কঠোরতা ছাড়া সমাধান নেই
বাজার কোনোমতেই নিয়ন্ত্রণ হচ্ছে না। কারো কথায় কোনো কাজ হচ্ছে না। যে যেভাবে পারে ইচ্ছেমতো দাম বলে দাঁড়াতে পারলেই হলো। কেউ কোনো প্রতিবাদও করে না। বেশ আগে থেকে সরকার বাজার নিয়ন্ত্রণের কথা বললেও এ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ চোখে তো পড়ছেই না। বরং নতুন করে বেড়েছে পেঁয়াজ, ডিম, মুরগি, গরুর মাংস, সবজিসহ বিভিন্ন পণ্যের দাম।
বছরের এই সময় আলু সাধারণত সস্তা থাকে। সরকারি সংস্থা কৃষি বিপণন অধিদপ্তরের ২০২১, ২০২২ ও ২০২৩ সালের ৯ মে তারিখে বাজারদরের তালিকা বিশ্লেষণে দেখা যায়, আলুর কেজি সর্বনিম্ন ২২ থেকে সর্বোচ্চ ৩৫ টাকার মধ্যে ছিল। এবার সেই আলুর দাম ৫০ থেকে ৫৫ টাকা। গত বছরের তুলনায় মূল্যবৃদ্ধি ৫৭ শতাংশ।
বাংলাদেশ আলু আমদানি করে না। সরকারি হিসাবে চাহিদার তুলনায় উৎপাদন বেশি। প্রতি কেজি আলুর উৎপাদন খরচ ১৩ টাকা ৯০ পয়সা। কৃষি বিপণন অধিদপ্তরের মতে, বাজারে যৌক্তিক মূল্য হওয়া উচিত ২৮ টাকা ৫৫ পয়সা। কিন্তু বিক্রি হচ্ছে চড়া দামে। মূল্য নিয়ন্ত্রণের বদলে সরকার আলু রপ্তানিকে উৎসাহিত করছে। নগদ ১৫ শতাংশ ভর্তুকিও দেওয়া হচ্ছে। আলুর মতো বাজারে নতুন করে পেঁয়াজ, রসুন, ডিম, মুরগি, গরুর মাংস, সবজি, মসলাসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। আগে থেকেই উচ্চমূল্যে বিক্রি হচ্ছে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, আটাসহ বিভিন্ন নিত্যপণ্য।
উচ্চ মূল্যস্ফীতির মধ্যে নতুন করে মূল্যবৃদ্ধি নিম্ন আয়ের মানুষের সংকট বাড়িয়েছে। যদিও গত ৭ জানুয়ারি নির্বাচনের পর গঠিত নতুন সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অগ্রাধিকারের কথা বলেছিল। নতুন মন্ত্রিসভা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আশাবাদের কথা শুনিয়েছিল। এরপর রোজায় ভোজ্যতেল, চিনি ও খেজুরে কিছু শুল্কছাড় দেওয়া হয়েছিল। অবশ্য রোজার পরই তেলের করছাড় তুলে নেওয়া হয়। ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন লিটারে ৪ টাকা।
নতুন বছরে বেড়েছে বিদ্যুতের দাম। জ্বালানি তেল ডিজেলের দাম লিটারে ৩ টাকা কমিয়ে পরে ১ টাকা বাড়ানো হয়। যদিও এতে পরিবহন ভাড়া কমেনি। ব্যাংকঋণের সুদের হার বাড়ায় ডলারের ওপর চাপ কমেছে বলে মনে করেন অর্থনীতিবিদেরা। কিন্তু বাংলাদেশ ব্যাংক মূল্য নির্ধারণের নতুন পদ্ধতি (ক্রলিং পেগ) চালু করার কারণে ডলারের দাম এক লাফে ৭ টাকা বেড়ে গেছে, যা মূল্যস্ফীতি আরও উসকে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।
মূল্যস্ফীতি কমাতে সমন্বিত ও কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংক সুদের হারে নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ায় তা বাড়ছে। এক দিকে সুদের হার যদি বাড়ে, আরেক দিকে মার্কিন ডলারের দামও বাড়তে থাকে, তাহলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহজ হবে না। কারণ, ডলারের দাম বাড়লে পণ্য ও কাঁচামালের আমদানি ব্যয় বাড়ে।
ব্যাংকঋণের সুদের হার বাড়ানোর পদক্ষেপের সঙ্গে পণ্যভিত্তিক উদ্যোগও দরকার। প্রয়োজনে সীমিত সময়ের জন্য জরুরি কিছু জিনিসপত্র আমদানি করা যেতে পারে। এটাই বাজার ব্যবস্থাপনার কৌশল হওয়া উচিত। এ ক্ষেত্রে সরকারের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপ দরকার। কারণ সবকিছুর দাম বাড়ছেই। অথচ এক-দেড় বছরে বেতন বাড়েনি এক টাকাও। এভাবে মানুষ যাবে কোথায়? বাজার নিয়ন্ত্রণ করতে পারলে সংকট এতোটা বাড়তো না। সেক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট বিভাগের কঠোর হওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। সরকার এ ব্যাপারে আন্তরিক হবে এ প্রত্যাশা আমাদের।
মানবকণ্ঠ/এফআই

