নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনীর সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার তসলিম হুসাইন কর্তৃক পর্যটকদের বেধড়ক এলোপাতাড়ি মারধর করার কথা আমরা পত্রিকায় দেখলাম। এর রেশ কাটতে না কাটতেই দেখলাম, শরীয়তপুরের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনকে টিকিট ছাড়া প্রবেশের দায়ে পাঁচ শিশুকে ৩ ঘণ্টা কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখতে। শিশুদের উপর এমন নিপীড়ন যেকোনো জাতীয় ও আন্তর্জাতিক আইনেরই লঙ্ঘন। হতদরিদ্র শিশুদের ঈদে বিনোদনের ব্যবস্থা করার দায়িত্বই বরং ওই নির্বাহীর। তিনি তা না করে উল্টো বিনোদনের সুযোগহীন ও হতদরিদ্র শিশুদের দমাতে কুৎসিতভাবেই নিপীড়ন করলেন। এসব করে তারা অভ্যস্ত হয়ে পড়েছেন এবং শাস্তিও এড়াতে পারছেন। ব্যতিক্রম দেখলাম, নকলা উপজেলার নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের ক্ষেত্রে। একটি জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক শফিউজ্জামান রানা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে তথ্য অধিকার আইনে আবেদন করেছিলেন। তিনি বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিভিন্ন প্রকল্পে কম্পিউটার ও ল্যাপটপ কেনাসহ আরো কিছু তথ্য চেয়েছিলেন। হয়তো এসব ক্ষেত্রে দুর্নীতি হয়েছে অনুমান করেই তিনি তথ্য চেয়েছেন। তথ্য দেয়া নিয়ে টালবাহানা ও বিতর্কের মুখে ইউএনও মোবাইল কোর্ট বসিয়ে এসিল্যান্ডকে দিয়ে সাংবাদিককে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলে পাঠান। ভুক্তভোগী একজন সাংবাদিক হওয়ায় তাতে ব্যাপক প্রতিক্রিয়া হয় এবং সাংবাদিক রানা দ্রুতই মুক্তি লাভ করেন। এক্ষেত্রেও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড সর্বোচ্চ লঘুদণ্ডই পাবেন। বদলির পরে তারা আবারো দায়িত্ব পাবেন।
কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনও একইভাবে সাংবাদিক নিপীড়ন করে তুমুল আলোচনায় এসেছিলেন। সুলতানা কুড়িগ্রাম শহরের একটি সরকারি পুকুর সংস্কার করে নিজের নামে রাখার উদ্যোগ নিলে তা নিয়ে রিপোর্ট করেছিলেন বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগান। ডিসি সুলতানা গভীর রাতে সাংবাদিকের ঘরে মাদক রেখে সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে সেই মাদক রাখার মিথ্যা অভিযোগে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। তার আগে রিগানকে উলঙ্গ করে নির্মমভাবে মারধরও করা হয়। এই অপকর্ম প্রকাশিত হলে তুমুল আলোড়ন তুলে দেশজুড়ে। মানুষের ধিক্কারের মুখে লঘুদণ্ড দেয়া হয়েছিল ডিসি সুলতানা পারভীনকে। কিন্তু পরবর্তীতে তাকে সেই শাস্তি থেকেও রেহাই দেয়া হয় এবং পদোন্নতিও দেয়া হয়। কাছাকাছি সময়ে জামালপুরের ডিসি আহমেদ কবীর একজন সুন্দরী নারী অফিস সহায়কের সাথে অফিসের মধ্যেই অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে তাকে প্রত্যাহার করা হয়েছিল। আমরা পুলিশ সুপারের কাণ্ডসহ এডিসি সানজিদা কাণ্ড, প্রদীপ কাণ্ড দেখলাম। এসব বিষয়ে মিডিয়ার সংবাদে দেশজুড়ে যতই তোলপাড়া হোক না কেন মনে হচ্ছে প্রশাসনের কিছুই তাতে যায় আসে না।
