শিল্পকারখানার রাসায়নিক পদার্থ, ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা ও গৃহস্থালির আবর্জনাসহ প্রায় সব ধরনের বর্জ্য ফেলায় দূষিত হচ্ছে বিভিন্ন নদীর পানি। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিনিয়ত নদী ভরাট করে ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করায় বাধাগ্রস্ত হচ্ছে নদীর প্রবাহ।
পরিবেশ অধিদপ্তর বলছে, প্রতিনিয়ত প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হয়। যদি কোনো শিল্প কারখানা ইটিপি ব্যবহার না করে ফ্যাক্টরির বর্জ্য সরাসরি নদীতে ফেলে পরিবেশ নষ্ট করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কিন্তু আসলে কোনোটাই হয় না। দেশের বিভিন্ন নদীর দুপাশেই গড়ে উঠেছে বহু শিল্প-কারখানাসহ অন্যান্য প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান থেকে অপরিশোধিত রাসায়নিক বর্জ্য ও দূষিত আবর্জনা প্রতিনিয়ত ফেলা হচ্ছে নদীতে। এতে দূষিত পানি স্থানীয়দের দৈনন্দিন ঘর-গৃহস্থালি কাজসহ কৃষি কাজেও ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। এ কারণে নদী প্রধান বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দূষণের কারণে অনেক নদীর পানি শরীরে লাগলে চর্মরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশি।
বাংলাদেশের বুকচিরে ছোট বড় প্রায় ৭শ’টির মতো নদ-নদী বয়ে গেছে। আবহমানকাল থেকে এ দেশের মানুষের জীবন-জীবিকা নদী পথের সাহায্যেই গড়ে উঠেছে। এসব নদী যাতায়াত ও পণ্য আনা-নেয়ার ক্ষেত্রে মানুষের জীবনকে সহজ ও গতিশীল করে তুলেছে। নদীমাতৃক এই বাংলাদেশ কৃষির ওপর নির্ভরশীল। আর এই নদ-নদীগুলো কৃষি কাজের সেচের একটি প্রধান উৎস হিসেবে কাজ করে। দেশে মানুষের মাছের চাহিদার একটা বিরাট অংশ এই নদীগুলো থেকে আসে।
বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমের ওপর এসব নদ-নদীর গুরুত্ব ও প্রভাব অপরিসীম। তারপরেও আমরা নদী ভরাট, কলকারখানার বর্জ্য, জাহাজের তেল, নগরের ময়লা আবর্জনা ইত্যাদি নদীতে ফেলে নদীকে দূষিত করছি।
নদী মানব সমাজের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নদী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পানির উৎস হিসেবে কাজ করে। আমরা নদী থেকে বিপুল পরিমাণ মিঠা পানি পেয়ে থাকি। ওই মিঠা পানিতে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়- যা আমাদের দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ করে। শুধু আমাদের দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করে এমন নয়। আমাদের দেশের নদীর মাছ বিদেশে রপ্তানি করা হয়। বিদেশে মাছ রপ্তানির মাধ্যমে আমাদের দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে।
আমাদের দেশের ৮০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কৃষি কাজ করেন। প্রবাহমান নদীগুলোর পানি আমাদের দেশের কৃষকরা সেচের পানি হিসেবে ব্যবহার করে। বিভিন্ন কারণে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক এলাকায় এখনো সেচ পাম্প স্থাপন সম্ভব হয়নি। ওই অঞ্চলের মানুষ নদী থেকে তাদের কৃষি জমিতে সেচ দিয়ে থাকে। বন্যার সময় নদী উপকূলীয় অঞ্চলে প্রচুর পলিমাটি জমে। পলিমাটি জমার কারণে ওই জায়গার মাটি অনেক উর্বর হয়ে থাকে। ওই উর্বর মাটিতে চাষ করা হলে বেশ বাম্পার ফলন পাওয়া যায়।
বাণিজ্যিক ও পরিবহন কাজেও নদীর গুরুত্ব অপরিসীম। নদী প্রাচীন কাল থেকেই একটি পরিবহন মাধ্যম হিসেবে কাজ করে এবং এখনো অনেক জায়গায় নদী যানবাহনের জনপ্রিয়তায় প্রসারিত রয়েছে।
নদী আমাদের এত প্রয়োজন হওয়া সত্ত্বেও আমরা মানুষ নদী রক্ষা না করে আরও নানাভাবে নদীকে দখল আর দূষণ করে ধ্বংস করছি। দখল-দূষণ থেকে নদীকে সুরক্ষা না করলে মানুষের জীবন বিপন্ন হবে। বাধাগ্রস্ত হবে কৃষিকাজ ও স্বাভাবিক জীবনযাপন।
মানবকণ্ঠ/এফআই

