আমরা প্রায়ই পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলি। মনে রাখতে হবে পর্যাপ্ত পণ্য না থাকলে এর দাম বেড়ে যায়। চাহিদা-সরবরাহের মধ্যে ব্যবধান হয়। যখন অর্থনীতিতে অর্থের সরবরাহ বেশি হয়, কিন্তু আমরা যা চাই তা পাই না, তখন ডলারের বিপরীতে মুদ্রার ক্রয় ক্ষমতা কমে যায়। যখন কোনো কিছুর চাহিদা বেশি থাকে, তখন এর দাম বেশি হবে এটাই স্বাভাবিক। আন্তর্জাতিক বাজারে ডলারের চাহিদা বেশি থাকায় ডলারের দামও বাড়ছে। যেসব দেশের রপ্তানির তুলনায় আমদানির পরিমাণ বেশি, তারা রপ্তানি আয়ের চেয়ে আমদানি বাবদ বেশি খরচ করে। ডলারের দাম বেশি হলে আমদানি খরচও বেশি হয়।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এক ঘোষণায় ছোট ও মাঝারি ধরনের আমদানিকারদেরই এলসি পেমেন্টে অতিরিক্ত খরচ বেড়েছে কোটি টাকার ওপরে। বড় আমদানিকারকদের খরচ আরও বেশি হবে। এর ফলে ব্যবসা-বাণিজ্য ও মানুষের জীবনযাত্রায় ব্যয়ের বোঝা বাড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদ, ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা। কারণ ডলারের দাম এক লাফে ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ৬ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে। কারও কাছে থাকা ১ লাখ টাকার মান এখন ৯৩ হাজার ৬৪০ টাকায় নেমেছে। এর ফলে বিপাকে পড়তে পারেন আমদানিকারকরা। চলতি বছরের ২২ জানুয়ারি ক্রলিং পেগ পদ্ধতি বা একটি বিনিময় হার ব্যবস্থা চালুর কথা জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। কীভাবে এই পদ্ধতি চালু হবে, তা নিয়ে আইএমএফের শরণাপন্ন হয় বাংলাদেশ ব্যাংক। গত মার্চের মধ্যে এই পদ্ধতি চালু করার কথা বললেও মে মাসের দ্বিতীয় সপ্তাহে এসে কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত ঘোষণা দেন। কিন্তু বিনিময় হারকে বাজারভিত্তিক না করে ক্রলিং পেগ ঘোষণা করায় এটি কোনো কাজে আসবে না। এর ফলে ডলারের বাজার আরো অস্থির হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিশ্বব্যাপী ডলারের দাম বাড়ছে। বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রার দরপতন হচ্ছে। সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিনিই এমন সংবাদ আমাদের চোখে পড়ছে। এই তালিকায় অন্যান্য দেশের সঙ্গে আছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। ডলারের দাম বাড়লেই সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলে। ডলারের দাম বাড়ার আগে বা টাকার অবমূল্যায়নের আগে যে পরিমাণ উপার্জন করতেন এখনো মানুষ তাই করছেন। তারা চাইলেই আগের মতো একই পরিমাণ পণ্য বা পরিষেবা কিনতে পারবেন না। কারণ ডলারের দাম বাড়া মানে আমদানি পণ্যের দাম বৃদ্ধি পাওয়া। অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় আরও মরিয়া হয়ে উঠবে। এতে করে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। কিন্তু, আসলে কী তাই? ডলারের দাম বৃদ্ধি মানেই নিজস্ব মুদ্রার দাম কমে যাওয়া। এটি সাধারণ মানুষকে প্রভাবিত করে। দাম কি শুধুমাত্র ব্যক্তিগত গাড়ির মালিকদের জন্য জ্বালানি খরচ বাড়াচ্ছে? তা নয়। তেলের দাম বাড়লে শাক-সবজি, ভোজ্যতেল ও খাদ্যশস্যসহ প্রয়োজনীয় পণ্যের পরিবহন খরচও বেড়ে যায়। ফলে, সেসব পণ্যের দামও বাড়ে। এটি সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলে। এটি একটি দেশকে মূল্যস্ফীতির দিকে ঠেলে দেয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যায়। অপরিশোধিত তেলের জন্য অতিরিক্ত ডলার খরচ করতে হয় বলে অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমদানির সক্ষমতা কমতে থাকে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণের শর্ত হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বৈদেশিক মুদ্রার বিনিময় হার নমনীয় করার পরামর্শ দিয়ে আসছিল। ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের আগে আইএমএফ প্রতিনিধি দল বাংলাদেশে সফরে আসে এবং তাদের বেঁধে দেয়া শর্তগুলো পর্যালোচনা করে। এরফলে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সফররত মিশনটির সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের আগেই আইএমএফের চাহিদানুযায়ী নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি এবং সুদের হার পুরোপুরি বাজারভিত্তিক করতে স্মার্ট ফর্মুলা বাতিল করে সব ধরনের সুদহার বাজারের ওপর ছেড়ে দিয়ে পৃথক সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সেইসঙ্গে অন্তর্র্বর্তীকালীন সময়ের জন্য ডলারের বিনিময় হার নির্ধারণের নতুন পদ্ধতি ‘ক্রলিং পেগ’ চালু করে আরেকটি সার্কুলার জারি করা হয়। এতে প্রতি ডলারের মধ্যবর্তী দর নির্ধারণ করা হয় ১১৭ টাকা। আইএমএফের চাওয়া, বাংলাদেশ ব্যাংক যেন বিনিময় হার বাজারভিত্তিক করার পথে এগোয়। একসময় কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার দাম নির্ধারণ করে দিলেও বিগত মাসগুলোতে ব্যাংকভিত্তিক দুটো সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ডলারের দাম ঠিক করে আসছিল। সর্বশেষ তারা ডলারের আনুষ্ঠানিক দর ১১০ টাকায় নির্ধারণ করেছিল। এবার দুই সংগঠনের দিকে না তাকিয়ে কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম ১১৭ টাকা নির্ধারণ করে দেয়। ফলে ডলারের দাম নির্ধারণে বাফেদা বা এবিবির কার্যত আর কোনো ভূমিকা থাকবে না বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারের দাম নির্দিষ্ট একটি সীমার মধ্যে ওঠানামা করে। নতুন পদ্ধতিতে অর্থনীতির বিভিন্ন দিক বিবেচনা করে ডলারের দাম একটা সীমার মধ্যে বাড়বে বা কমবে। ফলে ডলারের দাম একবারে খুব বেশি বাড়তে পারবে না, আবার কমতেও পারবে না। বাংলাদেশ ব্যাংক উচ্চসীমা ও নিম্নসীমা নির্ধারণ না করে মধ্যবর্তী সীমা নির্ধারণ করে দিয়েছে। ব্যাংকগুলোকে ডলারের লেনদেনের ক্ষেত্রে এই দরের আশপাশে থাকতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেয়া দর অন্যান্য বেসরকারি ব্যাংক মানবে তো। নাকি তারা তাদের ইচ্ছেমতো ডলার কেনাবেচা করবে। প্রতিদিন কত দামে ডলার কেনাবেচা করছে, কেন্দ্রীয় ব্যাংককে সেটা জানিয়ে দিতে হবে।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ক্রলিং পেগের নামে ডলারের যে দাম ধরে রাখার ব্যবস্থা করেছে তার কারণে মূল্যস্ফীতি কতটা কমবে তা নিয়ে সন্দেহ রয়েছে। তিনি বলেন, এতদিন ডলারের দর ১১০ টাকা নির্ধারিত থাকলেও ব্যাংকগুলো ১২০-২৩ টাকায় ক্রয় করেছে। এজন্য দেশে ডলারের মজুত বেড়েছে। কিন্তু এখন যদি ১১৭-১৮ টাকায় এটিকে আটকিয়ে রাখা হয় তাহলে নিশ্চিতভাবেই ডলারের মজুতে টান পড়বে। অর্থাৎ কম দরে ডলার কিনতে শুরু করলে বৈধ পথে ডলার আসা কমে যাবে। ডলারের মজুতও কমে যাবে। এতে মূল্যস্ফীতি লাগামহীন হওয়ার পাশাপাশি ডলার বাজারে আবারও অস্থিরতা দেখা দিতে পারে। যা গণমাধ্যম সূত্রে জানা যায়। বেশ কয়েক মাস ধরেই ডলারের বাড়তি দামের কারণে খুচরা বাজারে বেড়েছে আমদানি করা নিত্যপণ্যের দাম। দেশে খাদ্যশস্য এবং অন্য পণ্য আমদানি করতে হয় পুরোপুরি যোগান মেটাতে। যে কারণে দেশের বাজারে পণ্যের দামে ডলারের সবচেয়ে বড় প্রভাব থাকে। বিশেষ করে চিনি, পাম তেল, সয়াবিন তেল, দুধ ও দুগ্ধজাত পণ্য, আদা, মরিচ, গম, চাল, মসুর ডাল, পেঁয়াজ, আদা, রসুন, তেলবীজ রয়েছে শীর্ষ খাদ্যসামগ্রী আমদানির মধ্যে।
এছাড়া সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, পরিবহনসহ খাদ্যবহির্ভূত খাতেও খরচ বাড়বে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়ানো হয়েছে। এতে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ ধার করতে বাড়তি সুদ গুনতে হবে। এমনিতেই ব্যাংক খাত তারল্য সংকটে আছে। তাই পলিসি রেট বাড়ার কারণে ঋণের সুদের হার বাড়লেই ঋণ কমে যাবে এমনটা ভাবার কারণ নেই। যারা ঋণ নেবে, তারা নেবেই এবং বেশি সুদের কারণে খেলাপি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। স্মার্ট পদ্ধতির পরে এখন সুদের হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেয়া হলো। এভাবে সিদ্ধান্তগুলো দ্রুততার সঙ্গে নিলে ব্যবসা-বাণিজ্য সমন্বয় করা কঠিন হয়ে পড়বে বলে ব্যবসায়ীদের অভিমত। এখন সুদের হার আরও বাড়বে। এত সুদে ঋণ নিয়ে ব্যবসা করে ঋণের টাকা ফেরত দেয়াও কঠিন হবে। ঋণ যথাসময়ে ফেরত দিতে না পারলে খেলাপি ঋণ বাড়বে। অন্যদিকে সুদহার বাড়লে উৎপাদন খরচ বাড়বে। আর উৎপাদন খরচ বাড়লে পণ্যমূল্য বাড়াটাই স্বাভাবিক। এর প্রভাব পড়বে জীবনযাত্রার ওপর। মানুষের অর্থনৈতিক সংকট বাড়বে। এর থেকে পরিত্রাণের পথ বের না করলে জনসংকট ভয়াবহ রূপ নিতে পারে। তাই বিকল্প পথ বের করা জরুরি।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এসআরএস

