বাঙালি সংস্কৃতির ইতিহাস বহু পুরানো। প্রায় চার হাজার বছরের পুরাতন এই সংস্কৃতির রয়েছে বহুমাত্রিক ধারা। বাঙালি দর্শন, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য, প্রথা, উৎসব খুবই সমৃদ্ধ। বাঙালি সংস্কৃতির মধ্যে রয়েছে দর্শন, সঙ্গীত, নৃত্য, চিত্রকলা, স্থাপত্য, খাবার, পোশাক, শিল্প, নন্দনতত্ত্ব, কাব্য, সাহিত্য, চলচিত্র, উৎসব, খেলাধুলা, গণমাধ্যম, পারিবারিক অনুষ্ঠান ইত্যাদি। বাংলা অঞ্চলে বর্তমানে সাতটি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।
এগুলোর মধ্যে ঐতিহ্যবাহী বাউল সঙ্গীত, মঙ্গল শোভাযাত্রা, নববর্ষ, দুর্গাপূজা ও ইসলামী মূল্যবোধ অন্যতম। বাঙালির সংস্কৃতির প্রাণ হলো লোকসংস্কৃতি। এই লোকসংস্কৃতির ভিত্তিমূলে রয়েছে আদিবাসী সংস্কৃতি। এই সংস্কৃতির অন্যতম উপাদান হলো মরমি গান ও নবান্ন উৎসব। পরবর্তীতে নগর সংস্কৃতির বিকাশ ঘটতে থাকে। তবে নগর সংস্কৃতি যতই অগ্রগামী হোক না কেন বাঙালি সংস্কৃতির পরিমাপক সব সময় গ্রামীণ সমাজ। কৃষি জীবন ও নদ নদী বাংলার সংস্কৃতিকে নির্মাণ ও নিয়ন্ত্রণ করে থাকে। গ্রাম বাংলা সংস্কৃতির উৎস। লোক দর্শন, লোকশিল্প, লোকবিশ্বাস, সম্প্রীতি, গ্রামীণ পালা পার্বন, সহ অবস্থান, সৌহার্দ, বঙ্গ লোকাচার, প্রবল জীবন প্রবাহ, প্রতিবাদী চেতনা, ধর্মনিরপেক্ষতা, মানবিকতা বাঙালি সংস্কৃতির মৌলিক উপাদান বা বৈশিষ্ট্য। তবে একটি কথা মনে রাখতে হবে বাঙালি সংস্কৃতি অনেকটাই ধর্ম নিয়ন্ত্রিত। সনাতন ধর্ম ও ইসলামী মূল্যবোধে আচ্ছাদিত বাঙালি সংস্কৃতির ধাঁচ। বিভিন্ন পূজা- পার্বণ, মঙ্গল শোভাযাত্রা, পীর দরবেশদের দরগায় মানত, বন্দনা, ভক্তি, সমর্পণ ইত্যাদি ধর্মীয় অনুশাসনে সিদ্ধ। বাঙালি সংস্কৃতিতে পোশাক অনন্য ভূমিকা পালন করে। এখানে ধর্মীয় প্রভাব দেখা যায়। ধুতি, লুঙ্গি, চাদর, গামছা, ফতুয়া, পাঞ্জাবি, শাড়ি বাঙালি পোশাকি ঐতিহ্য। বিভিন্ন খেলাধুলায় বাঙালি সংস্কৃতির ছাপ স্পষ্ট। নৌকা বাইচ, লাঠিখেলা, কুস্তি, হাডুডু ইত্যাদি বাঙালি সংস্কৃতির নিদর্শন।
বাঙালি সংস্কৃতি গ্রামীণ প্রধান হওয়ায় এবং কৃষিভিত্তিক হওয়ায় এখানে প্রচলিত হয়েছে বিভিন্ন রসালো ধাঁধা, প্রবাদ, প্রবচন, মরমি সংগীত, কবি গান, মানব বন্দনা। লোকসংস্কৃতির ভিতর দিয়েই বাঙালির আত্ম পরিচয়ের সন্ধান মিলে। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার ঋত্বিক। লোক সংস্কৃতির নানা উপাদান নিয়ে তিনি গড়ে তুলেছিলেন তার ব্রতচারী আন্দোলন। দীনেশচন্দ্র সেন, চন্দ্রকুমার দে, আব্দুল করিম সাহিত্য বিশারদ, জসীমউদদীন, আশুতোষ ভট্টাচার্য বাঙালি সংস্কৃতি ও বাঙালি জাতির সত্তার স্বরূপ উদঘাটনে অনন্য ভূমিকা রেখেছিলেন। বাউল সম্প্রদায়ের অনবদ্য কীর্তি বাঙালি সংস্কৃতির উন্নয়নে মহীরুহ হিসাবে কাজ করেছে। “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি”-- এই গানটির জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে শিলাইদহের গগন হরকরার বাউল গানের দ্বারস্থ হতে হয়েছিল। চারণ কবি মুকুন্দ দাশের স্বদেশি যাত্রা ও গান বাঙালিকে মুক্তি পাগল করেছিলো। আমাদের দেশের নানা সংগ্রাম ও আন্দোলনের পশ্চাতে বাঙালি সংস্কৃতির অনন্য প্রভাব দৃশ্যমান। লৌকিক সমাজের কবি ও গায়কদের বিশেষ ভূমিকা রয়েছে এসব আন্দোলন আর সংগ্রামে। ভাষা আন্দোলনের গান বেঁধে এক বাউল কবি মহিন শাহ পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছিলেন। মুক্তিযুদ্ধেও এদের অসামান্য অবদান রয়েছে। বঙ্গবন্ধু এসব চারণ কবি, গায়ক ও লেখকদের খুব সম্মান করতেন।
সরলতা, প্রেম, দয়া, দানশীলতা, সহনশীলতা, আতিথেয়তা, মরমি চেতনা, প্রাকৃতিকতা বাঙালি সংস্কৃতির এক ধ্রুপদী ধারা। একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে বাউল দর্শন, বৌদ্ধ দর্শন, হিন্দু দর্শন বাঙালি সংস্কৃতির পিলার বা স্তম্ভ হিসাবে কাজ করেছে। মধ্যযুগে ইসলামের আগমনের ফলে সুফী দর্শন বিকশিত হতে থাকে যেটা মরমি চেতনায় সমৃদ্ধ ছিল। পরবর্তীতে সুফীবাদ বাঙালি সংস্কৃতির বিভিন্ন ধারাকে নিয়ন্ত্রণ করেছে। রামকৃষ্ণ, শ্রীচৈতন্য, মহাপ্রভূ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বৌদ্ধ দার্শনিক শান্তদেব, মহাবীর, শ্রীধর ভট্ট, সুফী সাধক শাহজালাল, বড়পীর, সৈয়দ আহমেদ শেরওয়ানি বাঙালি সংকৃতির মহীরুহ হিসাবে অবদান রেখেছেন। ইসলাম প্রসারের সাথে সাথে মুসলিম কবি, সাহিত্যিক, নেতা ও শাসকেরা বাঙালি সংস্কৃতির ওপর প্রভাব বিস্তার শুরু করে। বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হলো পহেলা বৈশাখ। এটি বাঙালিদের জাতীয় উৎসব, সার্বজনীন লোক উৎসব। পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়েছিলো পুরান ঢাকার মুসলিম মাহফরাস সম্প্রদায়ের দ্বারা।
মুসলিম সম্রাট আকবর বাংলা নববর্ষ বা বাংলা সন চালু করেছিলেন। বাংলাদেশে ১৪ এপ্রিল এবং ভারতে ১৫ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপন করা হয়। বাঙালি দিনপঞ্জির সাথে বৈশাখের নিবিড় বন্ধন রয়েছে। অনেকের মতে এটি শশাঙ্কের হাত ধরে এসেছে। তবে মুসলিম মোঘল সম্রাট আকবর এক্ষেত্রে অনবদ্য ভূমিকা রেখেছিলেন। তার নেতৃত্বে ১৫৫৬ খ্রিঃ ১০ মার্চ বা ৯৯২ হিজরিতে বাংলা সাল গণনা শুরু হয়। আকবরের সময় থেকেই মূলত পহেলা বৈশাখ উদযাপন শুরু হয় প্রাতিষ্ঠানিকভাবে। তবে পহেলা বৈশাখ উৎসবটি ঐতিহ্যগত। আধুনিক নববর্ষ পালনের খবর প্রথম পাওয়া যায় ১৯১৭ সালে। আদিবাসীরা বর্ষবরণ ( পানি উৎসব) করে থাকে একটু ভিন্ন আঙ্গিকে যা বৈসাবী উৎসব নামে পরিচিত।
হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এবং মুসলিমেরা তাদের নিজস্ব ধর্মীয় উৎসবগুলো অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করে থাকে। কিন্তু এই সব ধর্মের মানুষ একত্রে একটি উৎসবে যোগদান করে আর সেটা হলো পহেলা বৈশাখ। যেহেতু সকল ধর্ম বর্ণের মানুষ এই উৎসবে যোগদান করে তাই এটিকে সার্বজনীন বা সাম্যবাদী উৎসব বলা যায়। এক মহাভাতৃত্বের বন্ধন রচিত হয় বৈশাখী মঞ্চ থেকে। আমাদের সংস্কৃতির এক বিরাট সংযোজন হলো পহেলা বৈশাখ। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সমতাসাধক, ধারক এবং বাহক হলো এই বৈশাখ।
বৈশাখের সাথে বাংলা ভাষার এক অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। বাংলা ভাষাভাষী মানুষেরা বাংলা নববর্ষ উদযাপন করে নতুন কিছু হওয়ার আশা নিয়ে। ভারত ও বাংলাদেশের বাংলাভাষী মানুষের কাছে এই দিন বড়ই আনন্দের। ভাষা একটি সংস্কৃতিকে ডোমিনেট করে। বাংলা ভাষা তাই বৈশাখের প্রাণ। মাতৃভাষায় রচিত লোকসঙ্গীত বৈশাখকে দিয়ে থাকে এক ভিন্ন রূপ। বৈশাখে বাংলার ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যায়। মিষ্টি আর পিঠা তৈরির ধুম পড়ে যায়। বৈশাখে অতিথি আপ্যায়ন করা বাঙালিদের একটি বড় রেওয়াজ। বৈশাখের প্রায়োগিক দিক যেমন আছে তেমনি আছে এর প্রতীকী দিক। বৈশাখের সাথে ধর্মের কোনো বিরোধ নেই। যদিও কেউ কেউ বিরোধ খোঁজার চেষ্টা করে থাকেন। এ ধরনের লোক সব কালেই থাকে। দুধ ভাতেও কাঁটা খোঁজার কিছু লোক থাকে। তাতে কিছু যায় আসে না। বৈশাখ শান্তির প্রতীক, সাম্যের প্রতীক, শুদ্ধতার প্রতীক। বৈশাখ এমনই এক আয়োজন যেটার মূল সুর হলো সবার উপরে মানুষ সত্য। বাংলাদেশের অন্য কোনো উৎসব সব মানুষকে একত্র করতে পারে না, কিন্তু বৈশাখ সেটা খুব সহজেই পারে। বৈশাখ একটি অসাম্প্রদায়িক সর্বজনীন লোক উৎসব। বৈশাখ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের কাছে পরিচিত করে তুলেছে। ২০১৬ সালে ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে “মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য” হিসাবে ঘোষণা করে। ইউনেস্কো এটিকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। শোভাযাত্রায় গ্রামীণ জীবন এবং আবহমান বাংলাকে ফুটিয়ে তোলা হয়। বৈশাখ বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক। ১৯৪৭ এ পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছিল সাম্প্রদায়িক চেতনার ওপর ভিত্তি করে। কিন্তু কিন্তু অসাম্প্রদায়িক বৈশাখ সেই সাম্প্রদায়িক চেতনার মূলে আঘাত হানে। পাকিস্তান রবীন্দ্র সঙ্গীত প্রচারকে নিষিদ্ধ করে সাম্প্রদায়িকতার পরিচয় দিয়েছিল। কিন্তু বাঙালি সেটা মানেনি। বৈশাখ উদযাপন করে সেটার প্রতিবাদ করেছে। ১৯৬১ সালে রবীন্দ্র জš§শতবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র সঙ্গীত বাজিয়ে এর প্রতিবাদ করা হয়। ১৯৬৫ সালে ছায়ানট ১৫ এপ্রিল রবীন্দ্রনাথ ঠাকুরের গান, “ এসো হে বৈশাখ, এসো এসো” বাজিয়ে এবং গেয়ে বৈশাখকে বরণ করে নেয়া হয়। আর এর মধ্য দিয়ে অসাম্প্রদায়িক চেতনা প্রকাশ পায়। হিন্দু-মুসলিম সংস্কৃতির এক দারুণ মেলবন্ধন তৈরি হয়। বৈশাখ নিয়ে অপপ্রচার কম হয়নি কিন্তু বৈশাখের গায়ে এটি একটুও আঁচড় কাটতে পারেনি। বৈশাখ কখনোই গোষ্ঠী চেতনায় বন্দি হয়নি।
মুক্ত চেতনার ধারক ও বাহক হিসাবেই থেকে গেছে। যাহোক বাংলা বর্ষবরণ বাঙালি ঐতিহ্যের একটি বড় অংশ। মহাসমারোহে, সাড়ম্বরে, উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে এই দিনটিকে বাঙালি স্মৃতির পাতায় রেখে দিতে চায়। নতুন বছরের উদযাপনের সঙ্গে গ্রামীণ জীবন, কৃষ্টি, সংস্কৃতির নব নব বন্ধন তৈরি হয়। উৎসবের এই দিনে ঘর সাজানো, নতুন পোশাক পরা, বিভিন্ন ধরনের পিঠা, পায়েস, মিষ্টি আর খাবার তৈরি করা, আপ্যায়ন করা, দলবেঁধে মেলায় যাওয়া, অনুষ্ঠান উপভোগ করা, খেলার আয়োজন করাসহ বিভিন্ন রীতি আর রেওয়াজে প্রাণবন্ত হয়ে ওঠে বাংলা মাসের এই প্রথম দিনটি। নৌকা বাইচ, লাঠি খেলা, কুস্তিসহ নানান খেলায় মেতে ওঠে গ্রামের মানুষ। আদিবাসীরা বর্ষবরণ একটু ভিন্ন আঙ্গিকে করে থাকে। তারা বৈসাবি উৎসব করে থাকে। মারমা সম্প্রদায় বৈশাখে পানি উৎসবে মেতে ওঠে। যাহোক সমগ্র বাংলায় বৈশাখী মেলা ভাতৃত্বের এক নব ব্যঞ্জনা তৈরি করে। অনেকে আবার টক ও তিতা ব্যঞ্জন ভক্ষণ করে সম্পর্কের সকল তিক্ততা বর্জন করে প্রতীকীভাবে। ছোটরা বয়ঃজ্যেষ্ঠদের প্রণাম করে এই দিনে যার ফলে তৈরি হয় শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা আর সম্প্রীতির বন্ধন। শুধু বাংলাদেশ আর ভারতেই নয়, প্রবাসী বাঙালিরা বৈশাখ উদযাপন করে বিশ্বের নানা প্রান্তে বসে। বিদেশিরা প্রবাসীদের এই উৎসবে যোগ দেয় এবং বাংলা সংস্কৃতি সম্পর্কে অবগত হয়। বৈশাখ আমাদের সবার। কোন ধরনের হীনস্বার্থে আমরা যেন এর গায়ে কলঙ্ক না লাগাই।
লেখক: কবি ও কলামিস্ট
মানবকণ্ঠ/এসআরএস

