মানসিক স্বাস্থ্য প্রতিটা মানুষের জীবনে সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে, শিশুদের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য হলো তাদের মানসিক, আবেগীয়, আচরণ এবং সামাজিক মিথস্ক্রিয়া সম্পর্কিত সুস্থতা। একটি শিশু কীভাবে চিন্তা করে, অনুভব করে এবং কাজ করে তা প্রভাবিত করে মানসিক স্বাস্থ্য। শিশুরা কীভাবে চাপ মোকাবেলা করে, অন্যদের সাথে সম্পর্ক স্থাপন করে এবং কার্যকরী সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
একটি শিশুর বেড়ে ওঠার সাথে সাথে মানসিক ব্যাধির লক্ষণগুলো প্রতিফলিত হতে পারে এবং সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। লক্ষণগুলো প্রায়শই শৈশবকালে শুরু হয়, যদিও কিশোর বয়সে কিছু ব্যাধি দেখা দিতে পারে। রোগ নির্ণয় প্রায়ই স্কুল বছরে শুরু হয়, কখনও কখনও আগে নির্ণয় করা হয়। শিশুর শৈশবে প্রাথমিক কিছু মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্যে রয়েছে উদ্বেগ, বিষণ্নতা, আচরণগত সমস্যা এবং শিক্ষাগত সমস্যা। অনেক শিশুদের মধ্যে অতিরিক্ত উদ্বেগ বা চিন্তা দেখা দিতে পারে, মন খারাপ দীর্ঘস্থায়ী হতে পারে, কাজে আগ্রহ কমে যেতে পারে, অতিরিক্ত আক্রমণাত্মক বা অস্বাভাবিক আচরণ করতে পারে এবং পড়াশোনায় মনোযোগ বা আগ্রহ হারাতে পারে। সেন্টার ফর ডিজিজ কনট্রোল (ঈউঈ)-এর তথ্যমতে, শৈশবে নির্ণয়যোগ্য সাধারণ মানসিক ব্যাধিগুলোর মধ্যে রয়েছে, এটেনশন ডিফিসিট, এডিএইচডি, ?অ্যাংজাইটি এবং বিহেভিয়ার ডিসঅর্ডার। আরো আছেÑ লার্নিং এন্ড ডেভেলপমেন্টাল ডিসএবিলিটিস, অটিজম, পদার্থের ব্যবহার এবং স্ব-ক্ষতির মতো ঝুঁকিপূর্ণ আচরণ যা শিশুদের শেখা, আচরণ এবং তাদের আবেগগুলো পরিচালনা করতে প্রভাবিত করে। সিডিসির নতুন গবেষণা অনুসারে, যুক্তরাষ্ট্রে ২০২১ সালে, ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে ১৪.৯ শতাংশ মানসিক স্বাস্থ্যের জন্য চিকিৎসাসেবা নেয়, যার মধ্যে ৮.২ শতাংশ শিশুদের ওষুধে থাকতে হয়েছে এবং ১১.৫ শতাংশ শিশুরা মানসিক স্বাস্থ্য পেশাদারের কাছ থেকে পরামর্শ বা থেরাপি পেয়েছে।
বাংলাদেশে শিশুদের মধ্যে মানসিক স্বাস্থ্য সংকট একটি উল্লেখযোগ্য উদ্বেগের বিষয়। কেননা, প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্য, সামাজিক কুসংস্কার বা কলঙ্ক, চিকিৎসার অভাব, বর্তমান শিক্ষা পদ্ধতি ও প্রতিযোগিতা এবং উদ্বাস্তু সংকটের মতো কারণগুলো শিশুদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে। বাংলাদেশ মানসিক স্বাস্থ্য পরিষেবাগুলো অত্যন্ত সীমিত, খুব কম মনোরোগ বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী এবং অন্যান্য মানসিক স্বাস্থ্য পেশাদার দেখা মেলে যারা জনসংখ্যার চাহিদা পূরণের জন্য উপলব্ধ। এই ঘাটতি কেবল শিশুদের নয়, সামগ্রিক জনগণকে প্রভাবিত করে, কারণ মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো কার্যকরভাবে পরিচালনার জন্য প্রাথমিক হস্তক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাইহোক, শিশুদের