ব্যক্তিগতভাবে থানায় আমাকে দুবার ডেকে নিয়ে দেশ ছাড়তে অনুরোধ করেছিল। আমি তাদের লিখিত দিতে চেয়েছিলাম যে, আমি ব্যক্তিগতভাবে থানার কাছে কখনোই নিরাপত্তা চাই না। প্রথমে রাজি হলেও পরে থানা এমন লিখিত রাখতে অস্বীকৃতি জানায়। আমি থানার কাছে নিরাপত্তা চাই বা নাই চাই, তাদের দায়িত্ব রয়েছে নাগরিকদের নিরাপত্তা দেয়া। গণ-জাগরণ মঞ্চের পরে ব্লগারদের নিরাপত্তা ইস্যুতে আমরা এমন অনেকের কথাই জানি যাদের থানা ডেকে নিয়ে দেশ ছাড়তে বলেছিল। এমন বলাটা তাদের এখতিয়ার বহির্ভূতই ছিল। পুলিশের এখতিয়ার নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারিনি। একটি ভিডিও দেখেছি সম্প্রতি। জনৈক পর্যটককে ভোরবেলা পকেটে গাঁজা ঢুকিয়ে গ্রেপ্তার করছে পুলিশ। কিন্তু কেউ একজন পকেটে গাঁজা ঢোকানোর দৃশ্য মোবাইলে ধারণ করাতে রক্ষা পায় ওই পর্যটক। পরে পুলিশ ওই পর্যটকের বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে আসে। সেই ক্ষমা চাওয়ার সংবাদই পত্রিকায় এসেছে। এসব ক্ষেত্রে আগ্রাসী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদৌ বিচার সম্পন্ন হয় কি না তা আর পত্রিকায় আসে না। আমরাও তা আর জানতে পারি না। ফলে প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তোলার সাহস ক্রমশই কমে আসছে।
ধর্ষণের মামলা নিতে থানায় অস্বীকারের অগুণিত ঘটনা এদেশে ঘটে। বহু খুন, ডাকাতি, রাহাজানি, চাঁদাবাজির মামলা থানায় না নেয়াতে সরাসরি কোর্টে করা হয়। এক্ষেত্রে পুলিশের সাধারণ বক্তব্য হলো, মামলা করতে কেউ আসেনি। এটি নিয়েও একটি বিচারবিভাগীয় তদন্ত হওয়া দরকার। থানায় মামলা করতে গিয়ে পদে পদে হয়রানির বিস্তর ঘটনাই ঘটে। এখনো পুলিশ আসামির কাছ থেকে ঘটনা বের করতে সেই মারধরের চিরায়ত পদ্ধতিই প্রয়োগ করে। এতে অপরাধ না করেও অপরাধ স্বীকার করার বহু ঘটনাই আমরা দেখছি। আমার এক আত্মীয় যিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তার বিরুদ্ধে একটি মিথ্যা গুমের মামলা করে প্রভাবশালীরা। মামলাটি মিথ্যা বলেও থানাকে জানিয়ে তদন্ত ছাড়া গ্রেপ্তার না করার জন্য অনুরোধ করা হয়। কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে। আমরা জামিনের জন্য দৌড়াতে থাকি। পুলিশ তদন্ত করে গুম হওয়ার ঘটনার সত্যতা পায় না এমনকি যে ব্যক্তি গুম হয়েছে বলে অভিযোগ করা হয় সে নামেও কোনো ব্যক্তির অস্তিত্ব ছিল না। এতোসব প্রমাণের পরেও তাকে ৬১ দিন জেল খাটতে হয়। পরে মিথ্যা মামলাটি খারিজ হয়ে যায়। তখন বিভিন্ন সোর্স থেকে জানতে পারি যে, এমন মিথ্যা মামলায় বহু মানুষই দিনের পর দিন জেল খাটে। কোনোরূপ তদন্ত ছাড়াই এমন গ্রেপ্তার ন্যায় বিচারের পরিপন্থী। আমাদের অনেক মামলাতেই তদন্ত ছাড়া গ্রেপ্তার করা হয় এবং শেষে মামলা মিথ্যা বলে খারিজ হয়ে যায়। বিশেষ করে আইসিটি আইনে বহু শিক্ষার্থীই দীর্ঘদিন জেল খাটার পরে মামলা খারিজ হওয়ার পরে মুক্তি পান। এসব থেকে কেন সাধারণ মানুষ রক্ষা পাচ্ছে না?
