একটি সমাজ বা দেশের শিক্ষা ব্যবস্থা তার সামগ্রিক জীবনযাত্রা প্রণালি ও আদর্শের প্রতিচ্ছবি। যে সমাজের শিক্ষা ব্যবস্থা যত উন্নত সে সমাজ ক্রমেই তত উন্নত হয়ে উঠে। অন্যভাবে বলা যায়, যে সমাজ যত উন্নত তার শিক্ষাব্যবস্থাও তত উন্নত। ব্যক্তি বা সমাজের প্রয়োজন বা চাহিদা অনুসারে শিক্ষার লক্ষ্য, শিক্ষা-ব্যবস্থা বা কাঠামো ও মান নির্ণীত হয়। লক্ষ্য বা উদ্দেশ্যহীনভাবে কোনো শিক্ষাব্যবস্থা টিকে থাকে না যাকে পালহীন বা হালহীন নৌকার মতো বলা যায়। জীবন ও চাহিদার নিরিখেই শিক্ষার লক্ষ্য-উদ্দেশ্য নির্ধারিত হয়, আবার নূতন নূতন চাহিদার প্রেক্ষিতে তা পরিবর্তিত হয়। এসব বিবেচনায়ই একটি দেশের শিক্ষানীতি, শিক্ষাদর্শন ও শিক্ষাব্যবস্থা রচিত হয়। শিক্ষার যে কোনো শাখা বা বিষয়ের উৎপত্তি বা আদি ইতিহাস জানতে আমরা প্রাচীন গ্রিস ও রোমের জ্ঞান বা দর্শনের দ্বারস্থ হই। শিক্ষা দর্শনের ক্ষেত্রে সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটলের মতো প্রাচীন গ্রীসের সফিস্টদের মতবাদ উল্লেখযোগ্য। তাঁরা মানুষের বিকাশ ও উন্নতিকে শিক্ষার প্রধান লক্ষ্য হিসেবে গণ্য করেছিলেন। সক্রেটিস এবং তাঁর শিষ্য প্লেটোর দর্শণে ব্যক্তি স্বাধীনতার উপর গুরুত্ব দিয়েছেন। তবে প্লেটোর মূল লক্ষ্য ছিল এমন কিছু ব্যক্তি সৃষ্টি করা যারা রাষ্ট্র ও নাগরিকের কল্যাণ সাধন ও ন্যায় বিচার বিধানে ব্রতী হবেন। এরিস্টটলীয় শিক্ষার লক্ষ্য ছিল ব্যক্তি তথা নাগরিককে তার প্রজ্ঞা ও মেধা অনুশীলনের মাধ্যমে বিবেকবান ও বিচারবুদ্ধিসম্পন্ন করে তোলা। ওদিকে যুদ্ধপ্রিয় ও কর্মনিপুণ রোমানদের শিক্ষার মূল লক্ষ্য ছিল রাষ্ট্রের প্রতি অনুগত ও নৈতিক গুণসম্পন্ন নাগরিক সৃষ্টি করা। একইভাবে মধ্যযুগে ইউরোপের শিক্ষাক্ষেত্রে খ্রিস্ট ধর্মের নীতি ও আদর্শ সঞ্চালনের প্রয়োজনে চার্চের মাধ্যমে শিক্ষাদান পরিচালিত হতো। একইভাবে প্রাচীন ও মধ্যযুগে হিন্দু শিক্ষা ব্যবস্থার প্রধান ধারা ছিল ধর্মের রীতি-প্রথা ও আচার-অনুষ্ঠান এবং বর্ণ বিভাজন ভিত্তিক। মুসলিম সমাজে শিক্ষাধারা প্রভাবিত ছিল আবুরূশদ, ইবনে ফারাবী, ইবনে সিনা, ইমাম গাজ্জালী, শেখ শাদী, জালালুদ্দিন রুমী, ইবনে খালদুন প্রমুখ দার্শনিক প্রভাবিত এবং আধ্যাত্মিক। কোরান ও হাদিসের আলোকে ইসলামে জীবনব্যপী শিক্ষার উপর গুরুত্ব দেয়া হয়েছে। ক্রমে মধ্যযুগ পেরিয়ে ইউরোপে রেনেসাঁসের মাধ্যমে শিক্ষাব্যবস্থা আধুনিক রূপ লাভ করে। শিক্ষা ব্যবস্থা এখন আন্তজার্তিক সংশ্লিষ্টতা ও উচ্চতায় আসীন। একইভাবে বাংলাদেশের শিক্ষাব্যবস্থারও ঐতিহাসিক পটভূমি রয়েছে। আমাদের শিক্ষাব্যবস্থার আধুনিক ভিত্তি রচিত হয় ঔপনিবেশিক অর্থাৎ ব্রিটিশ শাসনামলে। ঔপনিবেশিক দর্শনই ছিল তৎকালীন শিক্ষানীতি এবং শিক্ষাক্রমে। এরপর পাকিস্তান আমলে জাতীয় শিক্ষানীতি ও দর্শন ছিল তৎকালীন রাজনৈতিক পেক্ষাপটে বৈষম্যমূলক। তাই আইয়ুব খানের হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরূদ্ধে পূর্ব পাকিস্তানের বাঙালিরা আন্দোলন করে প্রত্যাখ্যান করে। বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭৩ সালে কুদরতে খোদা শিক্ষা কমিশন গঠিত