যুদ্ধ করতে অস্ত্র প্রয়োজন। অস্ত্রই যুদ্ধের পরিণতির নিয়ামক। অস্ত্রই সমরনীতির মাতব্বরির মূল। যার অস্ত্র ক্ষমতা বেশি সেই ক্ষমতাবান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের প্রয়োজন অস্ত্র। শুধু ইউক্রেনের না সারা বিশ্বেরই প্রয়োজন অস্ত্র। কারণ পৃথিবীর বিভিন্ন প্রান্তে সীমান্তে উত্তেজনা বিরাজ করে মাঝেমধ্যেই। সেই উত্তেজনা পৌঁছে যায় যুদ্ধের কাছাকাছি। এসব উত্তেজনায় উঠে আসে কার অস্ত্রভাণ্ডার কতটা আধুনিক বা সমৃদ্ধ। কোন দেশের সমরাস্ত্রের জোর বেশি। পৃথিবীর বড় ব্যবসা হলো অস্ত্র। তবে বিশ্বের কয়েকটি দেশে এই অস্ত্র ব্যবসা বেশি জমজমাট। এক দশকের মধ্যে সর্বোচ্চ সামরিক ব্যয়ের রেকর্ড গড়েছে বিশ্ব। যুদ্ধ ও সংঘাতের কারণে ২০২৩ সালে এ খাতে রেকর্ড পরিমাণ অর্থ খরচ হয়েছে। বছরটিতে বৈশ্বিক সামরিক ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৩০০ কোটি ডলার। গত সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। যুক্তরাষ্ট্র খরচ করেছে ৯১ হাজার ৬০০ কোটি ডলার, যা বৈশ্বিক মোট ব্যয়ের ৩৭ শতাংশ। তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে আছে-চীন, রাশিয়া, ভারত ও সৌদি আরবের। শীর্ষ ১০-এ থাকা অন্য দেশগুলো হচ্ছে যুক্তরাজ্য, জার্মানি, ইউক্রেন, ফ্রান্স ও জাপান। ২০২২ সালের তুলনায় গত বছর বিশ্বব্যাপী এ খাতে ব্যয় বৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৮ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে বিশ্বের সব অঞ্চলেই সামরিক ব্যয় বেড়েছে। বিশেষ করে ইউরোপ, এশিয়া, ওশেনিয়া ও মধ্যপ্রাচ্যে এ প্রবণতা বেশি দেখা গেছে। ২০২৩ সালে ন্যাটো জোটভুক্ত ৩১টি দেশের সামরিক ব্যয়ের পরিমাণ ছিল ১ হাজার ৩৪১ বিলিয়ন ডলার, যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৫৫ শতাংশ ছিল বৈশ্বিক সামরিক ব্যয়ে দ্বিতীয় অবস্থানে থাকা চীন গত বছর এ খাতে ২৯ হাজার ৬০০ কোটি ডলার খরচ করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে একটা বিষয় পরিষ্কার যে অস্ত্র ক্ষমতা সমৃদ্ধ হলেই ক্ষমতাধর দেশের থেকে নিজেকে নিরাপদ রাখা সম্ভব। আর এই বাজারে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। উন্নত বিশ্ব যুদ্ধের ডামাডোলে অস্ত্র ব্যবসায় ফুলে ফেঁপে উঠেছে। আবার ইসরাইলের ফিলিস্তিন ভূখণ্ডে সামরিক অভিযানেও প্রচুর অস্ত্র দরকার হচ্ছে। মোট কথা যুদ্ধে ফলাফল নির্ণায়ক হলো অস্ত্র। আর অস্ত্র মানেই বিপুল ব্যবসা। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে যুদ্ধও এক প্রকার ব্যবসায়িক সমীকরণ কি না। আসলে তাই। যুদ্ধ মানেই প্রচুর অস্ত্রের জোগান দিতে হবে। সুতরাং অস্ত্র কিনতে হবে। একদিকে ধ্বংস আবার অন্যদিকে ফুলে ফেঁপে ওঠা। আবার শক্তিমত্তার নির্ণায়কও এই অস্ত্র। এখানে একটি সমীকরণ লক্ষণীয় যে, যখন একটি পরাশক্তি দেশ তার সামরিক ব্যয় বৃদ্ধি করছে, তখন পার্শ্ববর্তী প্রতিযোগী দেশগুলোও বা সেই দেশ থেকে হুমকি রয়েছে এমন দেশগুলো তাদের সামরিক ব্যয় বৃদ্ধি করছে বা করতে বাধ্য হচ্ছে।
এই বিশ্ব চলছে অস্ত্রের দাপটে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পৃথিবীর রাজনীতি, অর্থনীতি এবং সমরনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেছে। জোট এবং জোটনীতিতেও নতুন চিন্তা-ভাবনা যোগ হচ্ছে। সেই সাথে বর্তমান পৃথিবীর শক্তিমত্তার অন্যতম নির্ধারক অস্ত্র সমৃদ্ধকরণেও গতি সঞ্চার করেছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে এখন ইউক্রেনের সবচেয়ে বেশি দরকার অস্ত্র। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইউক্রেনকে অস্ত্র দিয়েছে। আজ নিজেদের রক্ষা করতে প্রয়োজন ব্যাপক শক্তি অর্থাৎ অস্ত্র ক্ষমতা। যার যত আধুনিক অস্ত্র রয়েছে বা প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তার শক্তিমত্তা তত বেশি বলেই বর্তমান বিশ্বে স্বীকৃত। আধুনিক বিশ্ব নিজেদের যতই সভ্য বলে দাবি করুক বস্তুত অসভ্য কাজগুলো এই মানুষই করছে। নিজেদের শক্তিমত্তা বৃদ্ধি করা, হুমকি থেকে নিজেকে মুক্ত রাখা এবং এ উদ্দেশ্যে সামরিক খাতে নতুন নতুন অস্ত্র যোগ করা এবং বিশ্ব প্রতিযোগিতায় নিজেকে উপযুক্ত করে গড়ে তোলা এখন প্রতিযোগিতামূলক বিশ্বের প্রবণতা। এখন বিশ্ব ঝুঁকছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের দিকে। এখন পর্যন্ত হাতে গোনা দুচারটি দেশ হাইপারসনিক অস্ত্র তৈরিতে সক্ষম হয়েছে। বাকিরা চেষ্টা করছে। সুতরাং এখন এটাই অন্যতম বড় নির্ধারক। ফলে ক্ষমতাধর দেশগুলোর মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পেতে তীব্র প্রতিযোগিতা চলছে।
সমরক্ষেত্র আধুনিকায়নে ব্যস্ত প্রতিটি দেশ। কেউ অস্ত্র তৈরি করছে আবার কেউ অস্ত্র কিনছে। অধ্যাধুনিক ক্ষেপণাস্ত্র যোগ হচ্ছে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযানের ফলে গোটা ইউরোপজুড়েই নতুন করে নিজেদের প্রতিরক্ষার বিষয়টি ভাবতে হচ্ছে। গত নভেম্বরে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রেক্ষাপটে পূর্ব ইউরোপের অস্ত্র ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে। এ অঞ্চলের কোনো কোনো দেশ অস্ত্র বিক্রিতে নতুন রেকর্ড করতে যাচ্ছে। যার সামনের সারিতে রয়েছে পোল্যান্ড। দেশটি আগামী এক দশকে অস্ত্র শিল্পখাতে বিনিয়োগ দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে। আবার চেক প্রজাতন্ত্র ১৯৮৯ সালের পর অস্ত্র রপ্তানি খাতে নতুন রেকর্ড গড়তে চলেছে এমন তথ্য পাওয়া যায়। ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে বিশ্বে অর্থ রপ্তানির হাত ৪ দশমিক ৬ শতাংশ কমে গিয়েছিল। কিন্তু ইউক্রেন সংকটের কারণে অনেক উন্নত দেশ অস্ত্রের আমদানি ও উন্নয়নে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের ঘোষণা দিয়েছে। আঞ্চলিক নিরাপত্তা এবং সীমান্ত ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের স্বার্থে সমরাস্ত্র আধুনিকায়নের প্রয়োজনীয়তা রয়েছে তবে এ ধরনের প্রতিযোগিতা বিশ্বজুড়েই যখন শুরু হয় তখন পৃথিবীর ভবিষ্যৎ অস্তিত্ব নিয়ে সংশয় থাকে। এক্ষেত্রে কোনো দেশই পিছিয়ে থাকতে চাইছে না। আর পিছিয়ে থাকার কোনো কারণই নেই। রাশিয়া- ইউক্রেন যুদ্ধেই প্রমাণিত যে অস্ত্র কতটা প্রয়োজনীয় এই সম্প্রসারণবাদ নীতিতে অগ্রসরমান পরশক্তির দিকে ধেয়ে চলা বিশ্বে। অবশ্য যুক্তরাষ্ট্র কয়েক বছর আগে থেকেই ইউক্রেনে অস্ত্র রপ্তানি করছে। প্রতিটি দেশেরই বহিঃশত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার অধিকার রয়েছে। সেই অধিকার থেকেই নিজেকে সুরক্ষার প্রচেষ্টা করে। যখন পৃথিবীর অস্তিত্ব নিয়েই প্রশ্ন ওঠে তখন কেবল নিজেকে রক্ষা করার জন্য বিপš§ুক্ত করার জন্য অত্যাধুনিক সব মারণাস্ত্র অর্থ ব্যয় করছি। এর থেকে অনেক বেশি জরুরি পৃথিবী বসবাসযোগ্য করা। অতি আশ্চর্যের বিষয় হলো যে, এই মুহূর্তে পৃথিবীতে সবচেেেয় বেশি দরকার হলো খাদ্য। কারণ পৃথিবীর আনাচে-কানাচে বিপুলসংখ্যক মানুষ খাদ্যের অভাবে রয়েছে। ফিলিস্তিনের মানুষের ঘাস খেয়ে বেঁচে থাকার করুণ খবরও আমরা জেনেছি। কিন্তু মানুষ মেতে রয়েছে অস্ত্র নিয়ে। কারণ অস্ত্র হলো ব্যবসা আর মানুষের জীবন হলো সেই ব্যবসার প্রধান মূলধন। জীবনকে জিম্মি করেই অস্ত্রের মহড়া চলছে। শক্তিমত্তা যাচাই হচ্ছে, শক্তিমত্তা পরীক্ষা হচ্ছে। মানুষের চেয়ে বুদ্ধিমান প্রাণী আর নেই কিন্তু এর চেয়ে বোকাও সম্ভবত আর নেই।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এসআরএস

