আমাদের সুস্থ থাকতে হবে। তাই প্রতিদিন শরীর চর্চা করা চাই। ওজোন নিয়ন্ত্রণ করতে হবে। তামাক জাতো পণ্য, অতিরিক্ত চিনি চর্বি যুক্ত খাদ্য একেবারেই বর্জন করতে হবে। আর যদি কোনো কারণে অসুস্থ হয়ে পর তাহলে চিকিৎসকের কাছে যেতে হবে। একজন ব্যক্তি সুস্থতা বা সুস্বাস্থ্য ধরে রাখার জন্য এরকম অনেক কিছু করার চেষ্টা করতে পারে। কিন্তু রাষ্ট্র তথা সরকার যদি যথাযথ নীতি ও পরিকল্পনা নিয়ে এগিয়ে না আসে তাহলে অসংক্রামক রোগের ক্ষেত্রে ব্যক্তি পর্যায় উদ্যোগ কোনো কাজে আসবে না। বর্তমানে পৃথিবীজুড়ে অসংক্রামক রোগ একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। বাংলাদেশও এর বাইরে নয়। আমরা সফলভাবে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করতে পারলেও অসংক্রামক রোগ এখন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
ডায়াবেটিসে আক্রান্তে তালিকায় বাংলাদেশ বিশ্বে অষ্টম, ২০২২ সালের পরিসংখ্যান বলছে ৩ কোটি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। অপরদিকে বাংলাদেশের মোট মৃত্যুর ৩৪ শতাংশ হয়ে থাকে হƒদরোগের কারণে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত চর্বি, চিনি, লবণ এবং প্রক্রিয়াজাত খাদ্য গ্রহণ করার ফলে মানুষ অসংক্রামক রোগে আক্রান্ত হয়। এছাড়া অনিয়ন্ত্রিত জীবনযাপন, কাইক পরিশ্রম না করা এসকল কারণেও মানুষ অসংক্রামক রোগে আক্রান্ত হতে পারে। কিন্তু প্রশ্ন হলো ব্যক্তি পর্যায় সচেতনতার মাধ্যমে একজন ব্যক্তি কতটা এসকল রোগ থেকে বেঁচে থাকতে পারবে। যেখানে তামাক ও তামাকজাত দ্রব্য, অতিরিক্ত চিনি যুক্ত কোমল পানিও এবং ফাস্টফুড জাঙ্কফুড বিক্রি একেবারেই থেমে নেই। উল্ট এসকল পণ্যের বিজ্ঞাপন বিপণন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর আমাদেও তরুণ, শিশু বৃদ্ধসহ সকল শ্রেণি-পেশার মানুষ এগুলো গ্রহণ করে নানাবিধ অসংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে। অন্যদিকে শহর অঞ্চলে মাঠ পার্কগুলো দখল হয়ে যাচ্ছে। শিশুদের জন্য খেলার স্থান সঙ্কুচিত হয়ে পড়ছে। এমনকি বড়রাও খেলাধুলা করার বা শরীর চর্চার কোনো সুযোগ পাচ্ছে না। গত ৩ দশকে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে বাংলাদেশ অভাবনীয় সফলতা দেখিয়েছে। তা হলো শিশুর ছয়টি সংক্রামক রোগ দমনে, ডায়রিয়া বা করোনা মহামারি নিয়ন্ত্রণে। এসকল সংক্রামক রোগ দমনে সচেতনতার পাশাপাশি সরকারগুলো সাধারণ নাগরিকদের নানাভাবে বাধ্য করেছে এসকল কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। যার ফলাফল আমরা দেখছি যে এখন বাংলাদেশে একটিও পোলিও আক্রান্ত শিশু নেই। যক্ষ্মার মতো মরণব্যাধি এখন নিয়ন্ত্রণে। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে শুধুমাত্র নাগরিকদেও সচেতন করা তাদের এগিয়ে আসার আহ্বান জানাবার মাধ্যমে এত বড় একটা সমস্যার সমাধান করা সম্ভব নয়। অসংক্রামক রোগ এমন একটা বিষয় যার পেছনে আছে মুনাফা। ১৮ কোটি মানুষের এই দেশে যত বেশি মানুষ এ রোগে আক্রান্ত হবে তত বেশি মুনাফা করা যাবে। কারণ একজন মানুষ যখন অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে পড়ে তারপর তাকে সারাজীবন চিকিৎসা ঔষধ এসবের উপর থাকতে হয়। আর এভাবেই মুনাফাখোর ব্যবসাই আমাদের-কে জিম্মি করে অর্থ মুনাফা করতে থাকে। ভূপেন হাজারিকার সেই গানের মতো (মানুষ মানুষকে পণ্য করে। মানুষ মানুষকে জীবিকা করে)। সুতরাং অসংক্রামক রোগ বা রোগীর হার কমিয়ে আনার বিষয়টি শুধুমাত্র ব্যক্তি বিশেষের হাতে ছেড়ে দিলে চলবে না। বর্তমানে আমাদের দেশ যেভাবে এই সমস্যাটি মোকাবিলা করার চেষ্টা করছে তা যথেষ্ট নয় বলে প্রতীয়মান হয় অন্যত্র পরিসংখ্যান তাই বলে। স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিভাগ আছে যার দায়িত্ব হলো অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা।
এছাড়া দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে একটি করে অসংক্রামক রোগ বিষয়ক কর্নার আছে। এসব বিভাগের কার্যক্রম বিশ্লেষণ করলে দেখতে পাওয়া যাবে যে তাদের প্রধান কাজ হচ্ছে মানুষের মাঝে সচেতনতা তৈরি করা। কিন্তু যদি কার্যকরভাবে অসংক্রামক রোগের বিস্তার রোধ করতে চাই তাহলে আমাদের একটি কার্যকর এবং শক্তিশালী বিভাগ গড়ে তুলতে হবে যার কাজ হবে প্রতিনিয়ত অসংক্রামক রোগ বিস্তারের কারণ, বর্তমান চিত্র এবং ভবিষ্যৎ অবস্থা নিয়ে গবেষণা করা। পাশাপাশি সরকারকে সময়ে সময়ে নীতি সহায়তা প্রদান করা। অর্থাৎ যদি কোনো আইন অসংক্রামক রোগ বৃদ্ধিতে সহায়ক হয় অথবা বর্তমান আইন যথেষ্ট নয় নতুন আইন ও নীতিমালা তৈরি করা প্রয়োজন। সে বিষয় পরামর্শ দিবে। এমনকি সরকারের কোনো বিভাগের সিদ্ধান্ত নাগরিকদের স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করছে বলে মনে হয় সেক্ষেত্রে উক্ত বিভাগ দৃঢ় অবস্থান নেবে, এরকম সক্ষমতা থাকতে হবে সে বিভাগের। ব্যক্তির স্বাস্থ্য ব্যক্তির নিজের এটা যেমন স্বত্ব ঠিক তেমনি রাষ্ট্র তথা সরকারের একটি গুরু দায়িত্ব হলো নাগরিকরা যেনো সুস্থ সবল এবং কর্মক্ষম থাকে সেটা নিশ্চিত করা। কারণ নাগরিকরা যদি দুর্বল অসুস্থ হয় তাহলে পুরো দায় রাষ্ট্র তথা সরকারকে বহন করতে হয়। আর এর প্রভাব হয়ে থাকে দীর্ঘমেয়াদি তাই বর্তমানের অসংক্রামক রোগের এই বিস্তার ঠেকাতে আমাদের কার্যকরভাবে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র ব্যক্তিকে সচেতন করলে চলবে না।
লেখক: প্রাবন্ধিক ও উন্নয়ন কর্মী
মানবকণ্ঠ/এসআরএস

