জনপদের নাম জয়দিয়া। এ জনপদের বিশেষত্ব হচ্ছে জয়দিয়া বাঁওড় ও জেলেদের জনজীবন। যতদূর চোখের দৃষ্টিসীমানা, ততদূর পর্যন্ত জলমগ্ন শুভ্রতার আবহে মন-প্রাণে দারুণ ভালোলাগা সঞ্চারিত হয়। বিপুল জলরাশি, নান্দনিক সৌন্দর্য, অসংখ্য জলজ উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল হিসেবে জয়দিয়া বাঁওড় দেশের জলাভূমির এক গুরুত্বপূর্ণ অংশরূপ। বাঁওড়-এর প্রান্তীয় এলাকার তুলনামূলক উঁচু ভূমিগুলো সাধারণত ধান চাষ এবং গো-চারণের জন্য ব্যবহৃত হয়ে থাকে। বর্ষা মৌসুমে বাঁওড়ের জলে দুকূল প্লাবিত হয়। জয়দিয়া বাঁওড়কে কেন্দ্র করে মৎস্যসম্পদ, নান্দনিক সৌন্দর্য, প্রাণ-প্রকৃতি ও বাস্তুতন্ত্র আর বাঁওড়পাড়ের আদিবাসিন্দা মৎস্যজীবী হালদার সম্প্রদায়ের যাপিত জীবন, লোকজ্ঞান, কৃত্য-রীতি এবং লোকায়ত ব্যবস্থাপনাগত সম্পর্ক, কৃষি, অর্থনীতি ও সংস্কৃতি ঋদ্ধ হয়েছে। জলাভূমি-আলাপে প্রান্তিক অবস্থানে বাঁওড় পরিগণিত হয়।
জলের দেশ- বাংলাদেশে নদ-নদী-বিল-খাল-পুকুর-ডোবা-দোহা-ছড়া-ঝিরি-হাওর জলাভূমি হিসেবে পরিচিত হলেও বাঁওড়ের বিষয়টি মূলধারার জলাভূমি-আলাপে খুব একটা দেখা যায় না। বাঁওড় যেন জলাভূমির ভেতর নিদারুণ প্রান্তিক। এমনকি বাঁওড়ের ওপর নির্ভরশীল জেলেজীবনের গল্পও আড়ালেই থেকে যায়। আলোচ্য বাঁওড়টি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার অন্তর্গত সাফদারপুর ইউনিয়ন পরিষদের জয়দিয়া গ্রামসহ কয়েকটি গ্রামজুড়ে বিস্তৃত রয়েছে। এ বিশাল জলাভূমি আয়তনে ৪৬৪.৮৫ একর। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বাঁওড়, নদ-নদী, বিলসহ মোট ১০টি জলাশয়ের অস্তিত্ব জানা গেলেও বাকিসব অনুসন্ধানে কোন তথ্যাদি পাওয়া যায়নি। কোটচাঁদপুরের ১০টি জলমহালের মধ্যে অন্যতম জয়দিয়া বাঁওড়ের বর্তমান পরিস্থিতি, জেলেদের দাবিদাওয়া, আন্দোলনের ন্যায্যতা সম্পর্কে সংগঠকের বয়ানে যথাযথ কর্তৃপক্ষ ও দেশবাসীকে অবহিত করতে আলোচনাটির গুরুত্বপূর্ণ আবেদন রয়েছে।
দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে খুলনা বিভাগের ঝিনাইদহ জেলাতে অবস্থিত কোটচাঁদপুর উপজেলার দূরত্ব জেলা সদর থেকে দক্ষিণ-পূর্বে ৩০ কিলোমিটার। যশোর-চুয়াডাঙ্গা রোডের পাশে ছোট এই উপজেলা শহরটির অবস্থান। এই উপজেলার উত্তরে ঝিনাইদহ সদর উপজেলা, দক্ষিণে মহেশপুর উপজেলা, পূর্বে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা, পশ্চিমে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা ও ঝিনাইদহ সদর উপজেলা। কোটচাঁদপুর উপজেলাটি ঝিনাইদহ জেলার অন্যতম প্রশাসনিক এলাকা।
উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে প্রসিদ্ধ একটি মহকুমা বর্তমানের কোটচাঁদপুর উপজেলা। যার স্মৃতিচিহ্ন এখনো বহন করছে উপজেলার অসংখ্য পুরানো আমলের ভবন, রাস্তা ও জলাভ‚মির সমাহার। সবকিছু মিলিয়েই জয়দিয়া বাঁওড়ের জনজীবন, অর্থনীতি ও সংস্কৃতি প্রবহমান ছিল। ২০২৩ সালে বাঁওড়ে চালু মৎস্য নীতির ফলে জয়দিয়া বাঁওড়পাড়ের হালদার সম্প্রদায়ের জীবিকার্জনের পথ অবরুদ্ধ হয়ে পড়েছে। এখানে ৫ শতাধিক মৎস্যজীবী পরিবারভুক্ত ৫ হাজারের অধিক সদস্যের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে। জোর-জবরদস্তিমূলকভাবে কাউকে পেশা থেকে উচ্ছেদের অধিকার কারো নেই।
বাংলাদেশের প্রধান বাঁওড়গুলো মধ্যে জয়দিয়া বাঁওড় উল্লেখযোগ্য জলাকার। বিশ্বব্যাপী নিও-লিবারেলিজম অর্থনীতির দর্শনে চালিত বাণিজ্যিক কৃষি আর বাণিজ্যিক মৎস্যচাষের বিস্তার প্রবলভাবে খণ্ডবিখণ্ড করেছে জয়দিয়া বাঁওড়ের প্রাণ-প্রকৃতি ও বাস্তুতন্ত্র। এমনকি এর সঙ্গে হারিয়ে গেছে বাঁওড়পাড়ের জেলেজীবনের বহু লোকজ্ঞান, কৃত্য-রীতি এবং লোকায়ত ব্যবস্থাপনাগত দর্শন। এই জলাশয়গুলো আমাদের প্রাকৃতিক মৎস্য-সম্পদের সিংহভাগের উৎস এবং নানা ধরনের জলজ সবজি ও পাখির আবাসস্থল। তাছাড়াও শীত মৌসুমে উত্তর গোলার্ধ থেকে আগত অতিথি পাখিদের নির্ভরযোগ্য আশ্রয়ের ইতিহাস এখন অতীত।
নানা ধরনের পরিবেশবিনাশী তৎপরতা, অবৈধ হস্তক্ষেপ, দূষণ, দখল, অপরিকল্পিত পদক্ষেপ ও কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব-উদাসীন ভ‚মিকায় জলমহাল শূন্য প্রক্রিয়া দেদারছে বৃদ্ধি পাচ্ছে। সর্বত্রই দখলের কুপ্রভাবে জলাশয়বিলীন তন্মধ্যে পৃথিবীজুড়ে বর্তমান সময়ে অবশিষ্ট মোট ৫৪ লাখ বর্গ কিমি থেকে ৫৭ লাখ বর্গ কিমি জলাভূমির ভেতর ঝিনাইদহের কোটচাঁদপুরের জয়দিয়া বাঁওড়ও রয়েছে। সমাজভিত্তিক জলাভূমি ব্যবস্থাপনাই জলাভূমি সুরক্ষার মৌলিক ভিত্তি হিসাবে প্রমাণিত হয়েছে। আর জলাভূমিতে জেলেদের প্রথাগত অধিকার নিশ্চিতকরণের ভেতর দিয়েই কেবল তা সম্ভব ও সম্ভাবনার দিগন্তপ্রসারিত সাফল্য প্রাপ্তিযোগ ঘটেছে। ভূমি মন্ত্রণালয়, মৎস্যবিভাগ, স্থানীয় সরকার ও প্রশাসন এবং কর্তৃপক্ষকে জয়দিয়াসহ অন্যান্য বাঁওড়ের জীবনযন্ত্রণাকে বুঝতে হবে। প্রভাবশালী নয়, বাঁওড়ে জেলেদের প্রথাগত অধিকার প্রতিষ্ঠায় সকল পক্ষের দৃঢ় অঙ্গীকার ও জোরদার সক্রিয়তা জরুরি।
বাঁওড়ের অধিকার ফিরে পেতে সর্বমহলে আবেদন, নিবেদন, সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধনসহ নানাবিধ আন্দোলন কর্মসূচির মাধ্যমে গণঅবস্থান করেছেন জয়দিয়া হালদার পাড়ার বাসিন্দারা। জয়াদিয়া বাঁওড় পাড় থেকে কোটচাঁদপুর, জেলা শহর ঝিনাইদহ এবং রাজধানী ঢাকায় জেলেজীবন সুরক্ষা আন্দোলনে সমবেত হলেও দৃষ্টিগোচরে আসে না। বেঁচের থাকার আজন্মকালের অবলম্বন বাঁওড়ের ওপর নিরঙ্কুশ প্রথাগত স্বত্বাধিকারী জেলে স¤ত্রদায়ের দাবিকে কর্ণপাত করা হয় না।
