গাজা উপত্যকার অন্যান্য শহরের মতো রাফাও অনেক ঘনবসতিপূর্ণ এলাকা। শহরটিতে এমনিতেই তিন লাখ বাসিন্দার বাস। এর সঙ্গে অবরুদ্ধ গাজার বিভিন্ন এলাকা বিশেষ করে দক্ষিণতম পয়েন্ট থেকে বাস্তুচ্যুত হয়ে আসা প্রায় ১৫ লাখ শরণার্থী অসুখ, দুর্ভিক্ষ, গণকবর ও সম্মুখ-সমর থেকে বাঁচতে সেখানে আশ্রয় নিয়েছে। ফলে শহরটি আরো জনবসতিপূর্ণ হয়ে উঠেছে। গত ৭ অক্টোবর ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় নৃশংস হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৫৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে সাড়ে ১৪ হাজার শিশু ও সাড়ে ৯ হাজারের বেশি নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় ৭৮ হাজার এবং ১১ লাখ ফিলিস্তিনি ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছেন। তবে ইসরাইলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা আরো বেশি বলে ধারণা করা হচ্ছে। বিধ্বস্ত ঘরবাড়ি ও স্থাপনার নিচে পড়ে থাকা হাজার হাজার মরদেহ হিসাবের বাইরে থেকে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ ও সময়সাপেক্ষ হওয়ায় উদ্ধারকর্মীরা জীবিত ব্যক্তিদের উদ্ধারে জোর দিচ্ছেন। শুধু হাসপাতালে পৌঁছানো মরদেহের ভিত্তিতে হতাহতের পরিসংখ্যান দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি ও স্থাপনার নিচে প্রায় ১০ হাজার মরদেহ পড়ে আছে (তথ্যসূত্র: সংবাদমাধ্যম)। এসব মরদেহে পচন ধরায় ওসব এলাকায় রোগবালাই ছড়িয়ে পড়ছে। বিশেষ করে গ্রীষ্ম মৌসুম শুরু হওয়ায় এবং তাপমাত্রা বেড়ে যাওয়ায় মরদেহগুলো দ্রুত পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এসবের মাঝে ইসরাইল রাফায় স্থল অভিযান শুরু করলে ঘনবসতিপূর্ণ শরণার্থী শহরটি মৃত্যুপুরীতে রূপ নেবে এবং নজিরবিহীন মানবিক বিপর্যয় নেবে আসবে। হাজার হাজার সাধারণ নাগরিক প্রাণ হারাবেন এ অভিযানে। যা গত ২০০ দিনে গাজায় ইসরাইলি বাহিনীর আগ্রাসন, গণহত্যার ভয়ংকর রূপ থেকে পরিষ্কার। এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছেন, সব লক্ষ্য অর্জিত হওয়ার আগে যুদ্ধ বন্ধ করে দেব এটি আমাদের বিবেচনায় নেই। সম্পূর্ণ জয় পেতে আমরা রাফায় প্রবেশ করবো এবং সেখানে থাকা হামাসের ব্যাটালিয়নকে নির্মূল করবো। যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি হোক কিংবা না হোক। ফলে সম্প্রতি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে যে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল তা ভেস্তে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
ইসরাইলের সংবাদমাধ্যম ইসরাইল হেমওয়ের সংবাদ জানাচ্ছে, গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় স্থল অভিযানের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে দেশটির সেনাবাহিনী। এখন তারা রাজনৈতিক নেতৃত্বের আদেশের অপেক্ষায় রয়েছে। সংবাদপত্রটির ভাষ্যমতে, এই আগ্রাসন পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পাওয়া গেছে। বিশ্বনেতারা উদ্বেগ প্রকাশ করেছেন যে, রাফায় ইসরাইলের স্থল অভিযানে বিপুলসংখ্যক বেসামরিক মানুষ হতাহত হবেন। কিন্তু শুধু উদ্বেগ প্রকাশ করা পর্যন্তই কি তাদের দায়ভার শেষ? তাদের এই উদ্বেগ প্রকাশ কি রাফায় ইসরাইলের স্থল অভিযান বন্ধ করতে পারবে? তাদের এই উদ্বেগ গত ২০০ দিনে গাজায় আগ্রাসন, গণহত্যা এবং সেখানকার অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত করা থেকে ইসরাইলি বাহিনীকে বিরত রাখতে পেরেছে? ইসরাইল রাফায় স্থল অভিযান পরিকল্পনা বন্ধ না করা গেলে ইতিহাসের নৃশংস গণহত্যার সাক্ষী হয়ে থাকবে বিশ্ববাসী। উদাহরণস্বরুপ গাজায় যত বেসামরিক নাগরিক তথা নারী ও শিশু মারা গেছে, তা অন্য কোনো যুদ্ধে ঘটেনি। যদিও রাফায় স্থল অভিযান ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু ফিলিস্তিনিদের উপর ইসরাইলি বাহিনীর হামলার প্রথম থেকে সম্পূর্ণ মদদ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইসরাইলকে আর্থিক ও যুদ্ধাস্ত্র দিয়েও সাহায্য করছে। রাফায় স্থল অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতও পেয়েছে ইসরাইল। এ থেকে নিশ্চিত হওয়া যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শক্ত কোনো পদক্ষেপ নেবেন না রাফায় স্থল অভিযান বন্ধে। সেজন্য বিশ্বনেতাদের একত্র হয়ে ইসরাইলের ওপর চাপ সৃষ্টিসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতেই হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কানাডার ৪০টি বিশ্ববিদ্যালয়ে গাজায় যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন করার লক্ষ্যে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভে নেমেছেন। যুক্তরাষ্ট্র শিক্ষার্থীদের বিক্ষোভ থামাতে গ্রেপ্তারসহ বহিষ্কারের মতো নানা পদক্ষেপ নিচ্ছে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ঢুকিয়ে শিক্ষার্থীদের গ্রেপ্তারের মতো নির্লজ্জ ঘটনা ঘটাতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের ছাত্রবিক্ষোভ যদি সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিন ইস্যুতে নিজের অবস্থান বদলাতে বাধ্য হবে।
অন্যদিকে ফিলিস্তিন ইস্যুতে শুরু থেকেই নিষ্ক্রিয় ভূমিকা পালন করে আসছে আরব দেশগুলো ব্যতিক্রম শুধু ইরান ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। গত এপ্রিলের ১ তারিখ দামেস্কের ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে ইসরাইল ইরানের সামরিক বাহিনীর সাতজন উচ্চপদস্থ কর্মকর্তাসহ মোট ১৩ জনকে হত্যা করে। ইসরাইলের ওই হামলা ছিল ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের কূটনৈতিক সম্পর্ক অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। ইসরাইলের ওই হামলা ইরানকে সামরিক প্রতিক্রিয়া জানাতে বাধ্য করে। ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা ছিল সরাসরি ইরানের সার্বভৌমত্বের ওপর হামলা। ফলে সার্বভৌমত্ব রক্ষা, নিজের শক্তি ও অবস্থান জানান দিতে ইরানকে হামলা করতেই হতো। এরই ধারাবাহিকতায় অনেকটা আগাম জানিয়ে শুনিয়েই ১৪ এপ্রিল ইরান ইসরাইলকে লক্ষ্য করে তিনশ’র বেশি ড্রোন, রকেট, ক্রশ মিসাইল দিয়ে হামলা চালায়। ফলে ইরান ও ইসরাইলের মধ্যে একদিন যে ছায়াযুদ্ধ চলছিল সেখান থেকে বেরিয়ে সরাসরি যুদ্ধের ময়দানে ‘রাষ্ট্র বনাম রাষ্ট্র’ যুদ্ধে মুখোমুখি হয়েছে। এখন প্রশ্ন হলো আরব দেশগুলো ফিলিস্তিন ইস্যুতে নিশ্চুপ কেন? উত্তরও বেশ সহজ ফিলিস্তিন ইস্যুতে ইসরাইলের বিপক্ষে কথা বললে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে নিরাপত্তা দিয়ে আসছে তা আর দেবে না। ফলে তারা নিরাপত্তাহীনতায় পড়বে। নিরাপত্তার জন্য তখন তাদের ইরানের উপর নির্ভর করতে হবে এবং ইরানের প্রভুত্ব স্বীকার করে নিতে হবে। আর আবর দেশগুলো ইরানের অধীনে থাকতে চায় না। এ ধরনের মনোভাব পরিত্যাগ না করলে রাফায় ইসরাইলের অভিযান বন্ধ করা অসম্ভব। তাই আরব নেতাদের ইরান বিদ্বেষ কমিয়ে একত্র হয়ে রাফায় ইসরাইলের স্থল হামলা পরিকল্পনা বন্ধে সম্মিলিতভাবে চাপ সৃষ্টি করতে হবে।
বিশ্ববাসীর সর্বশেষ আস্থার জায়গা হলো জাতিসংঘ। জাতিসংঘের বিব্রত উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে যেমন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বর্তমান ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ার মতো। পর্যবেক্ষকদের মতে, জাতিসংঘ দীর্ঘদিন যাবত বৃহৎ শক্তির স্বার্থে ব্যবহƒত হচ্ছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে। এমনটা আসলে হলে বিশ্বে জাতিসংঘ তার গ্রহণযোগ্যতা হারাবে এবং জাতিসংঘের উপর আস্থা কমে আসবে বিশ্ববাসীর। ফিলিস্তিনে গণহত্যা বন্ধে তেমন কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেনি জাতিসংঘ। তাই বিশ্বের কাছে নিজের ভাবমূর্তি এবং গ্রহণযোগ্যতা ধরে রাখতে এবং জাতিসংঘের অস্তিত্বের জানান দিতে ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তা প্রমাণ করতে হবে।
ইসরাইলের রাফায় এ অভিযান চালানোর মূল লক্ষ্য হচ্ছে ইসরাইলি বন্দিদের মুক্ত করা এবং হামাস ব্যাটালিয়নকে পুরোপুরি ধ্বংস করা। যদিও হামাসের ২৪টি ব্যাটালিয়নের মধ্যে ১৯টির অস্তিত্ব আর নেই। গত বছরের ৭ অক্টোবর থেকে নেতানিয়াহু হামাসের বিপক্ষে যুদ্ধ করছেন। জেনেভা কনভেনশনের অতিরিক্ত প্রটোকলের ৭৯ নম্বর অনুচ্ছেদে বলা আছে, যুদ্ধকবলিত অঞ্চলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কিন্তু তা লঙ্ঘন করে ইসরাইল গাজায় সাংবাদিক ও মিডিয়া কর্মীদের সপরিবারে পরিকল্পিতভাবে হত্যা করেছে। গাজায় নৃশংসতাই বলে দিচ্ছে, ইসরাইল রাফায় স্থল অভিযান চালালে সেখানে নজিরবিহীন মানবিক বিপর্যয় নেবে আসবে। হাজার হাজার বেসামরিক মানুষ হতাহত হবেন এবং কি পরিমাণ যুদ্ধাপরাধ সংগঠিত হবে। তাই যে কোনো মূল্যে রাফায় ইসরাইলের হামলা পরিকল্পনা নস্যাৎ করতে হবে।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এসআরএস

