
মানবকণ্ঠ/এফআই