জনপ্রতিনিধিদের সাথে জনগণের সম্পর্ক মারাত্মকভাবেই ব্যাহত হয়েছে সাম্প্রতিক সময়ে। নেতারা আর জনগণের ভোটের উপর নির্ভরশীল নন। তারা সম্পর্ক রাখতে চান মূলত প্রশাসনের সাথে। একদা জনগণ বিপদে পড়লেই দৌড়াতো নেতাদের কাছে। নেতারা জনগণকে নিয়ে যেতো প্রশাসনের কাছে। নেতার সাথে জনতার সম্পর্ক একটি শক্তি তৈরি করতো নেতার জন্য। তারা জনগণের শক্তিতে বলিয়ান হয়ে প্রশাসনের উপর চাপ প্রয়োগ করতো। জনগণও নেতাকে ভয় দেখাতোÑ যদি কাজ না করেন তবে ভোট দেব না। এখন জনগণেরও নেতাকে ভয় দেখানোর সুযোগ নেই। সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ধসে পড়ার সাথে সাথে জনগণের কাছ থেকে নেতারা বহু দূরে সরে গেছেন। তারা জানেন জনগণের সাথে সম্পর্ক রাখলেই জবাবদিহি করতে হবে, জনগণের কল্যাণে অর্থ ব্যয় করতে হবে এবং তাতে সময়ও নষ্ট হবে। এতে নেতা যে, শক্তিহীন হয়ে পড়েছেন, সেটা আর বুঝতে পারেন না। তাদের কথাকে প্রশাসন আর গুরুত্ব দেয় না। আমরা একজন এমপিকে দেখলাম, থানার ওসির সাথে দেখা করতে যাচ্ছেন ফুল নিয়ে। এভাবেই তারা শক্তিহীন ও ক্ষমতাহীন হয়ে পড়েছেন। স্বাভাবিকভাবেই সুযোগটা কাজে লাগাচ্ছেন, প্রশাসনের কর্তারা। তারা জনগণের সাথে সম্পর্কহীন নেতাকে গুরুত্ব দিচ্ছেন না। এতেও মূল ক্ষতিটা হয়েছে জনগণেরই। আজ যে, প্রশাসনের লোকদের কোনোভাবেই জবাবদিহিতার আওতায় আনা যাচ্ছে না তার কারণ জনগণের প্রকৃত প্রতিনিধি না থাকা। সুষ্ঠুভোটের মাধ্যমেই জনগণের প্রতিনিধিত্ব তৈরি হয়। সেটা ক্ষমতাকে বৈধতাও যেমন দেয়, তেমনি নেতৃত্বকে শক্তিশালী করে তোলে।
আজ আমাদের বহু নেতার বিরুদ্ধেই একটি সাধারণ অভিযোগ হলো, তারা জনগণ দেখলে মুখ ঘুরিয়ে রাখে। তাদের বিরুদ্ধে দাম্ভিকতা, অহংকার ও বাজে আচরণের অভিযোগ তোলা হয় অহরহই। অনেক নেতাই সিনিয়র সিটিজেন ও সিনিয়র নেতাদের সাথেও খারাপ আচরণ করেন। কেন্দ্রীয় নেতারা এসে নাজেহাল হচ্ছেন স্থানীয় নেতাদের কাছে। অনেক নেতাই বৈষম্যমূলক আচরণ করছেন। উন্নয়নমূলক কাজের সমবণ্টন হচ্ছে না। এবারতো এমপির বিরুদ্ধে জনমত তোয়াক্কা না করে স্বজনদের উপজেলা পরিষদের মনোনয়ন/সমর্থন দেয়ার অহরহই অভিযোগ উঠছে। জনগণের মধ্য থেকে নেতা উঠে আসার প্রক্রিয়া দেশে বহু আগেই নষ্ট হয়েছে। জনগণের প্রতিনিধি হিসেবে নেতৃত্ব দেয়া আর ঊর্ধ্বতন নেতার পকেট থেকে বেরিয়ে নেতা হওয়া এক কথা নয়। এটা ছাত্র রাজনীতির ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। আজ সারাদেশেই ছাত্র সংসদ বন্ধ। ছাত্ররা কোথাও সম্মেলন করে নেতা নির্বাচন করছেন না। কেন্দ্র গঠন করে দিচ্ছে একেকটি কমিটি। এসব কমিটি গঠন করতে নগদ লেনদেনের অভিযোগও দীর্ঘদিনের। এমন নেতাও কেবল থানা ও প্রশাসনের সাথে সম্পর্ক রেখে চলেন। কোনো ছাত্রের সাথেই তারা সম্পর্ক রাখেন না। ছাত্রদের কল্যাণে কাজ করার কোনো সুযোগও তাদের নেই। তারা ছাত্রদের বিভিন্নভাবেই নাজেহাল করেন। এমন নেতৃত্বের হাতে সাম্প্রতিক সময়ে নিরীহ ছাত্ররা খুনও হয়েছেন। এসব নেতারা ১৫/২০ জন দলবেঁধে ঘুরে বেড়ান। মোটরসাইকেল মহড়া করে জনগণের উপর উল্টো আতঙ্ক তৈরি করেন। একজন ছাত্রনেতার মূল শক্তিতো ছাত্ররাই। অথচ নেতা হয়ে পড়েছেন ছাত্রদের সাথে সম্পর্কহীন। এটা ছাত্রনেতা, যুবনেতা, কৃষক নেতা, শ্রমিক নেতা সবার জন্যই প্রযোজ্য।
এমনটা চলতে চলতে আজ প্রশাসনের কাছেও নেতৃবৃন্দ গুরুত্ব হারিয়ে ফেলেছেন। গুরুত্বহীন নেতারা প্রশাসনের উপর কোনোরূপ প্রভাব বিস্তার করতে পারছেন না। ফলে প্রশাসনের লোকদের জবাবদিহিতা না করার সুযোগ তৈরি হয়েছে। জনগণের উন্নতি ও মঙ্গলের জন্য তারা কাজ করার ইচ্ছা, আগ্রহ ও নৈতিকবোধ হারিয়ে ফেলছেন। রাজনৈতিক নেতৃত্বের চেয়ে প্রশাসনের ক্ষমতাশালী হয়ে ওঠা ভালো লক্ষণ নয়। এমন অবস্থার পরিবর্তন না হলে জনগণের মুক্তি মিলবে না।
লেখক: প্রাবন্ধিক ও সংগঠক
মানবকণ্ঠ/এসআরএস

