প্রতি অর্থবছরের বাজেট পেশ করা হয়ে থাকে জাতীয় সংসদে। বাজেট ঘোষণার আগে থেকে সরকারের পক্ষ থেকে বলা হয়- এটা হবে মানুষের জীবন রক্ষার বাজেট, এটা হবে মানুষের জীবিকা রক্ষার বাজেট, এটা হবে জনগণের কল্যাণের বাজেট। আবার বাজেট নিয়ে জনগণেরও ভাবনা থাকে- বাজেট নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ? বাজেট থেকে তাদের কী প্রত্যাশা? আসলেই কি জনবান্ধব বাজেট কিনা? বাজেট কি জনগণের কল্যাণে কাজে আসে? বাজেট দিয়ে কি হবে ইত্যাদি। এমন নানা প্রশ্ন জাগে মানুষের মাঝে। কিন্তু প্রান্তিক জনগোষ্ঠি অর্থাৎ উপকূল নিয়ে কেউ ভাবছে না, বলছেও না।
যদি কাউকে প্রশ্ন করা হয় বাজেট কি? বাজেট দিয়ে কি হয়? উত্তরে অধিকাংশ মানুষের কাছ থেকে প্রশ্ন আসবে বাজেট বুঝিনা, সরকার বাজেট দেয় তা শুনি। নিজেরা আয় করি, ব্যয় করি ইত্যাদি। দেশের কিছু সংখ্যক মানুষের মাঝে বাজেট ভাবনা থাকলেও অধিকাংশ মানুষের মাঝে বাজেট ভাবনাই নেই। যার সংখ্যা বেশি উপকূলে। আর বেশি সংখ্যক মানুষই জানে না বাজেটের বিষয়। যদি তাদের মতো করে খুব সহজ করে বলি বাজেট কি তাহলে বলতে হয় একটি পরিবারে এক বছরের সম্ভাব্য সব আয়-ব্যয়ের বিস্তারিত তথ্য।
বাজেট কী? ‘বাজেট’ কথাটির সঙ্গে কম-বেশি আমরা সবাই পরিচিত। কিন্তু বাজেট কী বা কত প্রকার, সেটা সম্পর্কে আমরা অনেকেই খুব বেশি জানি না। এক কথায় বললে, বাজেট হচ্ছে একটি দেশের এক বছরের সম্ভাব্য সব আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব-নিকাশের বিবরণী। একটি নির্দিষ্ট সময়কালের জন্য সরকারের সম্ভাব্য ব্যয় এবং রাজস্বসহ অন্যান্য আয়ের একটি পূর্বাভাসও বলা যায় একে। কোনো নির্দিষ্ট আর্থিক বছরে সরকার বিভিন্ন উৎস থেকে কতটুকু আয় প্রাপ্তির আশা করে এবং বিভিন্ন খাতে কী পরিমাণ ব্যয় করতে চায়, তার সুবিন্যস্ত হিসাবকে সরকারি বাজেট বলে। বাংলাদেশ সরকারের একটি বাজেটের সময়কাল হচ্ছে এক অর্থবছর, যা ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত ধরা হয়। মূলত সরকারের এ নির্দিষ্ট সময়ে দেশের আর্থিক পরিকল্পনার সুষ্ঠু প্রতিফলন থাকে বাজেটে।
বাংলাদেশের সংবিধানে ‘বাজেট’ শব্দটি নেই, এ নিয়ে বিতর্ক থাকলেও বাজেট শব্দটি ব্যবহারের পরিবর্তে সমরূপ শব্দ ‘বার্ষিক আর্থিক বিবরণী’ ব্যবহার করা হয়েছে। বাজেট হলো সরকারি অর্থব্যবস্থার মূল চালিকাশক্তি। বাজেটে যেমন সরকারের রাজনৈতিক দর্শনের প্রতিফলন ঘটে, তেমনি দেশের অর্থনীতির চিত্র ফুটে ওঠে। বাজেটে শুধু সরকারি সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাবই থাকে না; বরং আয়-ব্যয়ের সুনির্দিষ্ট পরিকল্পনাও এর অন্তর্ভুক্ত থাকে। যেমন- আয়ের চেয়ে ব্যয় বেশি হলে কীভাবে ঘাটতি পূরণ হবে এবং ব্যয়ের চেয়ে আয় বেশি হলে সে উদ্বৃত্ত অর্থ দিয়ে কী করা হবে ইত্যাদি বিষয়ও বাজেটে লিপিবদ্ধ থাকে। বাংলাদেশে সরকার বাজেট প্রণয়ন করে জাতীয় সংসদে উপস্থাপন করে। পরে জাতীয় সংসদে তা অনুমোদন নিতে হয় এবং চূড়ান্তভাবে রাষ্ট্রপতির সম্মতি নিয়ে সরকারের নির্ধারিত আয়-ব্যয় ও তার পদ্ধতি কার্যকর হয়।