২০২৩ খ্রিস্টাব্দের ১৩ এপ্রিল জয়দিয়া বাঁওড়ের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। সে প্রেক্ষিতে বিগত ২০২৩ খ্রিস্টাব্দের ১৪ এপ্রিল বাঁওড় থেকে উচ্ছেদের শিকার জেলে সম্প্রদায়। এ ঘটনায় বিপাকে পতিত বাঁওড় পাড়ের হালদার সম্প্রদায়ের মানুষেরা এই সরকারি সিদ্ধান্তকে বাতিলে বিক্ষুব্ধ হয়ে ওঠে। জয়দিয়া বাঁওড় পাড়ের ৫ সহস্রাধিক নারী-পুরুষ বাঁওড় তীরেই কর্মসংস্থানের দাবিতে আন্দোলন-সংগ্রামের সূচনা ঘটায়। আন্দোলনকারী জয়দিয়া সুফল ভোগী সমিতির সদস্য রসিক হালদার দৃঢ়ভাবে জানান, ‘বাঁওড়পাড়ে ৫ শতাধিক মৎসজীবী সম্প্রদায়ের ঘর-বসতি আছে। শতাব্দীর কাল ধরে বংশপরম্পরায় বাপ-দাদার আমল থেকে এ বাঁওড়ের কাজ করে জীবন-জীবিকা চলছিল। একটা প্রভাবশালী মহল বাঁওড় ইজারা নিয়েছেন।’ জয়দিয়া গ্রামের জেলেপাড়ায় সাক্ষাতে জগবন্ধু হালদার, প্রশান্ত হালদার, সন্তোষ হালদার, কার্তিক হালদার, শ্রীদাম হালদার, মাধব হালদার, পদ্ম রানী হালদার, শংকরী হালদার, অনিমা রানী হালদার, পুষ্প রানী হালদার, যমুনা হালদার, কালু হালদার, জগন্নাথ হালদার প্রমুখ বলেন, ‘বাপ-দাদার আমল থেকে এ বাঁওড়ে কাজ করে আসছি। এখন বাঁওড় ইজারা দেওয়ায়, তা হাতছাড়া হয়ে গেছে। বাঁওড় হারিয়ে আমরা কর্মহীন হয়ে পড়েছি। তারা দ্রæত বাঁওড়ের ইজারা বাতিলের দাবি জানান একইসাথে বাঁওড় ফিরে পেতে চাই।’
বাঁওড়গুলো ইজারা দিয়ে সরকার এককালীন টাকা পাচ্ছে, কিন্তু হালদার পরিবারগুলো কোথায় যাবে? এই সিদ্ধান্ত বাস্তবায়নের আড়ালে লুটপাট ও কমিশন বাণিজ্যে নিশ্চয় মৎস্যচাষীর কোনো লাভ হবে না। জয়াদিয়া বাঁওড়ের মৎস্যজীবী কৃষক ও ক্ষেতমজুর শ্রেণির মানুষের জন্য ইজারা হলো কর্মসংস্থান থেকে ছাঁটাই এবং কাঠামোবদ্ধ হত্যাকাণ্ডের নামান্তর। ভালো নেই হালদার সম্প্রদায়, জয়দিয়া বাঁওড়ের ওপর নির্ভরশীল পার্শ্ববর্তী কয়েক গ্রামের হাজার-হাজার জেলে পরিবার মানবেতর জীবন কাটাচ্ছে। এ অবস্থার অবসানে বিকল্প কোনো ব্যবস্থা এবং পুনর্বাসনের বিষয়টি নিয়ে আর কতটা মানবিক বিপর্যয় ঘটলে দায়িত্বশীলদের সদ্ভাবনা জাগ্রত হবে?
এক সময় স্লোগান ছিল ‘জাল যার জলা তার’। এখন জেলে সম্প্রদায়ের জাল থাকলেও জলা নেই। জেলার বাঁওড়গুলো মৎস্যজীবীরা দখল হারিয়েছেন। ২০২৩ সালে হালদার সম্প্রদায়ের আন্দোলনের বার্তা ক্ষমতাসীনদের নজরে পড়েনি, সহায়সম্বলহীন অনাহারী জেলেদের জীবনে নানান নির্যাতন-নিপীড়ন চালিয়ে মূক ও বধির বানিয়ে রাখার অপচেষ্টা চলছে। সম্পূর্ণ অর্থনৈতিক দেউলিয়া হয়ে পড়া বাঁওড়ের মানুষদেরকে পুনর্বাসনের জন্য কোনো রাষ্ট্রীয় উদ্যোগ বা প্রণোদনা নেই। সীমাহীন অভাব ও চরম কষ্টে থাকা জয়দিয়ার আদিবাসিন্দা হালদার জনগোষ্ঠীর দুর্দিন যেন পিছু ছাড়ে না। বিভিন্ন এনজিও, সংস্থা ও মাধ্যমের ঋণের বোঝায় জর্জরিত জয়দিয়া বাঁওড়ের বাসিন্দারা পৈতৃক ভিটামাটি বন্ধকী ও বিক্রয় করতে বাধ্য হচ্ছে। অনেকে দেশত্যাগের কথাও ভাবছেন। সংসারের বেহালদশা ও দুর্বিষহ পরিস্থিতিতে দিনাতিপাতকরা জেলেজীবনের শোষণমুক্তির অন্বেষা কোন পথে?
লেখক: জয়দিয়া বাঁওড় আন্দোলনের সংগঠক
মানবকণ্ঠ/এআই

