লেখার শুরুতে একটা প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশে যারা হিটস্ট্রোকে মৃত্যুবরণ করছে তাদের মধ্যে অধিকাংশই শ্রমজীবী মানুষ। কথা হচ্ছে, যাদের হাত না চললে পেট ভরে না, তারাই তীব্র তাপপ্রবাহের মধ্যে কর্মস্থানে ছুটে চলে। একটা গল্প বললে বিষয়টি আরও স্পষ্ট হওয়ার কথা। এক যুগের বেশি সময় ধরে রাজধানীর ঢাকায় রিকশা চালান শহিদুল ইসলাম। তার বয়স প্রায় ৬০ এর কাছাকাছি। প্রতি বছরই গ্রীষ্মের সময়টাতে রিকশা চালাতে কষ্ট হয় তার। তারপরও জীবিকার তাগিদে প্রতিদিনই কাঠফাটা রোদের মধ্যেই প্যাডেল ঘুরিয়ে চলতে হয় অনেক পথ। ইতিমধ্যে বয়সের ভারে ন্যুয়ে পড়েছে মানুষটি। তবুও বয়সের ভারে চালিয়ে যাচ্ছেন জীবনযুদ্ধ। একদিন রিকশা না চালালে আহার জোটে না তার। কি আর করা? তাই প্রতিদিন নিয়ম করে বের হতে হয় শহিদুলের। শুধু শহিদুল নয়, এ রকম হাজারো রিকশা চালক রয়েছে এই ব্যস্ত নগরীতে। রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জীবিকার তাগিদে ঘুরছেন শহরে নানা অলি-গলিতে। এ বছর তীব্র তাপপ্রবাহের কারণে রিকশা চালানো আরও বেশি কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তীব্র গরমে কাজ করতে পারছেন না অনেকে। তবে, কেউ বা কষ্টসাধ্য হলেও এই তাপপ্রবাহে অন্য সময়ের চেয়ে বেশি অর্থ আয় করার লোভে বের হচ্ছে প্রচণ্ড রোদেই। কিন্তু দিন শেষে ফলাফল শূন্য, খুব একটা আয়কৃত টাকা থাকছে না পকেটে। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ঠান্ডা পানি, শরবত কিংবা কোমল পানীয় পান করতে হয় তাদের। এছাড়াও এই গরমে অসুস্থ হয়ে খরচ করতে হচ্ছে অনেক পয়সা ওষুধের পিছে। খেটে খাওয়া মানুষের দুর্ভোগের এই চিত্র পুরো দেশজুড়েই। বিশেষ করে রাজধানীতে ছোট ছোট খুপরি কিংবা বস্তিতে যেসব খেটে খাওয়া ছিন্নমূল মানুষ বিদ্যুতের সুফল ছাড়াই বসবাস করেন তাদের জীবন যেন থেমে আছে। তীব্র গরমে কর্মহীন হয়ে পড়ায় পরিবার পরিজন নিয়ে দু’মুঠো ভাতের চিন্তায়ও শ্রমজীবী অনেকেই। শুধু রাজধানীতেই এই তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা মানুষের তা নয়, সারাদেশেই বিরাজ করছে অতিরিক্ত তাপমাত্রা। ঢাকায় তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই। দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠানামা করছে যা দুর্যোগপূর্ণ আবহাওয়া বলা হয়ে থাকে। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন প্রান্তে হিটস্ট্রোকে মারা যাচ্ছেন অনেক। বিশেষ করে দিনমজুরিরা। সাম্প্রতিক সময়ে নির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও তাপমাত্রা বাড়ার পর থেকে প্রতিদিনই এক-দুই জনের মৃত্যুর খবর চোখে পড়ছে সংবাদপত্রের পাতায়। কয়েক বছর যাবত তাপমাত্রা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে যা মানুষের জন্য হুমকিস্বরূপ। একটা বিষয় বৃঝতে হবে যখই প্রাকৃতিক কৃত্রিম সংকট তৈরি হয় তখনি মহাবিপদে শ্রমজীবী মানুষ, আর আরাম আয়েশি জীবনযাপন করে টাকার পাহাড়ে থাকা পুঁজিবাদীরা। এক পৃথিবী কেউ করে ভোগবিলাসিতা আবার কেউ জীবন পকেটে নিয়ে ঘুরে এ কেমন নীতি? হিটস্ট্রোকে আর কত মানুষ মরবে? রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য কি? প্রশ্নের উত্তর রাষ্ট্রকেই যথাযথ উত্তর দিতে হবে।
অতিরিক্ত তাপপ্রবাহের প্রধান কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে। আর প্রশ্ন হচ্ছে জলবায়ু পরিবর্তনের দায়ী কে? এক কথায় উত্তর শিল্পবিপ্লব। সাম্প্রতিক সময়ে বিশ্বের সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন। দিন দিন জলবায়ুর পরিবর্তন জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। যা মানব জাতির জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সাধারণত কোনো একটি জায়গায় বছরের পর বছর ধরে আবহাওয়ার গড় অবস্থাকে ওই স্থানের জলবায়ু বলা হয়। আর আবহাওয়ার গড় অবস্থার ধরন বদলে যাওয়াকেই বলা হয় জলবায়ু পরিবর্তন। মূলত বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, তাপপ্রবাহর উল্লেখযোগ্য পরিবর্তনকে নির্দেশ করে। পৃথিবীর বিভিন্ন গতিশীল প্রক্রিয়া, সৌর বিকিরণের মাত্রা, অক্ষরেখার দিক পরিবর্তন, সূর্যের তুলনায় পৃথিবীর অবস্থান ইত্যাদি নানা কারণে জলবায়ু স্বাভাবিকভাবে পরিবর্তন হয়ে থাকে। কিন্তু এখন মূলত মানুষের তৈরি কলকারখানা, যানবাহন থেকে নির্গত গ্যাস, কয়লা পোড়ানো, ইটভাটার ধোঁয়া ও বন উজাড় ইত্যাদি কারণেই জলবায়ু দ্রুত পরিবর্তন হচ্ছে। বনাঞ্চল উজাড় কারণে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাড়ছে। বায়ুতে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় তাপমাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বব্যাপী জলবায়ুর এ পরিবর্তন পরিবেশ ও মানুষের ওপর নানাভাবে প্রভাব ফেলছে। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রপৃষ্ঠের সমুদ্রতীরবর্তী অঞ্চলে দেখা দিচ্ছে বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো নানা দুর্যোগ।