আর কয়েকদিন পরই জাতীয় বাজেট। জাতীয় বাজেট নিয়ে অনেক কথাইতো হলো, কিন্তু উপকুল তথা প্রান্তিক জনগোষ্ঠীর বাজেট নিয়ে কেউ ভাবছেন? বা ইতোপূর্বে কখনো ভাবতে দেখেছেন? কিছুসংখ্যক বেসরকারি উন্নয়ন সংস্থা এবং কিছুসংখ্যক লেখকদের ভাষায় প্রান্তিকের বাজেট ভাবনা উঠে আসে। কিন্তু আসলেই কি উপকূল জনগোষ্ঠীর জন্য বাজেটে বরাদ্দ রাখা হয় কি না; এমন প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে অন্যতম রয়েছে মৎস্য খাত, এ খাত থেকে প্রতি বছর কোটি কোটি টাকা সরকার রাজস্ব নিয়ে থাকে। এছাড়াও উপকূলে গোলপাতা, মধুসহ নানা খাত রয়েছে। মৎস্যসহ নানা খাতে অসংখ্য শ্রমিক কাজ করছেন।
উপকূলীয় অঞ্চলনীতি ২০০৫ অনুযায়ী বঙ্গোপসাগর বরাবর উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য ৭১০ কিঃ মিঃ। সংকট ও সম্ভাবনাময় এলাকা হিসেবে পরিচিত বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। এখানে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বেশি। এছাড়া প্রাকৃতিক ও মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সৃষ্ট দুর্যোগসমূহ যেমন নদী ভাঙ্গন, ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক, জলাবদ্ধতা, ভূমিকম্প, পানি ও মাটিতে লবণাক্ততা, নানা রকমের দূষণ, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ইত্যাদির সম্মিলিত প্রভাবের ফলে উপকূলীয় অঞ্চলের জীবন ও জীবিকার ধারা যেমন বাধাগ্রস্ত হয়েছে তেমনি এ অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের গতিও হয়েছে মন্থর।
দারিদ্র্য হ্রাসের ক্ষেত্রে এই অঞ্চলের সুনির্দিষ্ট উন্নয়ন সম্ভাবনা আছে যা বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অর্থবহ অবদান রাখতে পারে। উপকূলীয় মাছ ও চিংড়ি, বন, লবণ এবং খনিজদ্রব্যসহ বৈচিত্র্যময় প্রাকৃতিক সম্পদের সমাহার এই অঞ্চলে বিদ্যমান। এখানে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, সমুদ্রবন্দর, বিমানবন্দর, স্থলবন্দর এবং পর্যটন ও অন্যান্য শিল্পের যথেষ্ট সুযোগ রয়েছে। এছাড়া বেলাভূমি ও সমুদ্রবক্ষে প্রাকৃতিক গ্যাস আহরণের সম্ভাবনাও বিশাল। এসব সম্পদের অনেক কিছুই এখন পর্যন্ত অনাহরিত এবং এগুলোর অনেক অংশ ব্যবহারের সুযোগ ও সম্প্রসারণ করার অবকাশ রয়েছে।
এ ছাড়াও উপকূলে মূল্যবান ও গুরুত্বপূর্ণ সংরক্ষণযোগ্য কিছু প্রতিবেশ বা ইকোসিস্টেম আছে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ প্রতিবেশ সুন্দরবনের অংশবিশেষকে ‘বিশ্ব ঐতিহ্য স্থান’ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। অন্যদিকে সেন্টমার্টিন দ্বীপে রয়েছে প্রবাল প্রতিবেশ। উপকূলীয় অঞ্চল শুধু জীববৈচিত্র্যের এক বিশাল আধারই নয় বরং এই এলাকা একটি সার্বজনীন সম্পদের পরিবেশগত ভিত্তি। এই সম্পদের এক বিরাট অংশ হলো বঙ্গোপসাগরের রকমারি মৎস্য ভান্ডার। ক্রমবর্ধমান জনসংখ্যা, সীমিত সম্পদ নিয়ে প্রতিযোগিতা, প্রকৃতি ও মানুষের বৈরিতার কারণে সৃষ্ট বিপর্যয়, অর্থনৈতিক সুযোগের অপ্রতুলতা, গুরুত্বপূর্ণ পরিবেশগত আধার ইত্যাদি কারণে সমন্বিত উপকূলীয় ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।
