নটরডেম কলেজে ছাত্র রাজনীতি কখনোই ছিল না। এরপরেও সেখানকার ছাত্ররাই পরবর্তীতে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন। সরকারি ও বেসরকারি বিভিন্ন ক্ষেত্রেও তারা নেতৃত্ব দিচ্ছেন। এর কারণ হলো, সেখানে রয়েছে সংগঠন করার বিস্তর সুযোগ এবং সংগঠনগুলো সক্রিয়। ছাত্ররা ডিবেট ক্লাব, চেস ক্লাব, নেচার ক্লাব, বিজ্ঞান ক্লাবসহ বিভিন্ন সংগঠনে সক্রিয় থাকে। এসব কর্মকাণ্ড তাদের মধ্যে মানবিক ও সামাজিক গুণাবলি বৃদ্ধি করে। দেশসেরা বিতার্কিকরাও এ কারণেই বেরিয়ে আসে নটরডেম থেকে। কিন্তু বর্তমান আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরে ২০১৯ সালে সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। এতে আমরা দেখেছি, সেখানে এই পাঁচ বছরে হানাহানি, হল দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন-খারাবি ও সন্ত্রাস হয়নি। ছাত্রদের দলবেঁধে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে হয়নি। এটা ছাত্ররা পছন্দ করছে বলেই, সম্প্রতি আবারো তারা ছাত্র রাজনীতি ঢোকানোর প্রচেষ্টার প্রতিবাদে সোচ্চার হয়ে উঠছে। প্রতিরোধকারীদের বিভিন্নভাবে রং দেয়ার চেষ্টা হচ্ছে তবে তাদের পক্ষে যে, বিপুল সংখ্যক শিক্ষার্থীরা রয়েছেন তা বুঝতে অসুবিধা হচ্ছে না।
আমাদের ছাত্র রাজনীতি শুরু থেকেই ছিল, রাজনৈতিক দলগুলোর অঙ্গ সংগঠন। পরে আদালতের নির্দেশে ভ্রাতৃপ্রতিম সংগঠন বলা হলেও বাস্তবিক রয়েছে সেই লেজুড়বৃত্তির অঙ্গ সংগঠন হিসেবেই। স্বাধীনতার পরেও তারা স্বৈরাচার এরশাদ সরকারের পতনে ভূমিকা রেখেছেন তবে তা দেশে সুষ্ঠু ধারার গণতন্ত্র ফিরিয়ে আনতে পারেনি। এ সময়ে ছাত্র রাজনীতির অন্ধকার দিকই মানুষের চোখে পড়েছে। ছাত্ররা বিভিন্ন কারণেই সরকারি দল সমর্থিত রাজনীতি করছে। তারা ছাত্রজীবনে প্রভু রাজনৈতিক দলে জনসভার জন/মনিস হিসেবেই ব্যবহƒত হয়েছে এবং দলের পক্ষে সেøাগান দিয়েছে। তারা যে নেতার অনুসারী তার পক্ষে খুন-খারাবি, দাঙ্গা-হাঙ্গামা, চাঁদাবাজি, ত্রাস সৃষ্টি, টেন্ডার দখল, আধিপত্য বিস্তার ইত্যাদি কাজ করেই হাত পাকায়। ছাত্র জীবন শেষে তাদের অনেকেই এসব কর্মকাণ্ডে জড়িত থেকে যায়। অনেকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা না থাকার পরেও চাকরিতে ঢুকে যায় শিক্ষক/কর্মকর্তা হিসেবে। দ্বিতীয়ত দেশে এমন কিছু চাকরি রয়েছে যা দেয়া হয় একদম রাজনৈতিক বিবেচনায়। এসব ক্ষেত্রে সরকারি দলের ছাত্র সংগঠন করা খুবই কাজে লাগে। আমি একটি বিশ্ববিদ্যালয়ে দেখেছি, সেখানকার অধিকাংশ কর্মকর্তাই ঢুকেছেন ছাত্র রাজনীতি করে। তারা এখনো তেমন কোন কাজকর্ম করেন না। বিভিন্ন বিষয় নিয়ে রাজনীতি করেন। ছাত্র জীবনে তাদের যারা প্রভু ছিলেন এখনো তাদের আনুগত্য প্রদর্শন করেই টিকে আছেন। একজন