আর এই দীর্ঘমেয়াদি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকির তালিকায় বাংলাদেশের অবস্থান এখন সপ্তমে। ‘বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক ২০২১’ শীর্ষক প্রতিবেদনে এতথ্য উঠে এসেছে। জার্মানভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা জার্মানওয়াচ থেকে এটি প্রকাশিত হয়েছে। ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে ১৮০টি দেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবের তথ্য নিয়ে এটি তৈরি করা। গত ২০ বছরে দুর্যোগের সংখ্যা, মৃত্যু, ক্ষয়ক্ষতির মোট হিসাব এ প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, গত ২০ বছরে বাংলাদেশে ১৮৫টি জলবায়ু পরিবর্তনজনিত বড় দুর্যোগ আঘাত হেনেছে। এর মধ্যে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, পাহাড়ধসের মতো দুর্যোগ রয়েছে। এতে ১১ হাজার ৪৫০ জন মানুষের প্রাণহানি হয়েছে। এই বিরূপ প্রভাবের কারণে শ্বাসকষ্ট, হিটস্ট্রোক বা গরমজনিত মৃত্যু এখন খুব সাধারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষের। ফলে বোঝাই যাচ্ছে, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য কতটুকু বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।
আর এইভাবে জলবায়ু পরিবর্তন হতে থাকলে ভবিষ্যতে বদলে যাবে মানুষের জীবন যাত্রা। একটা সময় তীব্র আকারে পানির সংকট দেখা দিবে। খাদ্য উৎপাদন কঠিন হয়ে পড়বে। বিপজ্জনক মাত্রায় কোনো কোনো অঞ্চল গরম হয়ে পড়বে। অতিরিক্ত গরমের কারণে আগের তুলনায় বৃষ্টি কম হবে। আবার যখন হবে তখন খুব ভারি বৃষ্টি এবং ঝড়ের প্রকোপ অস্বাভাবিকভাবে বাড়তে থাকবে। সমুদ্রের পানি বেড়ে প্লাবিত হবে বহু এলাকা। ফলে বসবাসের অযোগ্য হয়ে পড়বে অনেক জায়গা। ফলে প্রচুর মানুষের জীবন হুমকিতে পড়বে। প্রাকৃতিক কারণে জলবায়ুতে স্বাভাবিকভাবেই কিছু পরিবর্তন হয় এটা আমরা সবাই জানি। কিন্তু বর্তমানে জলবায়ুর যে পরিবর্তন তা অস্বাভাবিক। যার জন্য আমরা নিজেরাই দায়ী। পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ যে জিনিসটি তা হলো অক্সিজেন। আর গাছ থেকে আমরা সেটি অনায়াসেই পাই। সেই গাছ বা বনাঞ্চল আমরা অনায়েসে ধ্বংস করে ফেলছি গড়ে তুলছি শিল্প-কলকারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। মানুষ যখন থেকে কল-কারখানা এবং যানবাহন চালানো শুরু করেছে এবং বনাঞ্চল ধ্বংস করছে সে সময় থেকেই বায়ুমণ্ডলে গ্রিনহাউজ গ্যাসের নির্গমন বাড়ছে। গাছপালা কার্বন ধরে রাখতে সহায়তা করে। যখন গাছ কেটে উজাড় করা হয়, সঞ্চিত সেই কার্বন বায়ুমণ্ডলে নিঃসরণ হয়। এদিকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় যেকোনো দেশে শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু দুঃখজনক বাংলাদেশে আছে মাত্র ১৫ দশমিক ৫৮ ভাগ। এতে বোঝাই যাচ্ছে বনভূমির পরিমাণ কি হারে হ্রাস পেয়েছে বা পাচ্ছে। বনভূমি হ্রাস পাওয়ার কারণে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে সম্মুখীন হচ্ছে দেশের মানুষ। প্রকৃতি, পরিবেশ এবং মানুষের জীবন রক্ষায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সবার সচেতনতা ও বিভিন্ন কার্যক্রম এখন থেকেই শুরু করতে হবে। তা না হলে এভাবে চলতে থাকলে পৃথিবী ধ্বংসের দিকে ধাবিত হবে।
তাই আমাদের উচিত নিয়মিত গাছ লাগানো। বাড়ির চারদিকে, রাস্তার আশেপাশে ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে। বনাঞ্চল ধ্বংস থেকে বিরত থাকা এবং রক্ষা করা। কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাস এর ব্যবহার কমাতে হবে। ইঞ্জিনচালিত গাড়ির ব্যবহার কমানোর। বিকল্প হিসেবে বৈদ্যুতিক বা ব্যাটারিচালিত গাড়ি ইত্যাদি ব্যবহার করা। ভবিষ্যতে সুন্দর পৃথিবী গড়ে তুলতে সবার ঐকবদ্ধ হয়ে কার্যকরী ভূমিকা পালন করার কোনো বিকল্প নেই। আমরাই পারি নতুন প্রজš§কে বিশুদ্ধ একটি পরিবেশ উপহার দিতে।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এসআরএস