মধ্যে মানসিক সংকট বা ব্যাধিগুলোকে গুরুত্বের সাথে দেখতে হবে। কারণ এগুলো শিশুদের শেখার ক্ষেত্রে, আচরণে এবং তাদের আবেগগুলো পরিচালনা করার পদ্ধতিতে গুরুতর পরিবর্তন ঘটায় যা একটি শিশুকে দিনভর কষ্টে রাখে এবং সমস্যা সৃষ্টি করে। সিডিসির মতে, যদি লক্ষণগুলো শিশুর মধ্যে গুরুতর এবং স্থায়ী হয় এবং স্কুল, বাড়িতে বা খেলার কার্যকলাপে হস্তক্ষেপ করে, তাহলে শিশুটির একটি মানসিক ব্যাধি রয়েছে বলে নির্ণয় করা যেতে পারে। মানসিক অসুস্থতা এবং মানসিক ব্যাধি-উভয় শব্দই মানসিক স্বাস্থ্যের সমস্যা নির্দেশ করতে ব্যবহƒত হয়, কিন্তু তাদের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। মানসিক অসুস্থতা হলো একটি চিকিৎসাগত অবস্থান, যা একজন ব্যক্তির চিন্তা, অনুভূতি এবং আচরণে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে এবং তাদের দৈনন্দিন কার্যক্রম, সামাজিক, কর্মক্ষেত্র বা পারিবারিক ক্রিয়াকলাপে বিঘ্ন ঘটায়। এটি একটি নির্দিষ্ট রোগের রূপ নিতে পারে, যা চিকিৎসা এবং পেশাদার সাহায্য প্রয়োজন। অন্যদিকে, মানসিক ব্যাধি একটি নির্দিষ্ট মেডিকেল বা ক্লিনিকাল শর্ত, যা নির্দিষ্ট উপসর্গ এবং আচরণগত প্যাটার্নের মাধ্যমে সংজ্ঞায়িত হয়। এটি একটি নির্দিষ্ট শ্রেণিবদ্ধ মানসিক স্বাস্থ্য সমস্যা, যা চিকিৎসা এবং মনস্তাত্ত্বিক চিকিৎসার মাধ্যমে নির্ণয় এবং পরিচালিত হয়।
শিশুকালে মানসিকভাবে সুস্থ থাকা মানে শিশুর উন্নয়নমূলক এবং মানসিক মাইলফলক পৌঁছানোর সম্ভাবনা এবং স্বাস্থ্যকর সামাজিক দক্ষতা শেখার পাশাপাশি সমস্যা মোকাবিলা করতে শেখা। শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য মানসিক স্বাস্থ্যের সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা শিশুকালে মানসিকভাবে সুস্থ শিশুরা বাড়িতে, স্কুলে, বন্ধু মহলে এবং তাদের সম্প্রদায়ে ভালোভাবে কাজ করার সম্ভাবনা রাখে বেশি।
একটি শিশুর সুস্থ বিকাশ নির্ভর করে তার পিতামাতা বা পরিচর্যাকারীর উপর যারা শিশুটিকে আস্থা, বিশ্বাস, নিরাপত্তা ও যত্ন দিয়ে স্বাধীন ও সুস্থ-সফল জীবনযাপনে সহায়তা করে। পিতামাতা এবং শিশুদের মানসিক স্বাস্থ্য একাধিক উপায়ে সংযুক্ত। সিডিসির তথ্যমতে, যেসব বাবা-মায়ের মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা রয়েছে, তাদের শিশুদের মধ্যেও এই সমস্যা দেখা দেয়ার সম্ভাবনা বেশি।
একটি শিশুর মানসিক স্বাস্থ্যের যত্নে পিতা মাতার ভূমিকা অপরিসীম। মানসিক সুস্থতার জন্য শিশু এবং কিশোরদের পরিবারের সাথে সুন্দর দৃঢ় সম্পর্ক থাকা গুরুত্বপূর্ণ। পিতা-মাতার সাথেই তারা অনেক সময় ব্যয় করে এবং জানে যে যখন তাদের সাহায্যের প্রয়োজন হবে, তখন তারা বাবা-মা’কে কাছে পাবে। তাই শিশু সন্তানদের সাথে বিশ্বাস গড়ে তুলতে পর্যাপ্ত সময় দিতে হবে, কথা বলতে হবে। একসাথে খাওয়া, গল্প করা, স্কুল থেকে ফিরলে ভালো মন্দ জানতে চাওয়া, তাদেরকে ভালো বোধ করাবে। শিশুদের আত্মবিশ্বাস ও আত্মসম্মান বিকাশে