শিক্ষাপ্রতিষ্ঠানে ভয়াবহ এক কালচারের নাম র্যাগিং। এটা এখন শুধু বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, এই প্রথা ‘সংক্রামক ব্যাধি’র মতো ছড়িয়ে গেছে স্কুল-কলেজ পর্যায়েও। নতুন কেউ এলে তাকে ধরে যাচ্ছেতাই আচরণ করাই হচ্ছে র্যাগদাতাদের মূল উদ্দেশ্য। যারা এক বছর র্যাগের শিকার হন, তারা আবার পরের বছরের জন্য অপেক্ষা করেন নতুনদের র্যাগ দেওয়ার জন্য। এই অপেক্ষা যেন এক ‘পৈশাচিক আনন্দের’। কখন আসবে সেই সুদিন, কখন আসবেন নতুন ছাত্ররা। এ এক অসুস্থ প্রতিযোগিতা। আমরা চাই, এই অনাচার দ্রুত বন্ধ হোক। স্বস্তি ফিরে আসুক নতুন ছাত্রদের মাঝে।
শুধু র্যাগিংই নয়, শিক্ষার্থীদের বুলিংয়েরও শিকার হতে হয়। স্কুলগুলোতে বুলিংয়ের প্রচলন আছে, তবে অপবাদ ও ভয়ের কারণে সেটা প্রকাশ না করায় সঠিক তথ্য পাওয়া যায় না। এটি প্রায়ই ধ্বংসাত্মক পরিণতির দিকে নিয়ে কোনো কোনো শিক্ষার্থীকে। যার ফলে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ দিতে সমস্যা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিতি বাড়ে, এমনকি ড্রপআউটের ঘটনাও ঘটে। ২০১৯ সালে ইউনিসেফের একটি সমীক্ষায় বলা হয়েছে, বাংলাদেশে প্রতি চারজন শিক্ষার্থীর একজন সমবয়সীদের বুলিংয়ের শিকার হয়। ‘বিহাইন্ড দ্য নাম্বার : এন্ডিং স্কুল ভায়োলেন্স অ্যান্ড বুলিং’ শীর্ষক সমীক্ষায় দেখা গেছে, যেসব শিশু মাঝে মধ্যেই হয়রানির শিকার হয় তারা অন্য শিশুদের তুলনায় নিজেদের বহিরাগতভাবে এবং ক্লাসে তাদের অনুপস্থিতি প্রায় দ্বিগুণ হয়ে থাকে। তবে আশার কথা, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও নির্ভয়ে লেখাপড়া করার পরিবেশ তৈরির লক্ষ্যে নতুন নীতিমালা করছে সরকার। এতে বুলিং ও র্যাগিং বন্ধের পাশাপাশি নেতিবাচক প্রভাব ফেলে এমন আচরণের জন্য শিক্ষার্থী, শিক্ষক এবং গভর্নিং বডির সদস্যরা আসবে শাস্তির আওতায়।
বিশ্বায়নের যুগে আমাদের জীবনে নানান বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। ডিজিটাল এই যুগে তথ্যপ্রযুক্তি আমাদের কাজকে করেছে সহজ থেকে সহজতর। সহজলভ্য ইন্টারনেট এবং স্মার্টফোনের সুবাদে এখন হাতের মুঠোয় বিশ্ব নিয়ে এগিয়ে চলেছি আমরা। অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ ও এগিয়ে চলেছে বিশ্বায়নের সাথে। কিন্তু তথ্যপ্রযুক্তির জয়জয়কার যখনই ছড়িয়ে পড়েছে চারদিকে, তখনই এর অপব্যবহারও উঠেছে মাথাচড়া দিয়ে, সৃষ্টি হয়েছে নানারকম বিড়ম্বনা, অস্থিরতা ও বুলিং এর মতো আতঙ্ক। এই বুলিং বর্তমানে একটা রীতিতে পরিণত হয়েছে। অপরাধ জগতে অন্যতম একটি অপরাধমূলক কাজ হিসেবে সমাজে অস্থিরতা ছড়িয়ে রেখেছে এই বুলিং।
সাধারণত কাউকে হেয় বা ছোট করার উদ্দেশ্যে সচেতন বা অবচেতনভাবে শারীরিক বা মানসিকভাবে আক্রমণ করাকেই আমরা বুলিং বলে থাকি। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি-এর মতে, বুলিং হলো একধরনের অপ্রত্যাশিত ও আক্রমণাত্মক আচরণ। বুলিং কয়েক ধরনের হয়ে থাকে। যেমন: শারীরিক, মানসিক, মৌখিক কিংবা সাইবার। বর্তমানে দেশে সাইবার বুলিং অতিমাত্রায় লক্ষ্য করা যাচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায় এই সকল বুলিংয়ের শিকার হচ্ছে স্কুল-কলেজের ছেলেমেয়েরা। স্কুল পড়ুয়া শিশুদের মধ্যে ‘স্বাস্থ্য আচরণ’ শীর্ষক সমীক্ষা অনুসারে সাম্প্রতিক মাসগুলোতে ১৫ শতাংশ ছেলে এবং ১৬ শতাংশ মেয়ে অন্ততপক্ষে একবার সাইবার বুলিংয়ের শিকার হয়েছে এবং প্রতি ৬ জনে ১ জন শিশু বুলিংয়ের শিকার হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়। শুধু তাই নয়, বর্তমানে বাংলাদেশে প্রায় ৭৬ শতাংশ নারী একবার হলেও সাইবার বুলিং এর শিকার হয়েছে বলে জানা যায় যা অতিমাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে তাদের ওপর। বুলিং এর ফলে ভিক্টিম হীনম্মন্যতায় ভুগে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে না, এমনকি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায়। অতি সাম্প্রতিক ঘটনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা এই বুলিং এর স্বীকার হয়েই এক পর্যায়ে বাধ্য হয়ে আত্মহত্যা করেছে। বর্তমানে বাংলাদেশে বুলিংয়ের সর্বোচ্চ আক্রমণের শিকার হচ্ছে নারীরা যা তাদের জীবনের জন্য ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে।
বুলিং নামক এই অপরাধমূলক কাজ রোধে বাংলাদেশের বর্তমান সরকার সোচ্চার ভূমিকা পালন করে চলেছে। ২০১২ সাল থেকে শুরু করে প্রতিবছর ‘ংঃড়ঢ় পুনবৎ নঁষষরহম উধু’ উদযাপনসহ নানান পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। সাইবার বুলিং প্রতিরোধে গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম হলো, ডিজিটাল নিরাপত্তা আইনে বুলিংয়ে অভিযুক্ত ব্যক্তির জন্য জেল, জরিমানাসহ শাস্তির ব্যবস্থা রয়েছে। সেই সাথে বুলিংয়ের শিকার হলে আইনি সহায়তা পেতে ক্রাইম ইউনিট, সাইবার পুলিশ সেন্টারসহ ৯৯৯ এ অভিযোগ প্রদানের ব্যবস্থা রয়েছে। তবে সরকারের যথোপযুক্ত পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। তাই দেশে সর্বপ্রকার বুলিং প্রতিরোধে এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এসআরএস

