কৃষির জন্য সবচেয়ে ভালো সময় এপ্রিল-মে। মাঠে মাঠে পাকা বোরো ধান এখন দোল খায়। রবি ফসলেরও কমতি নেই এ সময়ে। মাঠের দিকে তাকিয়ে কৃষক এ সময় স্বপ্ন দেখে। অথচ এই সুসময়ে বড় বিপদে কৃষি ও কৃষক। তীব্র তাপপ্রবাহের কারণে বিপর্যয়ে পড়েছে কৃষি, ডেইরি, পোলট্রি ও মৎস্য খাত। খরার হাত থেকে জমির ফসল রক্ষায় সেচ দিতে প্রাণান্ত চেষ্টা চালাচ্ছেন চাষিরা। এদিকে তীব্র তাপপ্রবাহে গ্রামাঞ্চলের খাল-বিলও প্রায় শুকিয়ে গেছে। আর অনিয়ন্ত্রিত পানি উত্তোলনে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক হারে নিচে নেমে গেছে। এসব কারণে পর্যাপ্ত পানি না পাওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে গোটা দেশের কৃষি।
ফসল বাঁচাতে অন্যবারের তুলনায় তিনগুণ বেশি সেচ দিতে হচ্ছে, যার ফলে উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে। সবমিলিয়ে দেশের কৃষি ও কৃষকের ত্রাহি অবস্থা। দিশেহারা চাষি ও খামারিরা। ঠা ঠা রোদের প্রভাবে ধানগাছ শুকিয়ে যাচ্ছে, মরছে সবজির গাছ। সেচের জন্য প্রয়োজনীয় পানিও মিলছে না গভীর নলকূপে। যেটুকু পানি মিলছে, তাতেও খরচা করতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। বোরো ক্ষেতে হিট শক ব্লাস্ট সংক্রমণের শঙ্কা দেখা দিয়েছে। ঝরে পড়ছে আম ও লিচু। অতিরিক্ত গরম ও লোডশেডিংয়ের কারণে গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি খামারেই দেখা দিয়েছে মড়ক। মারা যাচ্ছে মুরগি ও গরু। তীব্র তাপপ্রবাহে পানিতে অক্সিজেন সংকটে মাছের রেণু পোনার উৎপাদন ব্যাহত হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, কৃষি ও কৃষিজাত পণ্য উৎপাদনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে। প্রতিবছর গরমকালে কৃষি ক্ষতির মুখে পড়ে। অথচ এ মৌসুম নিয়ে কৃষি বিভাগের পরিকল্পনা নেই। ঝড়-বন্যার মতো তাপপ্রবাহকে সেভাবে প্রাকৃতিক দুর্যোগ হিসেবেও দেখা হয় না। ফলে কৃষির ভরা এ মৌসুমে ক্ষতির মুখে পড়ে নিঃস্ব হন চাষি। গ্রীষ্মের প্রচণ্ড গরমে জমির বোরো ধান পুড়ে যাচ্ছে। নলকূপে উঠছে না পানি। বিদ্যুতের অভাবে সেচ সংকটে পড়েছেন চাষিরা। ক্ষেতের কোথাও কোথাও থোড়, কুশি এলেও গাছ না বেড়ে শুকিয়ে নুয়ে পড়ছে। কোথাও পোকামাকড়ের উপদ্রব বেড়েছে।
এত রোদের কারণে এবার ধান চিটা হওয়ার ভয়ে কৃষক। সবজিও রোদে পুড়ে মরে যাচ্ছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় অতিরিক্ত তাপ ক্ষতি করছে আমের ফলনের। খরায় কুঁকড়ে যাচ্ছে পাতা, ঝরে পড়ছে আমের গুটি। এরই মধ্যে অনেক বাগানের অন্তত ২০ শতাংশ গুটি ঝরে গেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা। রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, খরা দীর্ঘস্থায়ী হতে থাকলে গুটিও ঝরতে থাকবে। সে ক্ষেত্রে বাগানে সেচ দিতে হবে ঘন ঘন।
সরকারের পক্ষ থেকে কৃষক বাঁচাতে কার্যকর উদ্যোগ নেয়া হয়েছে। উচ্চ দামে তাদের উৎপাদিত ফসল সংগ্রহের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবার সাড়ে ১৭ লাখ টন ফসল কেনার উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে বোরো মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল, এক লাখ টন আতপ চাল এবং ৫০ হাজার টন গম কিনবে সরকার। আগেরবারের চেয়ে কেজিপ্রতি ধানের দর দুই টাকা এবং চালে এক টাকা বাড়িয়ে এবারের ধান-চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরকারের এই পদক্ষেপ সাধুবাদযোগ্য। একে দ্রুত কার্যকর করা একান্ত জরুরি।
মানবকণ্ঠ/এফআই

