আসছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট। সমগ্র দেশবাসীর দৃষ্টি এখন বাজেটের দিকে। বাজেট নিয়ে চারদিকে চলছে নানা আলাচনা। বাজেট প্রণয়ন এবং বাস্তবায়নের নিয়ে পর্যালোচনায় সরগরম সারাদেশ। দ্বাদশ নির্বাচনের পর এটাই প্রথম বাজেট। এই বাজেট কেমন হবে, সে বিষয়েই চলছে জল্পনা-কল্পনা। চলছে বাজেটপূর্ব আলোচনা।
উন্নয়ন যাতে সুষম হয় এবং ধনী-দরিদ্রের ব্যবধান না বাড়ে সেদিকে লক্ষ্য রেখে জনকল্যাণমুখী বাজেট প্রণয়ন করতে হবে। বাজেটে দরিদ্র মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর সুযোগ সৃষ্টি করতে হবে। ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার। এত বিরাট অঙ্কের বাজেট ঘোষণা করা হলেও সংশোধিত বাজেট ৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটিতে নামিয়ে আনা হয়।
বাজেট বলতে আয় ও ব্যয়ের সুবিন্যস্ত হিসাবকে বোঝায়। ব্যক্তি তার বিভিন্ন উৎস থেকে যে আয় পায় তা কীভাবে ব্যয় করে তা যদি সুশৃঙ্খলভাবে সাজানো হয়, তা হবে ব্যক্তিগত বাজেট। একইভাবে সরকারের কোনো নির্দিষ্ট আর্থিক বছরে বিভিন্ন উৎস থেকে কতটুকু আয় প্রাপ্তির আশা করে এবং বিভিন্ন খাতে কী পরিমাণ ব্যয় করতে চায়, তার সুবিন্যস্ত হিসাবকে সরকারি বাজেট বলে। বাংলাদেশে আর্থিক বছর হলো জুলাই থেকে জুন।
বাজেট হলো সরকারি অর্থব্যবস্থার মূল চালিকাশক্তি। বাজেটে যেমন সরকারের রাজনৈতিক দর্শনের প্রতিফলন ঘটে, তেমনি দেশের অর্থনীতির চিত্র ফুটে ওঠে। বাজেটে কেবল সরকারি সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাবই থাকে না বরং আয় ব্যয়ের সুনির্দিষ্ট পরিকল্পনাও এর অন্তর্ভুক্ত থাকে। যেমন- আয়ের চেয়ে ব্যয় বেশি হলে কীভাবে ঘাটতি পূরণ হবে এবং ব্যয়ের চেয়ে আয় বেশি হলে সে উদ্বৃত্ত অর্থ দিয়ে কী করা হবে ইত্যাদি বিষয়ও বাজেটে লিপিবদ্ধ থাকে।
বাংলাদেশে বাজেট প্রণয়ন করে জাতীয় সংসদে অনুমোদন নিতে হয় এবং রাষ্ট্রপতির সম্মতি নিয়ে সরকারের নির্ধারিত আয়-ব্যয় ও তার পদ্ধতি কার্যকর হয়। ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উল্লেখ করা হয়েছিল তা হলো- প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব ও আয়ের উৎস প্রতিবছর জনসমক্ষে প্রকাশ করা হবে। বিষয়টি দেশের সাধারণ মানুষকে আকৃষ্ট ও উদ্বুদ্ধ করেছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে, পরবর্তী সময়ে এ বিষয়ে আর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
গত ১০ বছরে ব্যবসা-বাণিজ্য, শিল্প, কৃষিসহ যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ডে বিনিয়োগের গতি কখনোই মন্থর হয়নি। বরং সরকার অবিশ্বাস্য মেগা প্রকল্প হাতে নিয়ে বেশ সাফল্যের সঙ্গেই সেগুলো একে একে সমাপ্তির পথে নিয়ে এসেছে। তবে এখানে দুর্বলতার দিকগুলোও এড়িয়ে যাওয়ার মতো নয়। তা হলো যথাসময়ে প্রকল্পগুলো বাস্তবায়ন না হওয়া।
সময়ের প্রেক্ষাপটে বাজেট একটি অর্থবছরকে ঘিরে আবর্তিত হলেও বাজেট অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে একসঙ্গে ধারণ করে অতীতের মূল্যায়ন, বর্তমানের অবস্থান এবং ভবিষ্যতের ভাবনাকে তুলে ধরে। সে কারণে বাজেট বিশেষ গুরুত্ব পায় অর্থনীতির গতি-প্রকৃতির পথ-পরিক্রমায়। জাতীয় সংসদে বাজেট প্রস্তাব যেন শুধু পাঠে সীমাবদ্ধ না থাকে, বরং সম্পদ কোত্থেকে আসছে, আর কোথায় কোন খাতে ব্যয় হয় সেটা দেখতে হবে।
ইতোমধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে প্রবেশ করার গৌরব অর্জন করেছে। আমাদের বাজেটকে পরিপূর্ণ গণমুখী করা খুব জরুরি। জোর দিতে হবে কর্মসংস্থানের ওপর। দেশে কর্মপ্রত্যাশী মানুষের সংখ্যা বেশি। কিন্তু মানুষগুলোকে উৎপাদনশীল খাতে নিয়ে আসার জন্য যে ধরনের শিক্ষাব্যবস্থা ও প্রশিক্ষণ দরকার, তা পর্যাপ্ত পরিমাণে নেই। সাধারণ শিক্ষার প্রসার হলেও শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছেই। ফলে শিক্ষাব্যবস্থাকে পুনর্বিন্যাস করে কীভাবে কর্মমুখী করা যায়, সে ব্যাপারে উদ্যোগ নিতে হবে। পাস করে, বড় ডিগ্রি নিয়েও চাকরি পাওয়া যাচ্ছে না। বাজারের চাহিদার সঙ্গে শিক্ষাব্যবস্থা সংগতিপূর্ণ না হওয়ায় দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলেছে।
দেশের অর্থনীতির প্রাণ কৃষি ও শিল্প। দেশের কৃষিক্ষেত্র অনেক এগিয়ে গেছে। এ খাতের উন্নয়নে আরও গবেষণা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন প্রয়োজন। চতুর্থ কৃষিবিপ্লব এবং চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। কাজেই এ দুটি খাতের উন্নয়নে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখতে হবে। করোনা ভাইরাস মহামারির প্রকোপ কাটিয়ে বাংলাদেশ যখন অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করছিল ঠিক তখনই শুরু হয় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। যার কঠিন প্রভাব পড়ে বাংলাদেশসহ সারা বিশ্বের অর্থনীতির উপর।
মূল্যস্ফীতির চাপে নিম্ন আয়ের মানুষ খুব কষ্টে আছে। তাই এ শ্রেণির মানুষকে স্বস্তি দিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানোর পাশাপাশি প্রচলিত ধারায় ব্যয় বাড়াতে হবে ওএমএস কার্যক্রমে। ২০২৪-২০২৫ বাজেট হোক জনকল্যাণমুখী এটাই প্রত্যাশা।
লেখক: শিক্ষক ও কলামিস্ট।
মানবকণ্ঠ/এফআই