ছাত্রনেতা চাকরি পেয়েই এক কর্মচারীর সুন্দরী মেয়েকে জোর করে বিয়ে করলেন। তার বিরুদ্ধে আগের এক স্ত্রীকে খুন করার এবং আরেক স্ত্রী নিপীড়নের কারণে তাকে ডিভোর্স দিয়ে চয়ে যাওয়ার অভিযোগ ছিল। পরে যৌতুকের দাবিতে তৃতীয় স্ত্রীকেও হত্যা করলে অন্য কর্মচারীরাও ক্ষেপে ওঠেন এবং ওই কর্মকর্তা আত্মগোপনে চলে যান। এই কর্মকর্তা আলোচিত বিশ্বজিৎ হত্যাকাণ্ডেও জড়িত ছিলেন। দলান্ধ ছাত্রনেতাদের কিভাবে মানবিকতা নষ্ট হয়ে যায়, বিশ্বজিৎ হত্যাকাণ্ড ছিল তার জ্বলন্ত প্রমাণ।
শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসা ছাত্রনেতাদের কজন আজ জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন? এই সংখ্যাটা খুব বেশি নয়।
বর্তমান সংসদের ৩৪৫ জন সংসদ সদস্যের মধ্যে কতজন শীর্ষ পর্যায়ে ছাত্রদের নেতৃত্ব দিয়েছেন? সংখ্যাটি খুবই কম- ১০%ও হবেন না। কারণ এই সংসদের সরাসরি নির্বাচিত ৩০০ জনের মধ্যে ২শ জনই ব্যবসায়ী। রাজনীতি প্রকৃত পেশা হিসেবে রয়েছে এমন এমপির সংখ্যা একেবারেই হাতে গোনা। প্রতি বছর বিশ্ববিদ্যালয়, কলেজ, কেন্দ্র, জেলা, উপজেলা পর্যায়ে এতো নেতা তৈরি হচ্ছে তারা কোথায় হারিয়ে যাচ্ছেন? আমাদের রাজনীতি সাম্প্রতিক সময়ে হয়ে উঠেছে অর্থনির্ভর। আমি গত দুটি ইউপি নির্বাচনে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে খোঁজ নিয়ে দেখেছি বিজয়ী প্রত্যেকেই বিজিতের চেয়ে সম্পদশালী। যিনি বেশি টাকা খরচ করছেন তিনিই বিজয়ী হয়েছেন। আমাদের উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে কখনোই কোনো ছাত্র নেতাকে বিজয়ী হতে দেখিনি। এটা তাদের গ্রহণযোগ্যতার অভাবই প্রমাণ করে।
আমরা অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি দেখেছি। সেখানে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই ছাত্র সংগঠনের সাথে। পাকিস্তানের ইমরান খান ও বেনজির ভুট্টো সেখানে নেতৃত্ব দিয়েছেন। বেনজির অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট হন। ভারতবর্ষের আরো বহু নেতাই সেখানে রাজনীতির সাথে সম্পৃক্ত থেকেছেন। এতে তারা ছাত্রদের উন্নয়নের জন্য বিভিন্ন বিষয়ে কাজ করেন। জ্যোতি বসুও ইংল্যান্ডে অধ্যয়ন করতে গিয়েই রাজনীতিতে জড়িয়ে পড়েন। জাতীয় রাজনীতি নিয়ে তারা সচেতন থাকলেও বিশ্ববিদ্যালয়ে জাতীয় রাজনীতিকে টেনে আনেন না। বিপরীতে আমাদের ছাত্র রাজনীতি ঘুরপাক খায় জাতীয় রাজনীতির লেজুরবৃত্তি হিসেবে। যদি গণসংগঠনের মতো আমাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ১০/১২টি