বাবা-মা’কে সহায়ক হতে হবে যেন তারা ভালোবোধ করে। তাদের প্রতি ভালোবাসা জানান দেয়া, মতামত গ্রহণ করা, তাদের প্রচেষ্টার পাশাপাশি তারা যা অর্জন করে তা স্বীকৃতি দেয়া, তারা যখন ভালো কাজ করে তার প্রশংসা করা, তাদের কার্যকলাপ এবং আগ্রহ সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করা, তাদের বাস্তবসম্মত লক্ষ্য সেট করতে সাহায্য করা-এগুলো হতে পারে শিশুদের আত্মসম্মান ও আত্মবিশ্বাস গঠনের উৎস।
বাচ্চাদের কথা শুনতে হবে, তাদের অনুভূতিকে সম্মান করতে হবে। বাচ্চারা কখনো মেজাজ দেখাবে, দুঃখ প্রকাশ করবে, হতাশ হবে। তাদের অনুভূতি সম্পর্কে বুঝতে হবে, তাদেরকে অনুভূতি প্রকাশ করতে দিতে হবে। কথা বলে, প্রশ্ন জিজ্ঞাসা করে সমস্যাটা বের করতে হবে। খাবারের সময় বা রেস্টুরেন্টে-পার্কে নিয়ে গিয়ে কথা বলা-এ সময় কার্যকরী হতে পারে। আপনার সন্তান যদি আপনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ না করে তার সাথে কথা বলার জন্য পরিবারের অন্য কাউকে খুঁজে পেতে সাহায্য করুন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হলো পরিবারে একটি নিরাপদ, ইতিবাচক পরিবেশ তৈরি করা। আপনার সন্তানের মিডিয়া ব্যবহার এবং স্ক্রিনে সময় ব্যয় করা সম্পর্কে সচেতন থাকুন। সোশ্যাল মিডিয়া এবং অনলাইন গেমগুলোতে তারা কার সাথে ইন্টারঅ্যাক্ট করছে সে সম্পর্কে সচেতন থাকুন। আপনার সন্তানদের সামনে পারিবারিক সমস্যাগুলো, যেমন আর্থিক অনটন, দাম্পত্ত কলহ, বৈবাহিক সমস্যা বা অসুস্থতা নিয়ে আলোচনা করার বিষয়ে সতর্ক থাকুন। শিশুরা এসব নিতে পারে না, বরং চিন্তিত ও উদ্বিগ্ন হয়। তাদের জন্য শারীরিক কার্যকলাপ যেমন- খেলা এবং পারিবারিক বিভিন্ন কার্যকলাপের জন্য সময় দিন।
শিশুদের মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসকের কাছে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন-আচরণগত পরিবর্তন অতিরিক্ত রাগ, ক্রোধ, আক্রমণাত্মকতা বা অন্যান্য অস্বাভাবিক আচরণ, স্কুলে বা বাড়িতে নিয়মিত শৃঙ্খলা ভঙ্গ করা। মানসিক অবস্থা পরিবর্তন যেমন- দীর্ঘ সময় ধরে মন খারাপ করে থাকা, বিষণ্ন থাকা, অতিরিক্ত উদ্বেগ বা আতঙ্ক দেখা দেয়া।
শারীরিক লক্ষণ: যেমন- নিদ্রাহীনতা বা অতিরিক্ত ঘুমানো, খাওয়ার অভ্যাসের পরিবর্তন, অতিরিক্ত খাওয়া বা খেতে না চাওয়া। সামাজিক বিচ্ছিন্নতা: যেমন- বন্ধু-বান্ধব বা পরিবারের সাথে কম মেলামেশা করা, কাজ বা খেলাধুলা থেকে আগ্রহ হারিয়ে ফেলা। সেই লক্ষণগুলো মাস বা দীর্ঘ সময় ধরে চলতে থাকলে সেটা শিশুর দৈনন্দিন জীবনে বিরূপ প্রভাব ফেলবে বেং শিশুদের স্কুলের পারফরম্যান্স, সামাজিক মেলামেশা, বা পরিবারের সাথে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। তাই এমন সময়ে লক্ষণগুলোর সঠিক মূল্যায়ন পেতে, সঠিক চিকিৎসেবা পেতে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। শিশুর স্কুল বা শিক্ষকের সাথে আলোচনা করে সহায়ক হতে পারে।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এসআরএস