হয় ও তা পর্যায়ক্রমে বাস্তবায়িত হয়। এই কমিশনের প্রস্তাবিত পাঠক্রম নির্ণীত হয়েছিল বাংলাদেশের সংবিধানের মূল চারনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার আলোকে। এছাড়াও কিছু সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য ছিল এই কমিশন রিপোর্টে। বিভিন্ন পরিবর্তন ও সংশোধনের মাধ্যমে পরবর্তীতে বেশ কয়েকটি শিক্ষা কমিশন ও শিক্ষা সংস্কার কমিটি গঠিত হয়েছে। ১৯৮৮ সালে অধ্যাপক মফিজউদ্দিনের নেতৃত্বে জাতীয় শিক্ষা কমিশন, ২০০০ সালে প্রাক্তন উপচার্য অধ্যাপক আজিজুল হকের নেতৃত্বে জাতীয় শিক্ষা প্রণয়ন কমিটি এবং সর্বশেষ ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মনিরুজ্জামান মিঞার নেতৃত্বে শিক্ষা কমিশন গঠিত হয়। উপরোক্ত কমিশন ও কমিটিগুলো সংবিধানের আলোকে দেশের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ঐতিহ্য, আদর্শ ও দর্শনের ভিত্তিতে শিক্ষার নীতি, লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে। বাংলাদেশে ১১ ধরনের মোট প্রায় ১ লাখ ১৪ হাজার ৫৪০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যার মোট ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় দুই কোটি। এসব বিদ্যালয় পরিচালনা করার জন্য রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নিম্নে স্তরগুলো দেখানো হলো : সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, আনরেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়, পিটি আই সংলগ্ন প্রাথমিক (পরীক্ষণ) বিদ্যালয়, এবতেদায়ি মাদ্রাসা, উচ্চ মাদ্রাসা সংলগ্ন প্রাথমিক (এবতেদায়ি) বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল (ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন কেজি স্কুলসহ), স্যাটেলাইট বিদ্যালয় (প্রথম ও দ্বিতীয় শ্রেণি পর্যন্ত দুর্গম এলাকায়) এবং এনজিও পরিচালিত প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে বাংলাদেশে সাত বছর মেয়াদি মাধ্যমিক শিক্ষা প্রচলিত আছে- উচ্চ মাধ্যমিক স্তর : ১১শ ও ১২শ শ্রেণি, মাধ্যমিক স্তরঃ ৯ম ও ১০ম শ্রেণি এবং নিম্ন মাধ্যমিক স্তর ঃ ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি। তবে নিম্ন মাধ্যমিক স্তরকে পুনরায় পূর্বের কমিশন ও কমিটির সুপারিশ অনুযায়ী প্রাথমিক স্তরের অন্তর্ভুক্ত করা হচ্ছে। গত ৫ মে ২০২৪ শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে এই প্রস্তাব গৃহীত হয়। মূলত গত ২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে এই সঙ্গে ৯ম থেকে ১২তম শ্রেণি পর্যন্ত মাধ্যমিক স্তর করার প্রস্তাব ছিল। সেই অনুযায়ী আগামীতে শুধু দু’টি স্তর থাকবেঃ একটি প্রাথমিক (৮ম শ্রেণি পর্যন্ত) এবং অপরটি মাধ্যমিক (১২শ শ্রেণি) পর্যন্ত। বর্তমানে দেশের প্রায় ৪০০০ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে ৭ লক্ষ শিক্ষার্থী, ৩৩২টি সরকারি ও ১৩,০০০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মোট প্রায় ৭২ লাখ শিক্ষার্থী রয়েছে এবং সরকারি-বেসরকারি ও ডিগ্রি কলেজভুক্ত উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় ১৪ লক্ষ শিক্ষার্থী অধ্যয়ন করছে। ৯টি শিক্ষা শিক্ষা বোর্ড, একটি কারিগরি বোর্ড এবং একটি মাদ্রাসা বোর্ডের নিয়ন্ত্রণ ও তত্বাবধানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পরিচালনা ও ফল প্রকাশের ব্যবস্থা রয়েছে।