সংগঠন থাকতো। যেমন সাংস্কৃতিক, সাহিত্য, বিতর্ক, বিজ্ঞান, প্রকৃতি, পরিবেশ, দাবা, ভ্রমণ, পাঠাগার/পাঠচক্র, সম্পাদনা ও অনুসন্ধান ইত্যাদি সংগঠনের মধ্যে প্রত্যেক ছাত্র অন্তত তিনটি সংগঠনের সাথে যুক্ত থাকবেন। এসব সংগঠন নিয়ন্ত্রণ করার জন্য একজন সমন্বয়কারী বা প্রেসিডেন্টও নির্বাচিত হতে পারেন। প্রত্যেকটি সংগঠনেই নির্বাচন হবে এবং ছাত্ররাই তা করবেন। ক্যাম্পাসে পোস্টার ও ব্যানার টানানো নিষিদ্ধ করতে হবে। কেউ চাইলে বুকলেট বা লিফলেট বিলি করতে পারবেন। তবে তাদের বিলি করা বুকলেট বা লিফলেট যদি ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করে তবে তার দায় নিতে হবে এবং ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে হবে। তাতে ছাত্রদের মধ্যে সংগঠন করার অভিজ্ঞতা অর্জিত হবে এবং তারা ভবিষ্যতে আরো ভালোভাবে নেতৃত্ব দিতে সক্ষম হবেন। এখন দলীয় রাজনীতিতে সাধারণ ছাত্রদের কোনো সম্পৃক্ততাও নেই। তারা ভোট দিয়ে কোনো নেতা নির্বাচনও করেন না। এমনকি দেশে কোনো সক্রিয় ছাত্র সংসদও নেই।
রাজনৈতিক নেতারা কতিপয় ছাত্রকে নেতার দায়িত্ব দেন তাদের পক্ষে অবস্থান করে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাওয়ার জন্য। তারা কোনোভাবেই ছাত্রদের প্রতিনিধিত্ব করেন না এবং ছাত্রদের কল্যাণে কোনো কাজও করেন না। এতে বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে বিতর্ক, বার্ষিকী, শিক্ষা সফরের মতো বিষয়ও উঠে গিয়েছে।
রাজনৈতিক নেতৃবৃন্দ এটা চাইবেন না। তারা মনে করছেন, সরকার দলীয় ছাত্রসংগঠন তাদের ক্ষমতায় রাখতে ভূমিকা রাখছে এবং তারা না থাকলে বিরোধীরা বিশ্ববিদ্যালয়/কলেজে সংগঠিত হয়ে মাথাচাড়া দিয়ে উঠবে এবং তা ক্ষমতাসীনদের জন্য ভীতি তৈরি করবে। আজকে বুয়েটের দিকে তাকালে স্পষ্ট হয় যে, সেখানকার শিক্ষার্থীরা কোনোভাবেই চাচ্ছেন না, সেখানে কোনোরূপ দলীয় রাজনীতি প্রবেশ করুক। তাদের মধ্যে দলীয় রাজনীতির প্রতি ভয়ানক ভীতি তৈরি হয়েছে। তারা যেকোনো দলীয় রাজনীতিই ঠেকিয়ে দিতে সক্ষম হবেন। আমরা সেখানে কোনো বিরোধী দলের রাজনীতিও প্রত্যক্ষ করিনি। অন্য বিশ্ববিদ্যালয়গুলোও যদি একইভাবে দলীয় ছাত্র রাজনীতি রুখে দিতে পারে এবং নিজেদের বিকাশের জন্য বিভিন্ন সংগঠন গড়ে তুলতে পারে তাহলে আমাদের শিক্ষার মানে একটি উল্লম্ফন ঘটবে। আজ যে পৃথিবীর ১৩৮টি দেশের মধ্যে শিক্ষার মানে আমাদের অবস্থান ১২৩তম যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন এবং ধারাবাহিকভাবে আমরা পিছিয়ে যাচ্ছি তার অন্যতম কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় রাজনীতির কুপ্রভাব। এটা