সাম্প্রতিক সময়ে চলমান মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যকার দ্বন্দ্ব সংঘাত বিশ্বের অন্যতম আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত বছরের ৭ অক্টোবর হামাস কর্তৃক ইসরাইলে মিসাইল হামলার মাধ্যমে ইসরাইল হামাসের মধ্যকার যুদ্ধ শুরু হয়, যা এখনো চলমান।
চলমান যুদ্ধের মধ্য দিয়ে শুরু হয় ইরান ইসরাইল প্রত্যক্ষ যুদ্ধ যার সূত্রপাত হয় ইসরাইল কর্তৃক ১ এপ্রিল ২০২৪ সালে সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসের কমপ্লেক্সে বিমান হামলার মধ্য দিয়ে। ইসরাইলের উক্ত বিমান হামলায় ইরানের ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস ( আইআরজিসি) -এর ৮ জন কর্মকর্তাসহ এবং বেসামরিক নাগরিকসহ মোট ১৬ জন নিহত হয়। যার প্রতিশোধ হিসেবে ১৩ এপ্রিল ইসরাইলে ৩০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান পাল্টা হামলা চালায়। চলমান যুদ্ধগুলোর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
ইউরেশিয়ার কেন্দ্রে এবং হরমুজ প্রণালির নিকটে অবস্থিত মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ হলো ইরান। ইরান নামটি দিয়েছেন একসময়ে এই অঞ্চলে বসবাসরত আর্য জনগোষ্ঠী। গ্রিকরা এই অঞ্চলকে পার্সিস বলে চিহ্নিত করে যা ইউরোপীয় ভাষায় পার্শিয়া এবং বাংলা ভাষায় পারস্য। ১৯৩৫ সালে দেশটির অফিসিয়াল নামকরণ করা হয় ইরান। দেশটির দক্ষিণে পারস্য উপসাগর এবং ওমান উপসাগর রয়েছে যা জ্বালানি রপ্তানির অন্যতম যোগাযোগ পথ। আজারবাইজান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, তুরস্ক এবং ইরাকের সীমান্ত রয়েছে দেশটির।
পারস্য উপসাগরের অন্যান্য তেলসমৃদ্ধ দেশের মতো ইরানেও বিশ শতকে শুরু থেকে তেল রপ্তানি অর্থনীতির মূল চালিকা শক্তি। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পূর্ব পর্যন্ত রাজতন্ত্রী ইরানকে শাহ কিংবা রাজারা শাসন করতো। ১৯৭৯ সালে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে পাশ্চাত্যপন্থি দেশ থেকে ইসলামি প্রজাতন্ত্র দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় ইরান। এ বিপ্লবকে বলা হয় ফরাসি এবং বলশেভিক বিপ্লবের পর ইতিহাসের তৃতীয় মহান বিপ্লব।
মধ্যপ্রাচ্যে রাজনীতিতে দেশটির ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে সর্বদা তৎপর দেশটি। উক্ত অঞ্চলের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশটির অন্যতম প্রতিপক্ষ হলো সৌদি আরব। আধিপত্য বজায় রাখতে বহু বছর যাবৎ প্রতিযোগিতায় লিপ্ত ইরান-সৌদি। ভূ-রাজনৈতিক কর্তৃত্ব ছাড়াও দেশটি দুটির মধ্যে মতাদর্শগত দ্বন্দ্ব বিদ্যমান। ইসলাম ধর্মের মূল দুটি শাখা যথাক্রমে শিয়া এবং সুন্নি এর অনুসারী ইরান ও সৌদি আরব।
মতাদর্শগত বিরোধ রাষ্ট্র দুইটিকে বারবার সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তাছাড়া মুসলিম বিশ্বের নেতৃত্ব নিয়ে দেশ দুটির মধ্যে প্রতিযোগিতার লক্ষ্য করা যায়। আরব বসন্তের পর ইরান সৌদি আরবের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিতে সিরিয়া, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাকের শিয়াপন্থি সরকার ইত্যাদির সাথে সুসম্পর্ক গড়ে তোলে। অপরদিকে সৌদি আরবের সাথে রয়েছে বাহরাইন, মিসর, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতের মতো সুন্নি দেশগুলো।
ইরানের আধিপত্য ইরাকেও লক্ষণীয়। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র কর্তৃক হামলা পরিচালিত হলে ইরাকে শিয়াবিরোধী নেতা সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হন। মূলত সাদ্দাম হোসেন সরকারের পতনের পর থেকেই ইরাকে ইরানের প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পেতে থাকে। ইরাকে প্রতিষ্ঠিত হয় শিয়া সমর্থক সরকার। যা বর্তমানেও পরিলক্ষিত হয়।
মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত রাষ্ট্র ইসরাইলের সাথে ইরানের দা কুমড়ো সম্পর্ক যা ইরান-ইসরাইল প্রক্সি যুদ্ধ বা ইরান-ইসরাইল কোল্ড ওয়ার নামেও পরিচিত। ইরান ও ইসরাইলের মধ্যে একটি চলমান প্রক্সি দ্বন্দ্ব বর্তমানে প্রত্যক্ষ যুদ্ধে রূপ নিয়েছে। ইসরাইল-লেবানিজ সংঘর্ষে ইরান লেবাননের শিয়া মিলিশিয়াদের সমর্থন করেছে, বিশেষ করে হিজবুল্লাহ। ইসরাইল -ফিলিস্তিনি সংঘাতে ইরান হামাসের মতো ফিলিস্তিনি দলগুলোকে সমর্থন দিয়েছে । ইসরাইল ইরানি বিদ্রোহীদের সমর্থন করেছে।
সামরিক শক্তিতেও বিশ্বের ইরানের অবস্থান শক্তিশালী গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএসপি)- এর র?্যাঙ্কিং অনুযায়ী বিশ্বে সামরিক শক্তিতে ইরানের অবস্থান ১৪তম। দেশটির রিজার্ভ সেনা রয়েছে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার, সক্রিয় সেনা রয়েছে ৫ লক্ষ ৭৫ হাজার, ফাইটার এয়ারক্রাফট রয়েছে ১৯৬টি, হেলিকপ্টার রয়েছে ১২৫টি, ট্যাংক রয়েছে ৪ হাজার ৭টি, সাবমেরিন রয়েছে ১৯ থেকে ২৪টি, ফ্রিগেড রয়েছে ৫টি এবং ১টি মাইন রয়েছে। তাছাড়া পরমাণু শক্তি ব্যবহার করে অস্ত্র তৈরি করছে প্রতিনিয়ত। ইরানের ড্রোন অস্ত্রের সুখ্যাতি রয়েছে।
সম্প্রতি ইরান উল্লেখযোগ্য কূটনৈতিক সফলতা অর্জন করেছে। যার মধ্যে অন্যতম সৌদি-ইরান কূটনৈতিক সম্পর্ক স্থাপন, যুক্তরাষ্ট্রের সাথে সফল বন্দি বিনিময়, ব্রিকসের সদস্যপদ অর্জন এবং রাশিয়ার সঙ্গে সামরিক সহায়তা গভীর করা।
মধ্যপ্রাচ্যের অঞ্চলটিতে বিদ্যমান রাজনীতিকে স্থিতিশীল করতে অন্যতম সহায়ক হতে পারে ইরান। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মধ্যকার সম্পর্ক স্থাপন এবং দেশগুলোর স্বার্থরক্ষার পাশাপাশি পশ্চিমা নিয়ন্ত্রণ রোধ করতে অবদান রাখতে পারে দেশটি।
লেখক: শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
মানবকণ্ঠ/এফআই