এছাড়া প্রাথমিক থেকে মাস্টার্স পর্যন্ত মাদ্রাসা শিক্ষার জন্য রয়েছে বিভিন্ন স্তরের প্রতিষ্ঠান। ইবতেদায়ি স্তরে (প্রাথমিক) প্রায় সাড়ে ১৮ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে প্রায় ১৪ লক্ষ শিক্ষার্থী, দাখিল মাদ্রাসায় (মাধ্যমিক) প্রায় সাড়ে ৯ হাজার মাদ্রাসায় রয়েছে প্রায় সোয়া ১১ লক্ষ শিক্ষার্থী, প্রায় ১২শত আলিম মাদ্রাসায় (উচ্চ মাধ্যমিক) পড়ে ১১ হাজারেরও বেশী শিক্ষার্থী, ফাজিল মাদ্রাসায় (স্নাতক) প্রায় ১২০০ প্রতিষ্ঠানে প্রায় সাড়ে ৩ লক্ষ শিক্ষার্থী এবং ১৮৫টি কামিল মাদ্রাসায় অধ্যয়ণ করছে প্রায় ৯০ হাজার ছাত্র-ছাত্রী। এছাড়া রয়েছে বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিবন্দীদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা। এরপর রয়েছে উচ্চ শিক্ষাস্তর যা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশে ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ৫৩ প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় দেড় হাজার বিশ্ববিদ্যালয় কলেজ এবং বাংলাদেশ উš§ক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এস এস সি থেকে মাস্টার্স পর্যন্ত প্রায় সাড়ে ৪ লক্ষ শিক্ষার্থী অধ্যয়ণ করে।
আধুনিক বিশ্বের উন্নত দেশগুলো যুগোপযোগী ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জ্ঞান-বিজ্ঞানের সব ক্ষেত্রে উৎকর্ষ সাধন করে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, ব্যবসা-বানিজ্য প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করে চলছে। বাংলাদেশ এ লক্ষ্যে শিক্ষার কাঠামো, পরিচালনা ও গুনগত মান উন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একটি স্বতন্ত্র শিক্ষা বিষয় বা ডিসিপ্লিন বা বিভাগ হিসেবে শিক্ষা বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রাখার প্রয়াস চালাচ্ছে। শিক্ষার সামগ্রিক রূপরেখা হিসেবে শিক্ষাক্রম (ঈধৎৎরপঁষঁস) প্রপঞ্চটি জাতীয় পর্যায়ে উন্নীত হয় এবং শিক্ষা সামগ্রিক উন্নয়নে জাতীয় শিক্ষাক্রম প্রণীত হয়। মূলতঃ শিক্ষা ও শিক্ষাব্যবস্থার সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু বা মেরুদণ্ড হলো শিক্ষাক্রম। কুদরতে খোদা শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ১৯৭৫ সালে প্রফেসর শামস-উল হককে চেয়ারম্যান করে “জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়ন কমিটি গঠিত হয়। কমিটি শিক্ষাক্রমের উদ্দেশ্য ও নীতিমালা নির্ধারণ করে। এরপর ১৯৭৬, ১৯৯১, ১৯৯৫ এবং ২০০২ সালে জাতীয় শিক্ষাক্রম পরিবর্তিত, পরিমার্জিত ও নবায়ন করা হয়। এরপর ২০১১ সালে একটি শিক্ষা আইনের উদ্যোগ নেয়া হয় যা কার্যকর হয়নি।