শুধু ছাত্রদের রাজনীতির ফলই নয়, শিক্ষক ও কর্মকর্তা/কর্মচারীদের দলভিত্তিক রাজনীতিও এখানে প্রভাব রাখছে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি আসছেন দলীয় রাজনীতি করে। অন্য শিক্ষকরাও সেটা জানেন বলে, তারাও ভিসির কাছ থেকে রাজনীতি করার সুবিধা নিতে চান। কর্মকর্তা/কর্মচারীরাও সুবিধা নেন। একজন কর্মচারীর সাথে সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা হলো। তিনি আমার পরিচিত। বললেন, তার পুত্রকেও চাকরি পাইয়ে দিয়েছেন ১২ লাখ টাকার বিনিময়ে। এর মধ্যে তিনি ব্যাংক থেকে ৬ লাখ টাকা ঋণ নিয়েছেন বাকি টাকা জোগাড় করেছেন বাইরে থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে। এখন ছেলের নামেও ঋণ করতে চান কিন্তু ব্যাংক দিচ্ছে না প্রভিশন পিরিয়ড পার হয়নি বলে। এই যে, ছেলেটি এতো টাকা দিয়ে চাকরিতে ঢুকল তার কাছ থেকে কে বা কারা টাকা নিল? কেন
বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মকর্তা/কর্মচারী পদে টাকা বা দলীয় পদের কারণেই নিয়োগ পাওয়ার অভিযোগ উঠছে? বিশ্ববিদ্যালয়ের ভিসিদের বিরুদ্ধে বিপুলভাবেই দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠছে। এর অর্থ ভিসিরা অনেকেই নিয়োগ পেয়েই বিশ্ববিদ্যালয়ের উন্নতির পরিবর্তী দুর্নীতি ও স্বজনপ্রীতি নিয়েই ব্যস্ত থাকেন। এটা করতে তারা লজ্জিত হচ্ছেন না এবং তাদের কেউ বাধা দিচ্ছেন না। বরং শেষ সময়ে ছাত্রনেতারা তাদের আটকে রাখছেন তাদের পছন্দের নিয়োগগুলো দেয়ার জন্য। আমরা দেখছি কেউ কেউ শেষ দিনে বিজ্ঞপ্তি ছাড়াই অবৈধভাবে অসংখ্য নিয়োগ দিয়ে যাচ্ছেন। শেষ দিন এমনটা কেন করতে হচ্ছে?
লেজুড়বৃত্তির ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা/কর্মচারীদের এমন রাজনীতি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ক্যান্সারের মতো অনিয়ন্ত্রিতভাবে বিস্তার লাভ করেছে। শিক্ষার মান যদি এক, দলীয় রাজনীতির কারণেই এভাবে পড়ে যেতে থাকে তবে তা সাধারণ শিক্ষার্থীদেরও ভাবতে হবে। তারা যদি পড়াশোনা/গবেষণা না করেই সনদ নিয়ে বেরিয়ে আসেন তবে তা তাদের জীবনকে সুন্দর ও সাবলীল করবে না। তারা নষ্ট রাজনীতির বলয়ে থেকে নিজেদের নষ্ট মানুষ হিসেবেই তৈরি করে দেশের জন্য ক্ষতির কারণ হয়েই দাঁড়াবেন। তারা রাজনীতি বা চাকরি যেখানেই ঢুকবেন তা নষ্ট করবেন। দেশ থেকে টাকা পাচার করে দেশের ক্ষতি করবেন, গণতন্ত্রকে ধ্বংস করে বৈষম্য বাড়িয়ে দিয়ে দরিদ্র প্রান্তিক মানুষের জীবনকে বিষময় করে তুলবেন। তাদের অমানবিকতা ও অসামাজিকতার বলি হবে শেষ পর্যন্ত আমাদের প্রিয় বাংলাদেশ।-লেখক: কবি, সংগঠক ও নটরডেমিয়ান