এই উপলব্ধি থেকেই সরকারের বিভিন্ন নীতিমালা, কৌশল (দারিদ্র্য হ্রাসের জাতীয় কৌশলসহ) এবং বিভিন্ন পরিকল্পনায় উপকূলীয় অঞ্চলের উন্নয়নের বিষয়গুলো বারংবার উপস্থাপিত হয়েছে।
উপকূলীয় অঞ্চল নীতির ৫.২ এ বলা হয়েছে কৌশলগত পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন, যেমন- দারিদ্র্য হ্রাস, অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক উন্নয়নের জন্যে একটি উপকূলীয় উন্নয়ন কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা, কিন্তু জাতীয় বাজেটে আলাদা আলাদা কি পরিমাণ এবং কোন কোন খাতে বরাদ্দ দেয়া হচ্ছে এটিও কিন্তু জনগণ জানছে না, অথচ জনগণের জন্যই এ বাজেট। আসন্ন বাজেটে উপকূলীয় জেলেদের অধিকার নিয়ে, নদী, জলাভূমি, পানিসম্পদ খাতে বরাদ্দ আরও বেড়েছে। একই সঙ্গে উপকূলের খাদ্য উৎপাদন, বেড়িবাঁধ রক্ষা, লবণাক্ততা দূরীকরণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রভৃতি খাতেও দিতে হবে বিশেষ মনোযোগ। কিন্তু মনে রাখতে হবে, উন্নয়ন টেকসই রাখতে হলে পরিবেশ-প্রতিবেশ সুরক্ষায়ও মনোযোগ বৃদ্ধির বিকল্প নেই। এও ভুলে গেলে চলবে না বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কথা। আর বাংলাদেশে প্রকৃতি মানেই বহুলাংশে পানি-প্রকৃতি।
বাংলাদেশের বিগত ৫৩ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, বাংলাদেশের বাজেট হলো মূলত একটা দাপ্তরিক কাজ। অর্থনীতিবিদ ও একটা মন্ত্রণালয়ের ব্যাপার মাত্র। বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে তারা এগুলো করেন। এখানে রাজনৈতিক দল, সুশীল সমাজের অংশগ্রহণের খুব বেশি সুযোগ নেই। প্রত্যেকবার বাজেটের সময় এলে বিভিন্ন আলোচনা হয়, কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুতেই কিছু হয় না। সেজন্য আমার প্রস্তাব হলো আমরা শুধু বাজেটের সময় এ আলোচনা অব্যাহত রাখব না, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় বাজেট উপকূল নিয়ে কি পরিমাণ বরাদ্দ রাখছে সেটি দেখার বিষয়। স্থানীয় পর্যায় থেকে সরকার কর আদায় করছে কিন্তু সে অনুযায়ী উন্নয়ন হচ্ছে বলে মনে হচ্ছে না।
পরিশেষে বলতে চাই- একটি সংসার পরিচালনার ক্ষেত্রে যেমন দক্ষ ব্যক্তি এবং অর্থের প্রয়োজন, ঠিক তেমনি একটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও অর্থের প্রয়োজন। আর সেই অর্থ ব্যয় যদি হয় পরিকল্পিত, যথাযথ তাহলে সেটি হবে প্রশংসনীয় এবং টেকসই। ১৯টি জেলা নিয়ে উপকূলীয় অঞ্চল, এ অঞ্চলের মানুষ সব সময়েই অবহেলিত; উপকূলীয় অঞ্চলের জন্য শুধু বাজেটের মধ্যেই সীমাবদ্ধ থাকলেই হবে না, এসির মধ্যে থেকে নীতিমালা, আইন, বাজেট না করে এ বাজেট তৃণমূলে সময়োপযোগী পরিকল্পনা নিয়ে প্রকল্প তৈরি করে ব্যয় করা এবং সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদি টেকসই নীতি, উপকূল উন্নয়ন বোর্ড এবং উপকূল মন্ত্রণালয় গঠন এখন সময়ের দাবি মাত্র।
লেখক: সাংবাদিক, কলামিস্ট ও গবেষক
মানবকণ্ঠ/আরএইচটি