বিশ্বপরিস্থিতি ও জ্ঞান-বিজ্ঞানের উন্নতির সাথে তাল মিলিয়ে শিক্ষাকেও আধুনিকিকরণ করা প্রয়োজন যা উন্নয়নের পূর্বশর্ত। সেভাবে দেশের শিক্ষানীতি শিক্ষাদর্শনের সংগে সামঞ্জস্য রেখে প্রণীত হবে। এর উপর ভিত্তি করেই প্রণীত হবে জাতীয় শিক্ষাক্রম যার বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি প্রয়োজন যেমন, অবকাঠামো, শিক্ষা সামগ্রী ও উপকরণ, শিক্ষা কার্যক্রম ও প্রশিক্ষণ এবং সর্বোপরি মনিটরিং বা তদারকি। বাংলাদেশে লাগামহীনভাবে পরিচালিত হচ্ছে বিভিন্ন বেসরকারি ও এনজিও কর্তৃক শিক্ষা কার্যক্রম। এছাড়া রয়েছে বিভিন্ন ধারার মাদ্রাসা শিক্ষা ও মিশনারি এবং ইংরেজি মাধ্যমে শিক্ষা। বিভিন্ন লক্ষ্য বা মিশন নিয়ে এসব ব্যবস্থা প্রচলিত। ফলে শিক্ষার মূল দর্শন এবং নীতির বাস্তবায়ন হচ্ছে না বলেই চাহিদামত দক্ষ জনশক্তি গড়ে উঠছেনা। ইংরেজী মাধ্যমের শিক্ষা গ্রহণ শিক্ষার্থীরা বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে আর দেশে ফিরে আসতে চায় না। আবার দেশীয় শিক্ষার বিভিন্নমুখী দুর্বলতার কারনে দেশের উন্নয়নে কাজে আসছে না। ফলে বিদেশিরা আমাদের গুরুত্বপূর্ণ এবং কারিগরি পদে চাকরি করে বৈদেশিক মুদ্রা নিয়ে যায়। বর্তমান জাতীয় শিক্ষাক্রম দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, গবেষণা ও সুচিন্তিত অভিমতের ভিত্তিতে বিজ্ঞ ও অভিজ্ঞ শিক্ষাবিদ এবং সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ কর্তৃক প্রণীত। এতে কোন সন্দেহ নেই যে দেশ ও সমাজের সামগ্রিক প্রয়োজন ও চাহিদা অনুযায়ী নূতন শিক্ষাক্রমের রূপরেখা তৈরি করা হয়েছে। শিক্ষাকে সহজ ও আনন্দঘন পরিবেশে পরিচালনা করা এবং বাস্তবমুখী ও কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের ওপর জোর দেয়া নিঃসন্দেহে যুগান্তকারী পদক্ষেপ। ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সরকারি পাঠক্রম ও শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনার কথা ঘোষণা করেন, বিশেষ করে, মুখস্থনির্ভরতা কমানোর জন্য। সুচারুরূপে বাস্তবায়িত হলে নূতন শিক্ষাক্রম দেশ ও জাতির জন্য সুফল বয়ে আনবে। কিন্তু কিছু বাস্তব সমস্যার কারণে বা যথাযথ প্রস্ততি সম্পন্ন না করে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে না তুলে, প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ও প্রশিক্ষণ সমাপ্ত না করে কাক্সিক্ষত সুফল আশা করা যায় না। এই শিক্ষাক্রম বাস্তবায়নে যারা কাণ্ডারি বা মধ্যমণি অর্থাৎ শিক্ষককুল যাদের যোগ্যতা ভিত্তিতে নির্বাচন, প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান ও সর্বোপরি তাদের আর্থিক সচ্ছলতা অর্থাৎ বেতন-ভাতা কাঠামো আকর্ষণীয় করা না হলে এই উদ্যোগ সফল হবে না। শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করাও এইসংগে প্রাসঙ্গিক। দুর্বল ও অযোগ্য শিক্ষক দ্বারা শ্রেণি মূল্যায়ন কতটুকু যথাযথ হবে সে বিষয়ে সন্দেহ রয়েছে। এছাড়া, দুর্নীতিপরায়ণ বা নীতিহীন শিক্ষক ও কর্তৃপক্ষের কাছ থেকে সুবিচার আশা করা যায় না। তাই শিক্ষকের মান বৃদ্ধি জরুরি প্রয়োজন।
লেখক: অধ্যক্ষ ও কলামিস্ট
মানবকণ্ঠ/এসআরএস

