প্রাচীনকাল থেকেই মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে। সমাজের রীতিনীতি, বিশ্বাস, আচার-আচরণ, সংস্কৃতি ও মূল্যবোধকে কেন্দ্র করেই মানুষ যুগের পর যুগ একত্রে অবস্থান করে। সমাজের এসব রীতিনীতি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। তবে এ পরিবর্তন এক দিনেই আসে না। ধীরে ধীরে চলতে থাকে পরিবর্তনের ধারা। সমাজের মানুষদের মধ্যে বিভিন্ন চিন্তাভাবনার উদয় ঘটে এবং তা বাহ্যিক আচরণে প্রকাশিত হয়। সমাজে ভালো কোনো চিন্তাভাবনার উদয় ঘটলে এবং মানুষ সেটা অনুসরণ করলে তা সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করে। এই ইতিবাচক চিন্তাভাবনাগুলো যখন সমাজের মানুষ গ্রহণ করে এবং নিয়মিত করতে থাকে তখন সমাজ আলোকিত হয়।
আলোকিত সমাজ গঠনে ছোট বড় ভালো কাজগুলো সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। আসুন জেনে নেই কিছু ইতিবাচক চিন্তাভাবনা ও তার সুপরিকল্পিত বাস্তবায়নের উদাহরণ-
১) বই পড়া: বই জ্ঞানের প্রতীক। বই পড়ে জ্ঞান অর্জন করা যায়। সঠিক জায়গায় সঠিকভাবে জ্ঞানকে কাজে লাগানোর জন্য বই পড়ার বিকল্প নেই। সমাজের মাঝে বই পড়া ছড়িয়ে দিতে সবার আগে নিজে বই পড়তে হবে। নিজ পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের বই পড়ার প্রতি উৎসাহ দিতে হবে। নিজের প্রতিষ্ঠানে লাইব্রেরি না থাকলে লাইব্রেরি করতে হবে এবং লাইব্রেরি থাকলে সেখানে গিয়ে বই পড়তে হবে। এছাড়া প্রিয় মানুষদের বই উপহার দিয়েও তাদেরকে বই পড়ার প্রতি আকর্ষণ সৃষ্টি করা যায়। প্রতিমাসে কমপক্ষে একটি বই পড়া ও বই উপহার দিয়ে বছরে ১২টি বই পড়া ও বই উপহার দেওয়ার অভ্যাস করা যেতে পারে।
২) গাছ লাগানো: মানুষের বেঁচে থাকার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ যে জিনিসটি তা হলো অক্সিজেন। আর গাছ থেকে আমরা সেটি অনায়াসেই পাই। বর্তমানে ক্রমবর্ধমানহারে গাছ কাটার উৎসব চলছে। ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। বিশ্বের তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে সমান তালে। ফলে গাছের গুরুত্ব বোঝা আমাদের জন্য অত্যাবশ্যক হয়ে পড়ছে। তাই আমাদের উচিত নিয়মিত গাছ লাগানো। বাড়ির চারদিকে, রাস্তার পাশে, রেললাইনের দুই ধারে, শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগাতে হবে। নিয়মিত গাছ লাগানোর অভ্যাস গাছের পাতার সজীবতার ন্যায় আমাদের মন মানসিকতাও সজীব রাখতে সহায়তা করে।
৩) রক্ত দান: নিয়ম মেনে নিয়মিত রক্তদান শরীর সুস্থ রাখতে সহায়তা করে। মুমূর্ষু ব্যক্তির রক্ত প্রয়োজনে রক্ত দান করলে রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যথাসময়ে রক্তের অভাবে অনেক রোগীই মৃত্যুবরণ করে। রক্ত দিয়ে জীবন বাঁচানো পৃথিবীর অন্যতম সেরা মানবিক কাজ। তাই আমাদের এ কাজে পারস্পরিক সহযোগিতা করতে হবে। নিয়মিত রক্তদানে সকলকে উৎসাহ দিতে হবে।
৪) ক্ষুধার্তদের খাদ্য দান: মানুষের প্রথম ও প্রধান মৌলিক চাহিদা খাদ্য। দারিদ্র্যপূর্ণ দেশগুলোতে ব্যাপক খাদ্য চাহিদা বিদ্যমান থাকে। সমাজের মানুষরা অতি কষ্টে দিনযাপন করে। তাই সামর্থ্যবান ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংস্থার উচিত ক্ষুধার্তদের খাদ্যের ব্যবস্থা করা। বিশেষ করে দুর্যোগপূর্ণ সময়গুলোতে খাদ্য ও পানির চাহিদা বৃদ্ধি পেলে সকলে মিলে একসাথে কাজ করা।
৫) জনসচেতনতামূলক কাজ: যেকোনো বিপদ আপদ, দুর্যোগপূর্ণ পরিবেশে সমাজের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। উক্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জোরালো ভূমিকা পালন করতে হবে। সমাজে নৈতিক ও সামাজিক অবক্ষয় দেখা দিলে তা নিয়ে কথা বলতে হবে। এর নেতিবাচক দিকগুলো সমাজের মাঝে তুলে ধরতে হবে ও সকলকে সচেতন করতে হবে।
এভাবে সমাজের কল্যাণে ইতিবাচক চিন্তাভাবনা এবং তার সুপরিকল্পিত বাস্তবায়ন করতে হবে। সমাজ পরিবর্তনে যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্বপালন করে আলোকিত সমাজ গড়তে হবে।
লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
মানবকণ্ঠ/এফআই

